অবসরপ্রাপ্ত সুবেদার তোরাব আলী ৭০ বছরের বৃদ্ধ। তিনি কীভাবে এ ঘটনার সঙ্গে জড়িত হলেন—আদালতের এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন, তাঁর বাসা ঘটনাস্থলের ২০০ গজের মধ্যে। তিনি বিষয়টি আগেই জানতেন। ঘটনার সময় তিনি আসামিদের সহায়তা করেছেন।এরপর আদালত বলেন, ‘সুপ্রিম কোর্টে খুন হলে আমি কেন দায়ী হব?’ রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কেউ খুন হবে—এ খবর তিনি যদি আগে জেনে থাকেন, তবে তাঁর দায়িত্ব সেটা জানানো। তোরাব আলী এ বিদ্রোহের কথা আগের দিন জানতে পেরেও কাউকে জানাননি।পিলখানায় হত্যা ও লুণ্ঠন মামলার আসামিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন যুক্তি দেন। ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে গতকাল ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ শোনানো হয়।সকাল ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগেই এ মামলার ৮৫০ আসামির সবাইকে বিভিন্ন কারাগার থেকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ জহুরুল হক এজলাসে এসেই অভিযোগ গঠনের কার্যক্রম শুরু করেন।শুনানিতে প্রথম অভিযোগ আনা হয় বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তৌহিদুল আলম বিদ্রোহের মূল পরিকল্পনাকারী। পিলখানার অস্ত্রাগার ও গোলাবারুদ ভান্ডার লুটে নেতৃত্ব দেন তিনি। তাঁর নির্দেশেই বিডিআরের জওয়ানরা বেআইনিভাবে কর্মকর্তাদের আটক করেন। তাঁদের খুন করেন এবং লাশ গুম করেন। বিদ্রোহ চলাকালে তিনি নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসেবে ঘোষণা করেন।এ পর্যায়ে বিচারক জানতে চান, তৌহিদুল আলম কি আছেন? তৌহিদ উঠে দাঁড়ালে বিচারক প্রশ্ন করেন, ‘আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা কি সত্যি?’ জবাবে তৌহিদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। মাননীয় আদালত, আমি সম্পূর্ণ নির্দোষ।’এরপর তোরাব আলী এবং তাঁর পরে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর বিরুদ্ধে অভিযোগ শোনানো হয়। বলা হয়, নাসির উদ্দীন আহম্মেদ বিডিআর হত্যাযজ্ঞ ও লাশ গুমে সহায়তা করেছেন। তিনি এর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার পর তিনি বিদ্রোহীদের পালাতে সহায়তা করেছেন। জওয়ানদের পক্ষে তিনি এলাকায় মিছিল করিয়েছেন।বিচারক বলেন, নাসির উদ্দীন পিন্টু কী সাংসদ? রাষ্ট্রপক্ষ ‘হ্যাঁ’ সূচক জবাবে দিলে আদালত বলেন, জনগণকে নিয়ে তিনি মিছিল করতেই পারেন। তাই বলে ৩০২ ধারায় অভিযুক্ত হবেন কীভাবে? রাষ্ট্রপক্ষের আইনজীবী এর ব্যাখ্যা দেন। বিচারক জানতে চান, পিন্টু যে বিদ্রোহে জড়িত, তার কোনো প্রমাণ আছে কি না? রাষ্ট্রপক্ষ জানায়, তিনজন চাক্ষুস সাক্ষী আছে। তবে পিন্টু ও ওই সব সাক্ষী কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা একপর্যায়ে আদালত মুলতবি করার অনুরোধ জানান। বেলা পৌনে ১২টার দিকে আদালত ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হলে একে একে আরও ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আদালত তৌহিদ ছাড়া আর কোনো আসামির বক্তব্য জানতে চাননি।পরে আদালতের কার্যক্রম ২৬ এপ্রিল সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।প্রসঙ্গত, বিডিআরে বিদ্রোহের ঘটনায় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে করা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম আসে।