‘ডেথ’ ওভারেই স্বপ্নের মৃত্যু!
লাসিথ মালিঙ্গাও যে কখনো কখনো মার খান না, এমন নয়। কিন্তু শেষ ওভারে প্রয়োজন ২৫ রান আর বোলিং করছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার—এই পরিস্থিতিতে ক্রিস গেইল স্ট্রাইকে থাকলেও পারতেন কি না সন্দেহ! আর এখানে স্ট্রাইকে আবদুর রাজ্জাক। অন্য প্রান্তে মমিনুল। শেষ ওভারটা তাই খেলার জন্যই খেলা হলো। যেটি শেষ হওয়ার পর দেখা গেল, বাংলাদেশ ১৭ রানে পিছিয়ে। স্কোরকার্ড কতটা বোঝাতে পারবে কে জানে, তবে দু-তিন ওভার বাকি থাকতেই যে ম্যাচের মীমাংসা হয়ে গেছে, সেটিই জাগাচ্ছে বড় একটা আক্ষেপ। কী একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল!শ্রীলঙ্কা ১৯৮ করে ফেলার পর ম্যাচ শেষে এমন মনে হবে, এটা কল্পনাও করা যায়নি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরই তো ১৯০। সেটি ‘পুঁচকে’ আয়ারল্যান্ডের বিপক্ষে, তা-ও আগে ব্যাটিং করে। ১৯৮ তাড়া করে জয়ের আশাটা তাই আকাশকুসুম কল্পনা ছাড়া আর কি!শেষ পর্যন্ত এটি কল্পনাই হয়ে থাকল। তবে বড় একটা প্রশ্নও থাকল। শ্রীলঙ্কার ১১ জনের সঙ্গে দুই আম্পায়ারও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে না গেলে অন্য কিছু হতো কি না! ‘দিলেও দেওয়া যেত’ শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে এমন বেশ কটি এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়াররা। যার মধ্যে এমন দু-একটিও ছিল, যা আম্পায়ার ছাড়া বাকি সবার কাছেই আউট বলে মনে হয়েছে। সেই আম্পায়াররাই বাংলাদেশের বিপক্ষে জঘন্য দুটি এলবিডব্লু দিয়ে দিলেন!শামসুর রহমানের আন্তর্জাতিক অভিষেকটা যে ‘গোল্ডেন ডাক’-এর বিব্রতকর স্মৃতি হয়ে রইল, এর মূলে আম্পায়ার। প্রথম ওভারেই এই উইকেটটিও বাংলাদেশের ‘দুর্গম গিরি কান্তার মরু’ পাড়ি দেওয়ার স্বপ্নে বড় ধাক্কাই ছিল, তবে মোহাম্মদ আশরাফুলকে থামিয়ে দেওয়ার সঙ্গে এর তুলনাই চলে না।টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জয়টি আশরাফুলের অবিশ্বাস্য স্ট্রোক প্লের স্মৃতিতে ভাস্বর। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গের সেই স্মৃতি ফিরিয়ে আনছিলেন কাল। ম্যাথুসের প্রথম ওভারেই পর পর দুটি চার দিয়ে শুরু। ইনিংসের অষ্টম ওভারে থিসারা পেরেরার পর পর তিন বলে ৬-৬-৪! এমন ব্যাটিং করছিলেন যে, আস্কিং রেট ১১-ও তখন একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে না। কিন্তু সেই ওভারেই লেগ স্টাম্পের বাইরের একটি ফুল টসে আশরাফুলকে অন্যায় মৃত্যুদণ্ড দিয়ে দিল আম্পায়ারের তর্জনী। নাসির হোসেন খুব দ্রুত ফিরে যাওয়ার পরও মুশফিকুর ও মাহমুদউল্লাহর জুটিটি ‘একটা কিছু হয়েও যেতে পারে’ সম্ভাবনা জাগাচ্ছিল ভালোমতোই। মাত্র ৪.৫ ওভারে পঞ্চম উইকেটে দুজনের ৫০ রানের জুটি। সম্ভাবনার এই আলো অবশ্য নিভে গেল এক ফুৎকারেই। যখন পর পর দুই বলে আউট তাঁরা দুজন!শ্রীলঙ্কা রানের পাহাড়ে উঠে যাওয়ার পর যে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয় কি না সন্দেহ ছিল, ব্যাটসম্যানদের কৃতিত্বে বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভার পর্যন্তও তা ভালোমতোই বেঁচে ছিল। কিন্তু সর্বনাশ যা করার তা তো বোলাররাই করে রেখেছেন আগে।ভয়ের জায়গাটা মুশফিকুর রহিম ঠিকই বুঝেছিলেন। পাওয়ার প্লে আর ডেথ ওভারে বোলিং। পাওয়ার প্লেতে কুশাল পেরেরার ‘পাওয়ার’-এর প্রদর্শনীতে শ্রীলঙ্কার শুরুটা হলো দুর্দান্ত। প্রথম ৬ ওভারে ৬২ রান। আর ‘ডেথ’ ওভারে যা হলো, সেটি নির্ভেজাল বোলিং খুন। ‘ডেথ’ শব্দটা এখানে দুই অর্থেই। স্মরণীয় এই সফরটা জয় দিয়ে শেষ করার স্বপ্নেরও ‘ডেথ’ শেষ ৫ ওভারে।শেষ ওভারে ৮ রান টি-টোয়েন্টিতে বোলারের মুখে হাসি ফোটানোর মতোই। কিন্তু রুবেল হাসবেন কি, আগের চার ওভারের ঝড়ে বাকি সবার মতো তিনিও তখন পুরো এলোমেলো। ১৬ থেকে ১৯—এই চার ওভারে রান এসেছে ১১, ২০, ১২ ও ২৪। খেলা না দেখে থাকলেও ১৯তম ওভারে কে ওই দানছত্র খুলে বসেছিলেন, সেটি বোধ হয় আপনি অনুমান করে ফেলতে পারবেন। শাহাদাত হোসেন ছাড়া আর কে!ম্যাচটা শেষ পর্যন্ত ভালোই হলো। বিরতির সময় নিশ্চিত একপেশে মনে হতে থাকা ম্যাচটাকে যে একটা সময় বাংলাদেশের ব্যাটসম্যানরা ‘কিছুই বলা যায় না’ রূপ দিতে পেরেছেন, সেটিই বা কম কি! তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র শাহাদাত হোসেন। সেটি ম্যাচ শুরুর আগে থেকেই। বাংলাদেশের একাদশ দেখেই আকাশে-বাতাসে উড়তে লাগল প্রশ্নটা—শাহাদাত কেন দলে?ম্যাচের প্রথম ওভারেই ১৪ রান দিয়ে প্রশ্নটাকে আরও বড় করে দিতে একটুও সময় নেননি। মাঝখানে কীভাবে যেন ৭ রানের একটা ওভার করে ফেলেছিলেন! সেটি যে দুর্ঘটনা, তা বুঝিয়ে দিলেন ১৯তম ওভারে ২৪ রান দিয়ে। ৪৪ বলে ৬৪ রানের ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ কুশাল পেরেরা, তবে ৪ ওভারে ৫৪ রান দিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেওয়ার ‘কৃতিত্ব’টা শাহাদাতেরই প্রাপ্য!শাহাদাতকে দোষ দিয়ে লাভ কী, তিনি তো আর নতুন কিছু করেননি। গত বছর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে তাঁর শেষ ওভারটিই ছিল পুরো দেশকে কাঁদানোর মূলে। মাত্র দুই দিন আগে তৃতীয় ওয়ানডেতেও ১০ ওভারে ৭১ রান দিয়েছেন। এত কিছুর পরও বাংলাদেশের ক্রিকেটে ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ বলে যাঁর পরিচয়, সেই জিয়াউর রহমানকে বসিয়ে শাহাদাতকে কী বুঝে খেলানো হলো, এটা বড় একটা ধাঁধা! যে ধাঁধার উত্তর খুঁজে না পেয়ে সাংবাদিকেরা জিয়াউর চোট-টোট পেয়েছেন কি না, সেই খোঁজখবর পর্যন্ত নিলেন।শাহাদাতের সঙ্গে পারা সম্ভব নয়, তবে রুবেল হোসেনও খুব কম যাননি। ৪ ওভারে দিয়েছেন ৪০। দুই পেসারের ৮ ওভারে ৯৪ রান। ম্যাচ হারাতে আর কি লাগে!শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৯৮/৫বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ফল: শ্রীলঙ্কা ১৭ রানে জয়ী