শেষ দুই ওভারে দরকার ছিল ১৯ রান। বল ব্যাটে আসছে না। কিন্তু সাব্বির রহমান ব্যাটে-বলে করলেন। ১৯তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় মেরে তিনিই হয়ে গেলেন আফগানিস্তানের বিপক্ষে ফাইনালের নায়ক! এশিয়ান গেমসে বাংলাদেশ জিতল প্রথম সোনা। এমন দিনে উচ্চমাধ্যমিকে পড়ুয়া ১৭ বছরের তরুণের কণ্ঠে ঝরল শুধুই উচ্ছ্বাস সবাই যখন ধরে নিয়েছে পরাজয়ই নিয়তি, আপনিই ঘুরিয়ে দিলেন ম্যাচটা...সাব্বির রহমান: ম্যাচটা যে আমি শেষ করতে পেরেছি এ জন্য খুবই খুশি লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে খুব আনন্দে আছেন...সাব্বির: আজ তো আনন্দ করারই দিন। এশিয়ান গেমসে বাংলাদেশ তো কখনো সোনা জেতেনি। প্রথম সোনা জয়ের গর্বিত অংশীদার হয়ে আমার একটু বেশিই খুশি লাগছে। আপনি এর আগে এসএ গেমসে বাংলাদেশকে সোনা জিতিয়েছেন। ফাইনালে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান, আপনি দিয়েছিলেন ৭ রান...সাব্বির: হ্যাঁ, ওটা ছিল আমার কাছে বিশেষ একটা অনুভূতি। দেশের মাটিতে দেশকে শেষ ওভারে ভালো বোলিং করে জেতানোর দরকার ছিল। সেদিনের মতো আজও সফল হয়েছি। এ জন্য আরও ভালো লাগছে। ওই দুটি ছক্কার কথা বলুন। আগেই কি ঠিক করে রেখেছিলেন বিগ হিট নেবেন?সাব্বির: হ্যাঁ, যেহেতু বলের চেয়ে রান বেশি ছিল, তাই বিগ হিট ছাড়া উপায় ছিল না। ঠিক করেছিলাম, জোরে ব্যাট চালাব। ব্যাটে-বলে হয়ে গেছে। তখন তো নাঈম অন্য প্রান্তে। কী বলছিলেন আপনার সিনিয়র পার্টনার?সাব্বির: নাঈম ভাই বলছিলেন, এখন চোখ বন্ধ করে চালাতে হবে। ঝুঁকি না নিয়ে উপায় নেই। বললেন, ওদের অফ স্পিনারটা অকেশনাল বোলার। এই সুযোগটা নিতে হবে। মোট তিনটি ছক্কা মেরেছেন। সবগুলোই লং অন দিয়ে। এই জায়গা দিয়েই কি সব সময় ছক্কা মারতে পছন্দ করেন?সাব্বির: হ্যাঁ, সাধারণত আমি অনসাইডে সোজা ছয় মারি বেশি। আজকের (কাল) তিনটিও সেভাবেই। একটি তো মাঠের বাইরেই চলে গেছে। আপনাকে তো এখন সবাই শেষ ওভারের নায়ক হিসেবে বেশি চিনবে। কেমন লাগছে এটা ভাবতে?সাব্বির: এখন পর্যন্ত কেউ বলেনি। তবে হয়তো এখন বলবে। দেশে ফিরি তারপরই না বুঝতে পারব (হাসি)। আপনার বাড়ি রাজশাহীতে। গুয়াংজু আসার আগে কি খালেদ মাসুদের সঙ্গে কথা হয়েছে?সাব্বির: কথা তো সব সময়ই হয়। পাইলট ভাই (খালেদ মাসুদ) আমার আদর্শ। তাঁর বাড়ির পাশেই সাগরপাড়ায় আমার বাড়ি। তাঁকে দেখেই বড় হয়েছি। জাতীয় দলে খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখছেন?সাব্বির: ওটাই এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি তো কোনো ওয়ানডে এখনো খেলিনি। এমনিতে জাতীয় লিগের ওয়ানডে আর চার দিনের ম্যাচ খেলেছি। অনূর্ধ্ব-১৭ দলে খেলেছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলাম। আস্তে আস্তে সিঁড়িগুলো টপকে জাতীয় দলে যেতে চাই। আপনি মূলত ব্যাটসম্যান-কাম-লেগ স্পিনার। নিজেকে কীভাবে দেখতে চান ভবিষ্যতে?সাব্বির: জাতীয় দলে ঢুকে দীর্ঘ সময় নিজেকে সেখানে দেখতে চাই। খালেদ মাসুদ ছাড়া আর কোনো প্রিয় ক্রিকেটার আছে?সাব্বির: শহীদ আফ্রিদি। তাঁকে খুব ভালো লাগে।