২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান, ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের লড়াই। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে আইসিসির পর্যবেক্ষক দল। বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের প্রস্তুতির সর্বশেষ অবস্থাটা জানালেন আয়োজক দেশের টুর্নামেন্ট পরিচালক আলী আহসান (বাবু) বিশ্বকাপের তো আর তিন মাসও বাকি নেই। এই সময়ের মধ্যে প্রস্তুতি যতটা এগিয়ে যাওয়ার কথা, ততটা কি হয়েছে?আলী আহসান (বাবু): ম্যাচ আয়োজনের জন্য অপরিহার্য কাজগুলোই আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ করতে হবে। উইকেট, আউটফিল্ড, প্র্যাকটিস সুবিধা, হোটেল, ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড—আইসিসির পর্যবেক্ষক দল মূলত এই জিনিসগুলোই দেখবে। আমি খুবই আশাবাদী, পর্যবেক্ষক দল আমাদের দেশে এসে এসব বিষয়ে অভিযোগ করার কিছু পাবে না। স্টেডিয়াম সংস্কার বা নির্মাণকাজ পরে হলেও সমস্যা নেই। এখনো শেষ না হওয়া কাজগুলোর মধ্যে কোনটা নিয়ে আপনাদের শঙ্কা বেশি?আলী আহসান: শ্রীলঙ্কা থেকে একটা ফোন পেয়েছি...তারা কিন্তু তাদের ২-১টি মাঠ নিয়ে খুবই উদ্বিগ্ন। আমাদের সে রকম কোনো চিন্তা নেই। টুকটাক যেসব কাজ বাকি আছে, ডিসেম্বর মাসের মধ্যেই এর সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় নতুন বাড়িতে ওঠার পরও টুকিটাকি কাজ থেকে যায়। তবে আমার ধারণা, বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আইসিসি অখুশি হবে না। চট্টগ্রামের ভেন্যুর কী অবস্থা? অনেক কাজই নাকি বাকি সেখানে?আলী আহসান: ড্রেসিংরুম, মিডিয়া বক্স—এগুলোর কাজ সময়মতোই শেষ হয়ে যাবে আশা করি। বিদ্যুৎ-সংযোগ নিয়ে একটু চিন্তা ছিল, সেটারও সমাধান হয়েছে। আশা করি, চট্টগ্রামের ভেন্যু নিয়েও অভিযোগের কোনো অবকাশ থাকবে না। বিশ্বকাপের টিকিট কেনার অপেক্ষায় আছে মানুষ। টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে?আলী আহসান: আপনারা জানেন, আইসিসির কাছ থেকে টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ভারতের কায়াজুঙ্গা নামের একটা এজেন্সি। তারা আইসিসির কো-পার্টনার মানিগ্রামের মাধ্যমে বাংলাদেশের ৬৪টি জেলায় একযোগে টিকিট বিক্রি করবে। এ ছাড়া অন্যান্য লোকাল পার্টনার যেমন—রিবক, হিরো হোন্ডা...এদের মাধ্যমেও কিছু টিকিট বিক্রি হতে পারে। কাউন্টডাউন অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কিছু ভুলত্রুটি ধরা পড়েছে। আমরা ত্রুটি নিয়ে এগোতে চাই না। সে জন্যই টিকিট বিক্রির ব্যাপারে আমরা তাড়াহুড়া করছি না। নির্দিষ্ট দিন-তারিখ এখনই বলা না গেলেও খুব সম্ভবত ডিসেম্বরের মাঝামাঝি কোনো একটা সময় থেকে সারা দেশে একযোগে টিকিট বিক্রি শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের অধিকাংশ টিকিটই তো সৌজন্য টিকিট হবে। সাধারণ দর্শকদের জন্য সেদিনের কত টিকিট ছাড়বেন আপনারা?আলী আহসান: সৌজন্য টিকিটের বাইরে সাধারণ দর্শকদের জন্যও উদ্বোধনী অনুষ্ঠানের কিছু টিকিট ছাড়া হবে। তবে টিকিটের সংখ্যাটা এখনই বলতে পারছি না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৫ হাজার এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ হাজারের মতো চেয়ার বসার কথা। টিকিটের সংখ্যা ঠিক করার আগে সুনির্দিষ্টভাবে স্টেডিয়ামগুলোর আসনসংখ্যা জানতে হবে। আগামী ২৮-২৯ নভেম্বরের মধ্যে চেয়ার বসানোর কাজ শেষ হবে আশা করি। এরপর ৩০ নভেম্বর স্থানীয় আয়োজক কমিটির সভায় সিদ্ধান্ত হবে, ঠিক কত টিকিট ছাড়া হবে। টিকিট বিক্রি শুরুর তারিখও ওই সভায় ঠিক হওয়ার কথা। বিশ্বকাপ উপলক্ষে স্মারক মুদ্রা ও ডাকটিকিট ছাড়া হবে শোনা যাচ্ছে...আলী আহসান: স্মারক মুদ্রা ছাড়ার একটা প্রশংসনীয় উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে। আইসিসির সঙ্গে যোগাযোগ করে তারা সে লক্ষ্যে কাজও করছে জানি। ডাকটিকিটের ব্যাপারে আরও আগে একবার আলোচনা হলেও এরপর আর কোনো উদ্যোগের কথা শুনিনি।