‘ঢাকা চলো কর্মসূচিতে’ বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ১২ মার্চের ‘চল চল ঢাকা চল’ কর্মসূচিতে সরকার বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি সরকারকে গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানান। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘একুশের চেতনা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট।মির্জা আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘জনগণের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। গণতন্ত্রকে তার নিজস্ব চালে চলতে দিন। বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য গড়ে তুলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শেখ মুজিবুর রহমানও এই জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি, স্বাধীনতার ৪০ বছর পরও আমরা জাতিকে বিভক্ত করছি।’ মির্জা ফখরুল আরও বলেন, দাড়ি-টুপি পরলেই তাকে মৌলবাদী বলা যাবে না। কারণ, এটাই আমাদের সংস্কৃতির অংশ। ধর্ম পালন করা নিজস্ব ব্যাপার। ধর্ম পালন করলেই তাকে মৌলবাদী বলা উচিত নয়। সব মত ও আদর্শের লোক যার যার ধর্ম পালন করার অধিকার রাখে।সাংস্কৃতিক জোটের সভাপতি চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কবি আল মুজাহিদী, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।কামরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বিএনপি নেতা রহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনি দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় বহিষ্কৃত হয়েছিলেন। তা প্রত্যাহার করা হলো। দল আশা করে, এখন থেকে শৃঙ্খলা মেনে কাজ করবেন।’