‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এ তারুণ্যের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেই কনসার্টের আয়োজক এবং এতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের সবাইকে সম্মান জানাতে আজ শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে প্রথম আলো আয়োজন করে ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের। দেশ টিভি ও এবিসি রেডিওর সহযোগিতা নিয়ে আয়োজিত আজকের এ অভূতপূর্ব কনসার্টে ছিল তারুণ্যের ঢল আর দেশমাতৃকার জয়গানে ভরপুর। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সেই কনসার্ট ফর বাংলাদেশ কনসার্টের নয়টি গান পরিবেশন করেন রবীন্দ্রসরোবরে অংশ নেওয়া শিল্পীরা। আনিসুল হকের তথ্যসমৃদ্ধ প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে এই কনসার্টের শুরু হয়। রবীন্দ্রসংগীত শিল্পী-সংগঠক রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’র পরিবেশনায় সম্মিলিত জাতীয় সংগীত আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনে নেমে আসে অন্য রকম আবহ। সমবেত কণ্ঠে কণ্ঠ মেলান উপস্থিত কয়েক হাজার দর্শক-শ্রোতা। এরপর এ আয়োজন নিয়ে কথা বলতে মঞ্চে আসেন মূল আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক কনসার্ট প্রেক্ষাপট তুলে ধরেন সবার সামনে। তিনি বলেন, কনসার্টটির আয়োজক-শিল্পীদের সম্মান জানানোর প্রত্যয় নিয়ে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। যে আয়োজনের ধারাবাহিকতা থাকবে ভবিষ্যতেও। বক্তব্য শেষে কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা শব্দটি কি করে আমরা পেলাম’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন অভিনেতা-আবৃত্তিকার-রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর। এরপর ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক কনসার্ট নিয়ে প্রজেক্টরে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র। রবীন্দ্রসরোবরের এই ভিন্ন আবহের কনসার্টে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু, শাহেদ, সুমন, বুনো, ওয়ার্দা, শারমীন রমা, চঞ্চল মাহমুদ, পাণ্ডু, ব্লুমবার্গ, রুমন, পান্থ, জীবন, শুভ, রনি, রাজা প্রমুখ। আর শিল্পীরা একে একে পরিবেশন করেছেন জোয়ান বায়েজের ‘সং অব বাংলাদেশ’। জর্জ হ্যারিসনের ‘সামথিং’, ‘হোয়াইল মাই গিটার’ এবং ‘মাই সুইট লর্ড’। মিক জ্যাগার ও কিথ রিচার্ডসের ‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’। বব ডিল্যানের ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’ এবং ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ’ পরিবেশনার মধ্য দিয়ে। গানগুলো ইংরেজিতে পরিবেশনের পাশাপাশি বাংলাতেও রূপান্তর করে পরিবেশন করেন শিল্পীরা। যাঁদের প্রত্যেকের গানে উপস্থিত হাজারও দর্শক জেগেছে যেন নতুন করে দেশের তরে। মনোমুগ্ধকর টানা আড়াই ঘণ্টার এই কনসার্টের সংগীত পরিচালনায় ছিলেন রেনেসাঁ ব্যান্ডের প্রাক্তন সদস্য, সিনিয়র মিউজিশিয়ান ফয়সাল সিদ্দিকী বগি। রবীন্দ্রসরোবর থেকে এই কনসার্ট সরাসরি সম্প্রচার করেছে দেশ টিভি, এবিসি রেডিও এবং প্রথম আলো অনলাইন।