চুয়াত্তরের বিশ্বকাপ ট্রফি উঠেছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের হাতে, তবে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ইয়োহান ক্রুইফ। আর ২০০২-এ ’৯৮ বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলেছিলেন রোনালদো। ১৯৭৪ ও ২০০২ বিশ্বকাপের স্মৃতিচারণা করেছেন ক্রুইফ ও রোনালদোশুরুতেই হল্যান্ড-তারকা ইয়োহান ক্রুইফ এমন একটা ঝলক দেখালেন যে সবাই মেনেই নিয়েছিল, সামনের দিনগুলো হল্যান্ডেরই হতে চলেছে। সুইডেনের বিপক্ষে হল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচটিতে সুইডিশ ফুলব্যাক ইয়ান ওলসেনকে দুর্দান্ত টার্নে পরাজিত করেছিলেন ক্রুইফ। ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে যাওয়া এই টার্নের কারণেই এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ডান পায়ে ক্রস করার ভান করে বলটিকে পেছনে টেনে নিয়েছিলেন ক্রুইফ, এরপর ১৮০ ডিগ্রি ঘুরে ছিটকে ফেলেছিলেন মার্কার ওলসেনকে। এই ক্রুইফ টার্ন কেড়ে নিয়েছিল বিশ্বজোড়া দর্শকদের মন। এর সঙ্গে ছিল হল্যান্ডের গর্বের ‘টোটাল ফুটবল’। ডাচদের চপল আর ফ্রি-মুভিং টোটাল ফুটবল বিমোহিত করেছিল ফুটবল বিশ্বকে। আর হল্যান্ডের এই দ্যুতিময় ফুটবলের প্রাণভোমরা হয়েছিলেন ক্রুইফ। টুর্নামেন্টে হল্যান্ড যে ১৫টি গোল করেছিল, এর সব কটিতেই ছোঁয়া ছিল ডাচ কিংবদন্তির। কোনো গোলের সূচনায় ছিলেন তিনি, অথবা ছিলেন উপসংহারে। তবে বাস্তবতা হচ্ছে, মিউনিখে ফাইনালে জার্মানির কাছে হেরে গেছে হল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়নি ক্রুইফের হল্যান্ডের, তবে চুয়াত্তরের হল্যান্ড দলের পেছনে একটা তকমা ঠিকই জুড়ে গেছে—বিশ্বকাপ জিততে না পারা সেরা দল। হল্যান্ড বিশ্বকাপ না জিতলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ক্রুইফ। ক্রুইফের জবানিতেআমাদের সেই দলটিকে এখনো সবাই খুব সমীহ করে দেখে আমি মুগ্ধ। চুয়াত্তরের বিশ্বকাপ ডাচ ফুটবলকে বিখ্যাত করেছে। কিন্তু আমরা হেরে গেছি! আসলে ফাইনালে হেরে যাওয়াটা কি খুব খারাপ? হেরে বিখ্যাত হওয়ার ক্ষেত্রে আমরাই সেরা। এই যে ৩০ বছর পরও আপনিও একই প্রশ্ন করছেন। জয়টাই সব নয়, বড় ব্যাপার হচ্ছে আপনি কীরকম ফুটবল খেললেন। আপনি যদি ১০টি ম্যাচ জিতে ১১তমটি হারেন, তাহলে কী এসে যায়। আমি যে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা আমাকে যন্ত্রণা দেয় না। একটা বড় অর্জন তো হয়েছেই আমাদের। আপনার চিন্তাভাবনা, চরিত্র—সবকিছু মিলিয়েই টোটাল ফুটবল। পার্থক্যটা হচ্ছে, যা আপনি পা দিয়ে করেন সেটা আসলে মাথা দিয়ে করতে হবে। ওই সময়ের হল্যান্ড দলে আয়াক্সের খেলোয়াড় বেশি ছিল। আমরা খুব দ্রুত পজিশন পরিবর্তন করে ফেলতে পারতাম, আর এটাই টোটাল ফুটবল—এক নম্বর ডিফেন্ডারও সেন্টার ফরোয়ার্ড, আমি যেটা ছিলাম।আমাদের মানসিকতাই বদলে গিয়েছিল। আমরা মনে করতাম, সবকিছুই করতে পারি। ফুটবল হচ্ছে সম্ভাব্য সেরা আক্রমণাত্মক খেলা। আমি সবসময়ই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করি এবং এই ধারণা থেকে আমাকে কেউ টলাতে পারবে না।কোচ রাইনাস মিশেলের নেতৃত্বগুণের ভক্ত আমি। তিনি নিজে কী চান এবং আমাদের কাছে কী চাইতেন, এ ব্যাপারে সবসময়ই পরিষ্কার ছিলেন। একজন খেলোয়াড় বা কোচ হিসেবে তাঁর চেয়ে বেশি আমাকে আর কেউ শেখাতে পারেনি। তিনি হল্যান্ডকে এমনভাবে মানচিত্রে স্থাপন করেছেন যে প্রায় সবাই এর থেকে সুবিধা নিচ্ছে। তাঁর এবং আমার সমন্বয়ে হয়তো ফলই প্রথমে আসবে, কিন্তু মানটাই এক নম্বরে। তবে জয়টাই সব নয়।ইয়োহান ক্রুইফর বিশ্বকাপ স্মৃতিচারণা ওয়ার্ল্ড সকার থেকে ভাষান্তর করেছেন রুবেল আবিদ