‘ঢাকা অবরোধ’ নিয়ে হেফাজতের প্রস্তুতি ও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবিতে আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে সারা দেশে গণসংযোগ করাসহ সাংগঠনিক প্রস্তুতি চালাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে ওই পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা অনুকূলে থাকবে, তা নিয়ে আশঙ্কায় আছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা।এই আশঙ্কার কারণ সম্পর্কে জানতে চাইলে হেফাজতের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারবিরোধী কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে কি না, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে একধরনের শঙ্কা রয়েছে। তাই এ কর্মসূচি যাতে সফল না হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে কৌশল নেওয়া হতে পারে।হেফাজতের নেতারা মনে করেন, ৫ মের আগেই জামায়াতে ইসলামীর দুই নেতা গোলাম আযম ও মুহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় ঘোষণার ব্যবস্থা করতে পারে সরকার। যাতে রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় সহিংসতা শুরু করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় এবং হেফাজতের কর্মসূচিতে ব্যাঘাত ঘটে।অবশ্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দাবি করেন, ‘কোথায় কী হচ্ছে, কার মামলার রায় হবে, এরপর কী হবে—সেগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথ্যা নেই। আমরা ইমান রক্ষার আন্দোলন করছি। যেকোনো পরিস্থিতিতে আমাদের কর্মসূচি পালিত হবে।’গত বুধবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের জরুরি সভায় যেকোনো মূল্যে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়। এর আগে পূর্বঘোষিত বিভিন্ন অঞ্চলের মাসব্যাপী ‘রিসালত সম্মেলন’ সম্পন্ন করার পাশাপাশি নতুন কিছু এলাকায়ও সমাবেশ করার সিদ্ধান্ত হয়।সংগঠনের একাধিক সূত্র জানায়, অবরোধ কর্মসূচির আগে ঢাকার সব কটি প্রবেশমুখে পৃথক সমাবেশ করা হবে। এর আগেই রংপুর, বগুড়া, চট্টগ্রাম, খুলনা ও যশোরে সমাবেশ করার কথা রয়েছে। সে লক্ষ্যে হেফাজতের নেতারা দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদ্রাসায় গণসংযোগ করছেন।৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ শেষে মতিঝিলের মহাসমাবেশ থেকে মাসব্যাপী কর্মসূচি শেষে ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুরে বড় ধরনের সমাবেশ করেছে সংগঠনটি। এসব সমাবেশে সংগঠনের ১৩ দফার পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। একই সঙ্গে ১৩ দফার বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করে বক্তব্য দেন হেফাজতের নেতারা।