প্রায় এক যুগ বাংলাদেশের ড্রেসিংরুমে ছিলেন তিনি। দলকে নেতৃত্ব দিয়েছেন বছর তিনেক। ড্রেসিংরুমের পরিবেশ তাঁর ভালোই জানা। নিজের অভিজ্ঞতা থেকে ড্রেসিংরুমে কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে কথা বললেন খালেদ মাসুদ ড্রেসিংরুমে হেড অব ডেলিগেশন ও নির্বাচকের থাকা নিয়ে বিতর্ক এবং সেই সূত্রে দেশের ক্রিকেটে যে অস্থিরতা, সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া কী?খালেদ মাসুদ পাইলট: সবকিছুর আগে আমি বলতে চাই, প্লেয়ার-ম্যানেজমেন্টের মাঝে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়। ক্রিকেট দল একটা পরিবারের মতো। একটা পরিবারে কত কিছুই তো হয়! সব নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলতে হয়। ড্রেসিংরুমের ভেতরের কথা কেন বাইরে চলে আসবে? ড্রেসিংরুমের সমস্যা বড় কিছু নয়, কিন্তু সংবাদমাধ্যমের কাছে এসব অবশ্যই বড় খবর। এসব যাতে বাইরে না আসে, তা সবাইকেই নিশ্চিত করতে হবে। আমার পারিবারিক ঝুট-ঝামেলার কথা কি আমি সবাইকে বলে বেড়াব? স্টুয়ার্ট ল আজ (কাল) বলেছেন, ড্রেসিংরুম হওয়া উচিত খেলোয়াড়দের অভয়ারণ্য, আপনারও কি তাই মনে হয়?পাইলট: অবশ্যই। ড্রেসিংরুম খেলোয়াড়দের জায়গা। ম্যানেজমেন্টের কেউ মাঝেমধ্যে সেখানে যেতে পারে। সেটাও নির্ভর করে নির্দিষ্ট মানুষের ওপর। বোর্ড পরিচালকদের অনেকের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক সহজ, অনেকের সঙ্গে আবার দূরত্ব আছে। যারা হেড অব ডেলিগেশন বা এই জাতীয় দায়িত্বে থাকবেন, তাঁদের নিজেদেরই এটা বোঝা উচিত। বাইরের কেউ ড্রেসিংরুমে থাকলে ঠিক কী ধরনের সমস্যা হয়?পাইলট: ড্রেসিংরুমে ক্রিকেটাররা অনেক কিছুই করতে পারে। হাসি-তামাশা করে, আয়েশি পোশাকে থাকতে পছন্দ করে। সব সময় সেখানে বাইরের কেউ থাকলে অস্বস্তি তো হবেই। অনেকে নিজের মতো থাকতে পছন্দ করে। বোর্ড পরিচালকদের সবার সঙ্গে তো আর সব ক্রিকেটারের সম্পর্ক সহজ নয়। এমন কেউ যদি ড্রেসিংরুমে থাকে, যাকে কোনো ক্রিকেটারের পছন্দ নয়, তাহলে তার মনোযোগে সমস্যা হবে নিশ্চিতভাবেই। ড্রেসিংরুমে কর্মকর্তাদের থাকার কারণে সমস্যা-অস্বস্তি হয়েছে, নিজের ক্যারিয়ারে এমন কোনো ঘটনা মনে পড়ে?পাইলট: অনেক অনেক ঘটনা আছে। একজন নির্বাচকের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, এটা সবারই জানা ছিল। যেকোনো কারণেই হোক তিনি আমাকে পছন্দ করতেন না। আমি সেটা জানতাম। তিনি যখন ড্রেসিংরুমে আসতেন, আমার মনোযোগ তার দিকেই চলে যেত। কী করছেন, কী ভাবছেন, না চাইলেও এসব মনের ভেতর চলে আসে। দেখুন, ড্রেসিংরুমে অনেকেই অনেক মজা-ফাজলামো করে। কর্মকর্তারা হয়তো এসবকে সিরিয়াসলি নিয়ে নিতে পারেন। তারপর ওই ক্রিকেটারের খারাপ সময় এলে তখন ওসবও দোষ হয়ে যায়। ইমরান খান পাকিস্তানের এক কর্মকর্তাকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন। স্টুয়ার্ট ল যেভাবে বলেছেন, তাতে কি মনে হয় বাংলাদেশের এই ধারা পাল্টাবে?পাইলট: পাল্টানো তো উচিত। ক্রিকেটাররা কর্মকর্তাদের সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু তারা তো ক্রিকেটারদের বন্ধু নন। বয়সের ব্যবধান আছে, মানসিকতার আছে। তাদের সামনে আপনি নিজেদের মতো থাকতে পারবেন না। অথচ ক্রিকেট খেলাটা এমন যে মানসিকভাবে রিলাক্সড থাকাটা খুব জরুরি। জিম্বাবুয়েতে যা হয়েছে, আপনার কি মনে হয় সাকিব-তামিমকে অব্যাহতি দেওয়ার পেছনে সেই প্রতিশোধস্পৃহা কাজ করেছে?পাইলট: আমার তা মনে হয় না। সবাই দেশের ক্রিকেটের ভালোই চায়। সাকিব-তামিমের অনেক শেখার আছে, আমাদের কর্মকর্তাদের ক্রিকেটারদের মন-মানসিকতা বুঝতে হবে। কয়েক বছর ধরেই দেখছি, ক্রিকেটার আর ম্যানেজমেন্টের মাঝে কেমন যেন দূরত্ব। এমন হলে দেশের ক্রিকেট কীভাবে এগোবে? সবাই মিলে একটা পরিবারের মতো থাকতে হবে।