‘ডাক্তার একখান কাগজ নেইখা দিয়াই খালাস’
‘ব্যাবাক ওষুধ যুদি বাইর থনেই কেনন লাগে, তয় এই সরকারি হাসপাতাল থাইক্যা কী লাভ হবি। ডাক্তার তো একখান কাগজ (ব্যবস্থাপত্র) নেইখা দিয়াই খালাস।’ক্ষোভ নিয়ে রক্ত-আমাশায় আক্রান্ত বৃদ্ধ মেহের আলী কথাগুলো বললেন। উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর মেহের আলী চিকিৎসার জন্য গত ১৬ মার্চ গিয়েছিলেন উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে। তাঁকে একটি ব্যবস্থাপত্র হাতে ধরিয়ে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়েছে। মেহের আলীর মতো একই কথা বলেন, হাসপাতালে আসা পার্শ্ববর্তী গ্রামের ভানু বেওয়া, আলাপ হোসেন, শাহীনসহ আরও অনেকে। এখানে কোনো ওষুধ নেই। ডাক্তারেরা দুই-চারজনকে কিছু ওষুধ দিলেও অধিকাংশ রোগী শুধু ব্যবস্থাপত্র হাতে নিয়েই হাসপাতাল ত্যাগ করেছেন। সরেজমিনে ওই হাসপাতালে গিয়ে রোগীদের এমন চিকিৎসাসেবার চিত্র চোখে পড়ে। বহির্বিভাগে অন্তত ২০০ রোগী এসেছিলেন চিকিৎসাসেবা পেতে। কিন্তু তাঁদের বেশির ভাগই শুধু ব্যবস্থাপত্র হাতে নিয়ে ফিরে যাচ্ছিলেন। অনেকে তাও পাননি।উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনছার আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই হাসপাতালের বর্তমান অবস্থার এক করুণ চিত্র উপস্থাপন করলেন।আরএমও আনছার আলী জানান, এই হাসপাতালে একজন আবাসিক চিকিৎসকসহ মোট চারটি চিকিৎসকের পদ থাকলেও এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য। অন্য হাসপাতাল থেকে দুইজন চিকিৎসককে প্রেষণে এনে কোনোমতে ভেতরের ও বাইরের রোগীদের সামলাতে হচ্ছে।অন্যদিকে হাসপাতালে একজন আয়া, একজন ওয়ার্ডবয়, একজন সুইপার, দুইজন নিরাপত্তা প্রহরী ও একজন চালকের পদ শূন্য রয়েছে। সে সঙ্গে এই হাসপাতালের একজন কুক ও একজন মালি অন্যত্র প্রেষণে থাকায় এখানে জনবলশূন্যতার সৃষ্টি হয়েছে।২০০০ সালে প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই সরকারি হাসপাতালটি চালু হলেও আজ পর্যন্ত এখানে কোনো এক্স-রে মেশিন দেওয়া হয়নি। এখানে অপারেশন থিয়েটার, অপারেশন টেবিল ও লাইট থাকলেও সার্জারি ডাক্তার এবং সংজ্ঞাহীন করার বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় আজ পর্যন্ত কোনো রোগীর এখানে অপারেশন করা সম্ভব হয়নি। এ ছাড়া এখানে একজন ল্যাব টেকনিশিয়ান ও কিছু যন্ত্রপাতি থাকলেও রি-এজেন্টের অভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয় না।আরএমও আরও জানান, প্রায় দুই বছর ধরে এখানে কোনো ওষুধ সরবরাহ করা হয় না। অনেক আবেদন-নিবেদনের পর সিরাজগঞ্জের সিভিল সার্জন স্থানীয়ভাবে কিছু ওষুধ দিয়ে থাকেন, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ফলে রোগীদের ওষুধ দেওয়া সম্ভব হয় না। এখন ইনডোরে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন করে রোগী অবস্থান করে। কিন্তু প্রয়োজনীয় ডাক্তার ও ওষুধের অভাবে ইনডোরের বেশির ভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসার পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিতে বাধ্য হতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রায় তিন মাস ধরে এ হাসপাতালে কোনো নিরাপত্তা প্রহরী নেই। ফলে বিশেষ করে রাতের বেলায় হাসপাতালটি নিরাপত্তাহীন অবস্থায় থাকে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার নুুরুল ইসলাম তালুকদার নানা সমস্যার কথা স্বীকার করে বলেন, গোটা দেশের উপজেলা হাসপাতালগুলোর কম বেশি প্রায় একই সমস্যা রয়েছে। তিনি পর্যায়ক্রমে এই হাসপাতালের এসব সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করছেন বলে উল্লেখ করেন।