‘ট্র্যাকের মানুষকে ট্র্যাকেই মানায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস তিনেক আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান। সেরে না ওঠায় গত পরশু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের সাবেক দ্রুততম মানব মাসুদুল করিম। ট্র্যাকে আর ফেরা হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। কাল ফোনে জানালেন নিজের সর্বশেষ অবস্থা এখন কেমন আছেন?মাসুদুল করিম: হাসপাতালে ভর্তি হয়েছি, কেমন আর থাকব! ভালো লাগছে না কিছুই। চিকিৎসক কী বললেন?মাসুদ: আমি কাল (পরশু) সিএমএইচএ শেষবেলায় ভর্তি হয়েছি, ডাক্তার সেভাবে দেখানো যায়নি। আজ (কাল) ছুটির দিন। আশা করছি, আগামীকাল (আজ) স্যার দেখবেন এবং এরপর বোঝা যাবে কী অবস্থা। কোমরে ব্যথা পেয়েছেন তিন মাস আগে। এত দিন পর কেন হাসপাতালে ভর্তি হয়েছেন?মাসুদ: এমআরআই রিপোর্ট হাতে পেয়েই ডাক্তার এখানে ভর্তি করে দিয়েছেন। রিপোর্টটা পেতে মাসখানেক লেগেছে। এর আগে ওষুধ খাচ্ছিলাম। এত দিন অর্থোপেডিকস ডাক্তারের অধীনে ছিলাম, এখন নিউরোলজি বিভাগে আসতে হলো। ওয়েট ট্রেনিংয়ের সময় কোমরে ব্যথা পাওয়ার পর এত দিন বিশ্রামেই ছিলাম। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আপনার ক্যারিয়ারের জন্য এই ইনজুরিটা বড় ঝুঁকি হয়ে এল। আবার ট্র্যাকে ফিরতে পারবেন মনে করেন?মাসুদ: আমি সুস্থ হয়ে খেলায় ফিরতে চাই। ট্র্যাকের মানুষকে ট্র্যাকেই মানায়। অন্যদের কথা কী বলব, বাস্তব অবস্থায় আমারও মনে হচ্ছে, আমার ক্যারিয়ার একরকম শেষই। মনে হচ্ছে, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার হতে পারে। যদি সেটাই হয়, তাহলে কী যে হবে কিছুই ভেবে পাচ্ছি না। আপনার সামনে তো তাহলে খারাপ সময় অপেক্ষা করছে?মাসুদ: সেটাই মনে হচ্ছে। এখানে এসে খুবই কান্না পাচ্ছে। ওয়ার্ডের লোকজনের অবস্থা দেখে আমি ঘাবড়ে গেছি। কেউ দুই-তিন বছর আগে অপারেশন করে গেছে, আবার এসেছে। ভালো হয়নি। আমার জন্য কী অপেক্ষা করছে, কে জানে! ১০-১২ বছর ধরে অ্যাথলেটিকসে। সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা হলো?মাসুদ: অনেক অভিজ্ঞতা আছে। তার মধ্যে বলব, এ দেশের অ্যাথলেটিকসে সুযোগ-সুবিধা নেই। যে কারণে অ্যাথলেট উঠে আসে না। অ্যাথলেট না আসায় আমি ১০-১২ বছর খেলে যেতে পারলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত ঘরোয়া প্রতিযোগিতায় ৫৬টি সোনা পেয়েছি। অন্য দেশে এটা সম্ভবই ছিল না। ২০০৬ আর ২০০৯ সালে দেশের দ্রুততম মানব ছিলেন। এই অঙ্গন ছাড়তে নিশ্চয়ই কষ্ট হবে? মাসুদ: কষ্ট তো হবেই। এত দিন ধরে আছি। দুবার দ্রুততম মানব ছিলাম। আরও ভালো করতে পারতাম হয়তো। যা-ই হোক, এসব নিয়ে আর কিছু বলতে চাইছি না। সুস্থ হয়ে বলব। এখন তো সেনাবাহিনীর সার্জেন্ট আপনি। কত দিন চাকরি আছে? খেলা ছাড়লে কী করবেন?মাসুদ: চাকরি আছে আরও ৭ বছর। খেলা ছাড়লে ডিউটিতে ফিরে যেতে হবে। একজন সৈনিক যা করে তাই করতে হবে। আর আমার অ্যাথলেটিকস ডিপার্টমেন্ট যদি মনে করে, আমাকে দলের সঙ্গে রাখবে, আমার অভিজ্ঞতা কাজে লাগাবে, তখন হয়তো খেলার সঙ্গেই থাকতে পারব।