‘ঠেলেঠুলে’ চলে দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠেলেঠুলে দখল করছে দখলদার। নাম কওয়া যাইত নায়। তারা প্রভাবশালী। মাতলেই অভিযোগ দেয়! লাভ অয় কার?’ তিক্ততা নিয়ে এভাবেই বলছিলেন কুয়ারপার এলাকার শহিদুল ইসলাম। লামাদিঘির কিছু অংশ দখল হয়ে যাওয়ার কথা বর্ণনা করছিলেন তিনি ওই এলাকার একজন পুরোনো বাসিন্দা হিসেবে।সরেজমিনে দেখা গেছে, লামাদিঘি অবৈধভাবে দখল করে বেশ কয়েকটি স্থাপনা তৈরি হয়েছে। এসব স্থাপনার মধ্যে দোকানপাটও রয়েছে। এলাকাবাসী জানান, গত বিশ্বকাপ ফুটবল খেলার সময় পাড়ার সবাই মিলে খেলা দেখার অজুহাতে এক ব্যক্তি লামাদিঘির কিছু অংশ দখল করে নেন। দখল হওয়া স্থানে স্থাপনা তৈরি করে সেখানে বড় একটি টেলিভিশনে খেলা দেখার ব্যবস্থাও করা হয়। খেলা শেষ হওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো ঠিকই রয়ে গেছে। অন্যদিকে একই দিঘির অপর আরেকটি অংশ দখল করে স্থানীয় তরুণেরা একটি ‘অস্থায়ী’ ক্লাবঘর তৈরি করেছে, তবে এলাকাবাসী অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একাট্টা হয়ে বিশাল দিঘিটি দখল করার অপচেষ্টা করছেন।দখলপ্রক্রিয়ায় জড়িত বলে অভিযুক্ত ইশাদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে এক মহিলা ফোন ধরেন। তাঁকে প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিলে ইশাদ মিয়া বাইরে আছেন বলে জানান তিনি। পরে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।জানা গেছে, বিভিন্ন ধরনের অজুহাতে নগরের বিভিন্ন দিঘি ও পুকুর দখল করে দোকানপাট ও আবাসন তৈরি করা হচ্ছে। প্রত্যক্ষভাবে দখল করার পাশাপাশি বেশকিছু দিঘির বিভিন্ন স্থানে মাটি-আবর্জনা ফেলে ধীরে ধীরে দখলের প্রক্রিয়া চালানো হচ্ছে। কয়েকটি দিঘি ঘুরে বিভিন্ন স্থানে মাটি ফেলার চিহ্ন দেখা যায়, তবে কারা এ দখলপ্রক্রিয়ার সঙ্গে জড়িত সে ব্যাপারে দিঘির পাড়ের বাসিন্দারা কেউ মন্তব্য করতে রাজি হয়নি।দেখা গেছে, মির্জাজাঙাল এলাকার মাছুদিঘিটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে। বছরখানেক ধরে ময়লা-আবর্জনা-মাটি ফেলে ভরাটপ্রক্রিয়া শেষ করা হয়, তবে কে বা কারা এ ভরাটপ্রক্রিয়ার সঙ্গে জড়িত, তা জানা যায়নি। চারাদিঘিটি ২০০৩ সালে ভরাট করে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান অর্ধেক স্থানে একটি মসজিদ এবং বাকি অর্ধেক স্থানে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। মসজিদটি তৈরি হলেও কলেজটি আর প্রতিষ্ঠিত হয়নি। কলেজ প্রতিষ্ঠার স্থানটিতে শুধু বাঁশ দিয়ে পোঁতা একটি সাইনবোর্ড রয়েছে।তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন, দিঘি-পুকুর ভরাটের খবর পেলেই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে ভরাটপ্রক্রিয়া বন্ধ করে দেন, তবে সাধারণ জনগণকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে যেকেনো দিঘি-পুকুর ভরাটের খবর নিজের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরকে জানানোর অনুরোধ করা হয়েছে।