‘ঠান্ডাত আর বাঁচি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা আকাশটা মনে হওছে উনদাও হইচে। ঠান্ডাত আর বাঁচি না। খালি হিড়হিড় করি ঠান্ডা বাতাস ঘরটাত ঢোকে। খেড় বিচি রাইতোত মাটিত থাকো। নিন ধরে না।’কথাগুলো মজিদা বেগমের (৬২)। রংপুরের বদরগঞ্জ উপজেলার হাটখোলাপাড়া গ্রামে তাঁর বাড়ি। গতকাল বুধবার দুপুরে বদরগঞ্জের চিকলী নদীর পারে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তীব্র শীতে জবুথবু হয়ে বসে আছেন। খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রতিবেশী রেবেকা বেগম (৬৫) বলেন, ‘মনটা কওচে আগুন গাওয়োত নাগে দিয়া থাকো। ঠান্ডা সহ্য হওচে না।’কয়েক দিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষের অবস্থা করুণ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা সবখানে। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবার ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, সীতাকুণ্ড, চাঁদপুর, ফেনী ও শ্রীমঙ্গল এবং রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে। যশোরে গতকাল ৪ দশমিক ৫ এবং ফরিদপুরে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, এ পরিস্থিতি আরও কয়েক দিন চলবে। কনকনে ঠান্ডায় এ অঞ্চলের দিনমজুরেরা কাজের সন্ধানে বের হতে পারছে না। ঘন কুয়াশায় যানবাহন চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। তীব্র শীতে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ কাহিল হয়ে পড়েছে। জেলার চরাঞ্চলের লাখো মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া লোকজন খুব একটা বাইরে বের হচ্ছে না। ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী মশালের চরের বাসিন্দা কফিল উদ্দিন ব্যাপারি (৬০) বলেন, ‘এদ্যোন জার দেখি নাই বাহে। বাতাসের ঠ্যালায় থাকা যায় না।’ চুয়াডাঙ্গায় ছয় বছরের মধ্যে গতকাল সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সদর হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও অনেকে। অসুস্থদের বেশির ভাগই বয়স্ক লোক ও শিশু। পৌরসভা নির্বাচনের কারণে বগুড়া শহরে দুপুরের দিকে লোকজন বাইরে বের হলেও বিকেলের পর থেকে শহর সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। বগুড়ায় গতকাল তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও কুয়াশার কারণে রাস্তায় ছিন্নমূল মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। দিনেও গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে।তীব্র শীতের কারণে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। দু-একটি ক্লাসের পরেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হচ্ছে। গতকাল একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা স্কুল প্রাঙ্গণে আগুন পোহাচ্ছেন। শ্রমজীবীরা দুপুরের আগে কাজে যোগ দিতে পারছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজুল ইসলাম খান।বরিশাল নগরের পোর্ট রোড এলাকার উজ্জ্বল হাওলাদার বলেন, ‘গত ৮-১০ বছরে এমন শীত দেহি নাই।’ বরিশাল আবহাওয়া অফিসের পরিদর্শক নাসিরউদ্দিন জানান, আরও দু-এক দিন শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে আরও শৈত্যপ্রবাহ পড়বে। তীব্র শীতে বিপাকে পড়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর এলাকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ। শীতজনিত নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগের পর্যাপ্ত ওষুধ মজুদ আছে বলে ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানিয়েছেন। সিরাজগঞ্জের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা ২০ বছরের মধ্যে সবচেয়ে কম। দুই দিন ধরে উত্তরের বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। সূর্যের আলোও দেখা যায়নি। যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের পাশাপাশি গ্রাম এলাকার মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। [প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়া, ফরিদপুর, যশোর ও বরিশাল অফিস এবং চুয়াডাঙ্গা, বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি]সিডর ও আইলার পর এবার শীত: বিশাল বাংলা পাতায়