১০ দিন পেরোলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার বা খুনের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এমনকি খুনের উদ্দেশ্য সম্পর্কেও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।অবশ্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ডেডলাইন (সময় নির্দিষ্ট করে) তদন্ত হয় না।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ডিবির দুটি বিভাগের সেরা কর্মকর্তারা এ নৃশংস ঘটনার রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তারে কাজ করছেন। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তদন্ত করা হচ্ছে।এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরওয়ার-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় আজ বুধবার মাঠে নামছেন সাংবাদিকেরা। ঢাকায় আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। একই সময়ে সারা দেশে সাংবাদিকদের সব ইউনিয়ন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সংগঠন একই কর্মসূচি পালন করবে।গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।আরও সময় লাগতে পারে: গতকাল বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনারের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেছেন, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে সংবাদমাধ্যমে কোনো তথ্য দেবে না। এ জন্য আরও সময় লাগতে পারে।এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেছেন, সম্ভাব্য খুনি কারা হতে পারে, এর একটি তালিকা করা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ ২০-২৫ জনকে জিজ্ঞাসাবাদ এবং অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্তের এ পর্যায়ে হত্যাকাণ্ডের সম্ভাব্য কিছু কারণ ছেঁটে ফেলে এখন তালিকা কমিয়ে আনা হয়েছে।ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গত তিন বছরে চাঞ্চল্যকর সব খুনের ঘটনাই উদ্ঘাটিত ও আসামি গ্রেপ্তার হয়েছে। একেক ঘটনায় একেক রকম সময় লেগেছে। কোনো মামলায় দুই ঘণ্টা, কোনোটা ১২ ঘণ্টা, আবার দুই মাসও সময় লেগেছে।