সারা দেশে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) নিষ্ক্রিয়। নারায়ণগঞ্জ ডিএফএ সেদিক থেকে খানিক ব্যতিক্রম। এটির সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ (চুন্নু)। ডিএফএগুলো নিয়ে নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন সাবেক এই জাতীয় ফুটবলার ফুটবল অঙ্গনে অনেক দিন দেখা যাচ্ছে না আপনাকে। কী করছেন, কোথায় আছেন?আশরাফ উদ্দিন আহমেদ: ঢাকাতেই আছি। গত তিন বছর ঢাকার ফুটবলে নেই, তবে নারায়ণগঞ্জের ফুটবলে নিজেকে যুক্ত রেখেছি। স্থানীয় ডিএফএর সভাপতি হওয়ার জন্য সবাই অনুরোধ করল, ফেলতে পারিনি। কিন্তু ঢাকার ফুটবল থেকে একেবারে নির্বাসনে গেলেন কেন?আশরাফ: ফুটবল ফেডারেশনের গত নির্বাচনে জিতে আসতে পারিনি। এ নিয়ে অনেক কথা আছে আমার। তখন ঠিক করেছিলাম, ফুটবলে আর ফিরব না, খোদা হাফেজ। এরপর তো নারায়ণগঞ্জ ডিএফএর সভাপতি হলেন। তা আপনার ডিএফএ কেমন চলছে?আশরাফ: মোটামুটি চালিয়ে যাচ্ছি। অনেক সমস্যা। তবু আমার ডিএফএ ভালোই চলছে বলব। কী কী আয়োজন করলেন?আশরাফ: গত বছর লিগটা করতে পারিনি। এ বছর করব। এবার অনূর্ধ্ব-১৪, ১৬, ১৯ টুর্নামেন্ট করেছি। এখন আমরা দ্বিতীয় বিভাগ করব। মহিলা ফুটবল থেকে শুরু করে সব ধরনের আয়োজনই আছে আমাদের। কিন্তু আপনার ডিএফএ তো সারা দেশের ডিএফএর প্রতিচ্ছবি নয়। ডিএফএ যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, কতটুকু পূরণ হয়েছে?আশরাফ: প্রত্যাশা অনুযায়ী কিছুই হয়নি। ডিএফএ নিয়ে আশাভঙ্গই হয়েছে। আমি হয়তো চালিয়ে নিচ্ছি, আমার স্পনসর পেতে সমস্যা হয় না। স্থানীয় ডিএসএ (জেলা ক্রীড়া সংস্থা) আমাকে সহযোগিতা করে, মাঠ দেয়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না। অনেক ডিএফএ বিকলাঙ্গ হয়ে আছে। সমস্যাটা কী?আশরাফ: সমস্যা একাধিক। আর্থিক সচ্ছলতা নেই কারোরই। দীর্ঘদিন থেকে জেলা ও বিভাগীয় ফুটবল চলে আসছে ডিএসএর অধীনে। এখন ফুটবল আলাদা হয়েছে, অনেক ডিএফএর সঙ্গে আলাপ করে জেনেছি, তারা ডিএসএ থেকে সহযোগিতা পায় না। তাহলে এখন সমাধান কী?আশরাফ: সমাধান একটাই—আলোচনা করতে হবে। ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। বাফুফে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে?আশরাফ: এমনিতে দু-একবার কোনো কারণে হয়তো যোগাযোগ হয়েছে। কিন্তু এই তিন বছরের বেশির ভাগ সময়ে ফেডারেশন আমাদের খোঁজ সেভাবে নেয়নি। কখনো ডেকে জিজ্ঞেস করেনি, তোমরা কী করছ? কী তোমাদের সুবিধা-অসুবিধা? আপনারা ডিএফএর পক্ষ থেকে নিজেরা যোগাযোগ করেন না?আশরাফ: আমরা করি না-করি সেটি বড় ব্যাপার নয়। কথা হলো, ডিএফএর ওপর ফেডারেশনের নজরদারি আছে কি না। সেটা নেই। অনেক ডিএফএর সঙ্গে আমার কথা হয়, সবাই হতাশ। মাঝখানে তো ডিএফএগুলোকে ৫০ হাজার টাকা করে দিয়েছিল বাফুফে...আশরাফ: একবার ফ্যাক্স-ফোনের জন্য ৫০ হাজার টাকা দিয়েছে। এটা কোনো ব্যাপার হলো? টাকাটা বড় নয়। ফেডারেশনের কোনো চাওয়াই তো নেই। কখনো শুনেছেন, আজ পর্যন্ত কোনো ডিএফএর কাছে জবাবদিহি চেয়েছে ফেডারেশন? না, শুনিনি...আশরাফ: তাহলে চলবে কেমন করে! কোনো ডিএফএ কেন হাত-পা গুটিয়ে বসে আছে, কেন কাজ করতে পারছে না, এটা ফেডারেশন জানবে না? জানা তো উচিত। এ ক্ষেত্রে আমি সরকারের সহযোগিতা চাইব। নইলে কিছু করা প্রায় অসম্ভব। বাফুফের নির্বাচন আগামী এপ্রিলে। প্রতিদ্বন্দ্বিতা করবেন?আশরাফ: সময় এলে ভেবে দেখব। গত তিন বছরে এই সেদিন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ দেখেছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। হাজার হোক, আমি ফুটবলেরই লোক। তবে নির্বাচন করি না-করি, নারায়ণগঞ্জে একটা একাডেমি করার স্বপ্ন দেখছি।