‘ট্যাকা দিলে সুরকারি সাহায্যুর কার্ড দিব’
‘মেম্বাররা ট্যাকা চায়। ট্যাকা দিলে সুরকারি সাহায্যুর কার্ড দিব। নইলে আমাগো মতো গরিবের স্থান হবিন্যা। মেম্বাররা ট্যাকা ছাড়া কিছু বুঝে না। আমার চোখের পানি তার দয়া হয়নি।’ এভাবেই মনের কষ্টের কথা জানান মুক্তিযোদ্ধা আজিজার রহমান। একই ভাগ্য ৮৬ বছরের আরেক বৃদ্ধ আবুল হোসেন সরকারের। দুজনই বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের বাসিন্দা। অনেক চেষ্টার পর ১০ জানুয়ারি দুপুরে ভ্যান আর লাঠি নিয়ে তারা উপজেলার স্যারদের কাছে দুঃখের কথা জানাতে এসেছিলেন। কিন্তু ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাপ্তরিক কাজে বগুড়ায় থাকায় তাঁরা তাঁর দেখা পাননি। ৭৫ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধা আজিজার রহমান বলেন, ‘দেশের জন্য যুদ্ধ করেছি। দেশকে শত্রুমুক্ত করতে ৭ নম্বর সেক্টর কমান্ডের তত্ত্বাবধানে তিন মাসের ট্রেনিং নিয়েছি। আজ দেশ শত্রুমুক্ত হয়েছে।’ কিন্তু তাঁর মতো গরিবের খোঁজ কেউ রাখেনি। ’ তিনি আরও জানান, মাত্র একটি সরকারি সাহায্যের কার্ডের জন্য অনেকবার স্থানীয় মেম্বার আবদুল্লাহর কাছে ধরনা দিয়েছেন। কিন্তু তাঁরা কার্ড দেননি বরং তাঁদের কাছ থেকে দুই-তিন হাজার টাকা দাবি করেছেন। এ অবস্থায় সাহায্যের জন্য তিনি স্বামীকে নিয়ে স্যারদের কাছে এসেছেন।উপজেলার খামারকান্দি ইউনিয়নের সদস্য আবদুল্লাহ তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুদিন আগ পর্যন্তও আবুল হোসেন সরকার সুস্থ ছিলেন। বর্তমানে অসুস্থ। তাঁকে প্রতিবন্ধী-ভাতা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বয়স্ক-ভাতার সুযোগ এলে তখন বিষয়টি ভেবে দেখা হবে।