ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে হলেন বাস্কেটবল খেলোয়াড়। প্রচার, আর্থিক সুবিধা কিছুই পান না। এ নিয়ে আক্ষেপ আছে সিটিসেল জাতীয় বাস্কেটবলে সেরা খেলোয়াড় আতাউর রহমানের। কাল ফাইনাল শেষে সেসব নিয়েই বললেন সেনাবাহিনীর এই খেলোয়াড় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখল দর্শকেরা...আতাউর রহমান: হ্যাঁ। বেশ উত্তেজনা ছিল এই ম্যাচে। এমনিতেই সেনাবাহিনী ও নৌবাহিনীর খেলায় সব সময়ই প্রতিদ্বন্দ্বিতার আমেজ থাকে। আজও (কাল) ছিল। আপনারা চ্যাম্পিয়ন হতে পারলেন না। নিশ্চয়ই খারাপ লাগছে...আতাউর: চ্যাম্পিয়ন হতে পারিনি বলে সত্যি খুব খারাপ লাগছে। কী আর করা, খেলায় তো হার-জিত থাকেই। তবে টুর্নামেন্ট-সেরা হয়েছি বলে আমার কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। এই ট্রফিটা আমার কাছে বিশেষ কিছু। কেন বিশেষ কিছু?আতাউর: এর আগে আন্তবাহিনীর খেলায় দু-একবার সেরা হয়েছি। কিন্তু জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো পুরস্কার পেলাম। তাই এটা আমার কাছে অন্য রকমই বলতে পারেন। ট্রফিটা তো দেখলাম আপনার হাত থেকে পড়ে ভেঙে গেছে...আতাউর: অর্থ পুরস্কার তো নেই-ই, দেওয়া হয় একটা ট্রফি। মন্ত্রী স্যারের সামনে হাত থেকে পড়ে সেই ট্রফিটাও ভেঙে গেল। তখন ফটো সাংবাদিক ভাইয়েরা ছবি তুলছিলেন। আমার খুব খারাপ লাগছিল। লাখ লাখ টাকা বাজেটের খেলা হচ্ছে। অথচ ট্রফি পেলাম মাত্র দেড় শ টাকার। দুঃখ লাগছে এসব ভেবে। এসব তো আপনাদের জন্য নতুন নয়। এত খেলা থাকতে বাস্কেটবলে এলেন কেন?আতাউর: সেনাবাহিনীতে যোগ দিয়েছি ২০০৩ সালের ১৭ জুলাই। ভর্তি হওয়ার সময় বাস্কেটবলে যোগ দিই। যেহেতু আমার উচ্চতা অনেক বেশি (৬ ফুট সাড়ে চার ইঞ্চি)। সেনাবাহিনী থেকে স্যাররা আমাকে বাস্কেটবল খেলার জন্য নির্বাচন করলেন। এরপর নিয়মিতই খেলছি। আপনাদের তো চাকরিই বাস্কেটবল খেলা। বিশেষ কারও খেলা ভালো লাগে?আতাউর: হ্যাঁ, বাস্কেটবল খেলা ছাড়া আর কিছু করতে হয় না। খেলি, খেলা দেখি, অনুশীলন করি—এভাবেই সময় কাটে। নৌবাহিনীর রাশেদ খানের খেলা ভালো লাগে। দেশের বাইরে যুক্তরাষ্ট্রের কোবি ব্রায়ান্টের খেলা দেখি। বাংলাদেশে একসময় নিয়মিত বাস্কেটবল খেলা হতো। এখন হয় না। নিশ্চয়ই খুব খারাপ লাগে আপনাদের?আতাউর: তা আর কী বলব। জেলা শহরে এখন খুব কমই বাস্কেটবল চর্চা হচ্ছে। জাতীয় দল গড়তে সেনাবাহিনী, নৌবাহিনীই ভরসা। এই খেলার জনপ্রিয়তা নেই বলেই সারা দেশে চর্চা হচ্ছে না। অবকাঠামোগত অসুবিধাও বড় কারণ। তবে আমরা আন্তবাহিনী, স্বাধীনতা কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলছি। সারা বছরই অনুশীলনের মধ্যে থাকি আমরা। বাস্কেটবল খেলে আপনাদের অর্জন কী?আতাউর: জাতীয় দলের হয়ে খেলি, এটাই বড় পাওয়া। এর বেশি কিছুই পাই না। ক্রিকেট, ফুটবলের মতো এখানেও স্পনসর এলে আমরা হয়তো কিছু আর্থিক সুবিধা পেতাম। এই আর্থিক সমস্যাই বাস্কেটবলের পথচলায় সবচেয়ে বড় বাধা।