‘টেলিভিশন আরেক জীবনে’
বাংলাদেশ টেলিভিশনের ৪৭তম জন্মদিন ছিল গতকাল রোববার। ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল। তৎকালীন ঢাকার গুলিস্তান এলাকার ডিআইটি (বর্তমান রাজউক) থেকে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে পাকিস্তান টেলিভিশন করপোরেশন যাত্রা শুরু করে। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশন করপোরেশন এবং ’৭২ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন হিসেবে কার্যক্রম চালু হয়। এ দিনটি স্মরণীয় করে রাখতে গণমাধ্যম-ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের স্মৃতিগ্রন্থ টেলিভিশন আরেক জীবনে প্রকাশিত হয়েছে গতকাল। বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে।গতকাল দুপুরে রূপসী বাংলা হোটেলে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিটিভির শুরু থেকে বর্তমান পর্যন্ত ও স্যাটেলাইট টিভি যুগের তারকারা সমবেত হয়েছিলেন রূপসী বাংলার বলরুমে। মাহফুজুর রহমান তাঁকে উৎসর্গীকৃত বইটি গ্রহণ করেন এবং মোড়ক উন্মোচন করেন। এ সময় মঞ্চে ছিলেন বইটির লেখক ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ।প্রকাশনা অনুষ্ঠানে টেলিভিশন আরেক জীবনে বইটি সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী মুস্তাফা মনোয়ার, মোস্তফা কামাল সৈয়দ, সাংবাদিক এবিএম মূসা, প্রকাশক মাসুম রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদুর রেজা প্রবাল ও ফারজানা ব্রাউনিয়া। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।