‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের সদর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে রাস্তায় গতিরোধ করে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আবদুর রশিদ (৪০)। তিনি উপজেলার সুরাট ইউপির ৮ নম্বর নির্বাচিত সদস্য। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে আবদুর রশিদ মোটরসাইকেলে করে এক আত্মীয়কে নিয়ে মাগুরায় যাচ্ছিলেন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আবদুর রশিদকে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় রশিদের সঙ্গে থাকা মুক্ত নামের এক ব্যক্তি আহত হয়েছেন। মুক্তকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা রশিদের মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করলে পথচারীরা আবদুল লতিফ নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।