‘টেস্ট না খেলার চিন্তা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালের জুলাইয়ে। জাতীয় লিগে সর্বশেষ ম্যাচ ২০১০ সালে। টেস্টে এখনই ফেরার ইচ্ছা না থাকলেও মাশরাফি বিন মুর্তজাকে আবার বল হাতে দেখা যেতে পারে এবারের জাতীয় লিগেই জাতীয় লিগে একটা ম্যাচ খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। আসলেই কি তাই?মাশরাফি বিন মুর্তজা: হ্যাঁ, একটা ম্যাচ খেলার কথা হচ্ছে। যেহেতু এর মধ্যে কোনো ম্যাচ নেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে মাঠে থাকার অভ্যাসটা ফেরানো জরুরি। তবে ফিজিওর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে নির্বাচকেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপনি তাহলে নিজেই উপলব্ধি করছেন খেলাটা জরুরি...মাশরাফি: আসলে চার দিনের ম্যাচ খেলার জন্যই যে খেলব, তা না। আমি হয়তো ১০-১২ ওভারই বল করব। আপাতত কোনো এক দিনের ম্যাচ নেই বলেই সমস্যাটা হয়েছে। চার দিনের ম্যাচ খেললে অন্তত অভ্যাসটা থাকবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তবে ম্যাচ প্র্যাকটিস আরও বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলেননি। কাল (আজ) থেকে শুরু দ্বিতীয় রাউন্ডেও খেলবেন না। তো কী করছেন এখন?মাশরাফি: এত দিন নিজে নিজে জিম-রানিং করেছি। আজ (কাল) থেকে ফিজিওর সঙ্গে শুরু করলাম। ভালোই চলছে সবকিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে চেয়ার থেকে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। এখন কী অবস্থা?মাশরাফি: ব্যাটিংয়ে যাওয়ার আগে ডাগ-আউটে আমি-সাকিবসহ আরও তিন-চারজন বেঞ্চ ভেঙে পড়ে যাই। বাঁ হাঁটুতে ব্যথা পেয়েছিলাম। ঢাকায় এসে পরীক্ষা করিয়েছি। বিপজ্জনক কিছু না। তবে জায়গাটা ফুলে গিয়েছিল, ব্যথাও ছিল। এখন সব কমে গেছে। আশা করি, ঠিক হয়ে যাবে। টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে কী ভাবছেন? তিন বছর তো হয়ে গেল...মাশরাফি: আমার টেস্ট না খেলার কোনো চিন্তা নেই। খেলব। তবে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যতটুকু শক্তি বা ফিটনেস দরকার, টেস্টে দরকার তার দ্বিগুণ। দেড়-দুই দিনে ৩০-৩৫ ওভার বল করতে হয়। আমার সে রকম ফিটনেস এখনো ফিরে আসেনি। যত বেশি স্ট্রেংথ আর ফিটনেস ট্রেনিং করব, তত এটা বাড়বে। টানা তিন-চার মাসের বিরতি পেলে সেটা করা যেত। সেই সুযোগ পাচ্ছি না। সে জন্য সাহসও করছি না। তবে আমার ইচ্ছা আছে টেস্টে ফেরার। কবে ফিরতে চান? কোনো লক্ষ্য কি স্থির করেছেন?মাশরাফি: ইচ্ছা আছে, আগামী বছর জাতীয় লিগ দিয়ে শুরু করার। তবে তার আগে আমাকে অনেক কিছু ঠিক করতে হবে। টেস্ট খেলা মানে মাঠে নেমে বল করে আসা নয়। এখানে টানা অনেক ওভার বল করতে হয়, ফিটনেসের ব্যাপার আছে। আমি চেষ্টা করব। বাকিটা নির্বাচকেরা বিবেচনা করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলও প্রায় এক বছর টেস্ট খেলবে। বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে টেস্টে ফেরা?মাশরাফি: আমার মনে হয় ইদানীংকালের মধ্যে আমরা যত সিরিজ খেলেছি, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হবে এটা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বলে নয়, টেস্টেও ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। টেস্টে কামব্যাক করার সুযোগ থাকে।