‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ শুনলেই বুকটা মোচড় দিয়ে ওঠে
‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ শব্দটি শুনলেই রাবেয়া বেগমের বুকটা ‘চিক’ করে (মোচড় দিয়ে) ওঠে। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে দেখলে নিজের ছেলের কথা মনে করে কাঁদতে শুরু করেন এই মা। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ছেলে আবু বকর। সেই থেকে কান্নাই তাঁর সঙ্গী।চলতি মাসের শুরুতে এই প্রতিবেদক টাঙ্গাইলের মধুপুরে বকরের বাড়িতে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসার খবর শুনেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন রাবেয়া বেগম। অনেকক্ষণ কোনো কথাই বলতে পারছিলেন না তিনি।রাবেয়ার ছেলে আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে পড়তেন। থাকতেন স্যার এ এফ রহমান হলে। গত বছরের ফেব্রুয়ারিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বলি হন। মৃত্যুর পর তৃতীয় বর্ষের পরীক্ষার ফল বের হয়। তাতে প্রথম হয়েছিলেন বকর।টাঙ্গাইল জেলার মধুপুরের গোলাবাড়ির ‘দিন এনে দিন খাওয়া’ পরিবারের ‘সম্পদ’ ছিলেন আবু বকর। পরিবারটির তিন ছেলে, দুই মেয়ের মধ্যে তৃতীয় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, ভালো ছাত্র। সবাই বলেছে, ছেলেটি দাঁড়াতে পারলে পরিবারও দাঁড়িয়ে যাবে। এ আশায় মুরগি বিক্রির টাকা থেকে শুরু করে ধান বিক্রির টাকা—সবই বকরের পেছনে ব্যয় করেছিল তাঁর হতদরিদ্র পরিবার। বর্গা নেওয়া জমি ফসলসহ আবার বর্গা দিয়েছে ছেলের লেখাপড়ার খরচ জোগাতে। ছুটিতে বাড়িতে গেলে বকর নিজেও দিনমজুরির কাজ করতেন, মাছ ধরে বাজারে বিক্রি করতেন।বকরের আর দাঁড়ানো হলো না। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে পরিবারটির। বকরের বাবা রুস্তম আলীর (৭০) ভাষায়, ‘সবই বৃথা, কপালের দোষ। আমার ছেলে তো রাজনীতি করে নাই। যারা মারামারি করল, তারা ক্লাস করে, রাজনীতি করে। শুধু আমার ছেলে নাই।’অসহায় এই বাবার আক্ষেপ, ‘আমার সোনার ছেলে মইর্যা গেল, কোনো বিচার নাই। আমি একটা দিনমজুর, আমার জজ-ব্যারিস্টার, এমপি-মিনিস্টার নাই। আমি ক্যামনে তাদের সাথে পারমু।’বকরের বাবা রুস্তম আলী জানান, আবু বকর মারা যাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই লাখ এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বাঁধন’ এক লাখ টাকা দিয়েছিল। সে টাকা ঋণ শোধ করতেই শেষ হয়ে গেছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ব্যক্তিগতভাবে বকরের বড় ভাই আব্বাস আলীর একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদমূল সড়ক থেকে তাঁদের বাড়িতে যাওয়ার রাস্তাটির নাম রেখেছে বকরের নামে।বকরের পরিবারের পাওয়া এতটুকুই। বাড়ির পাশেই বকরের কবর। পাশে ধানখেত। অবসরে সেই ধানখেতের আলে বসে শুধু মাথা হাতড়ান বকরের বাবা। এখন তাঁর চোখে আর পানি আসে না। এখন আর সবকিছু মনেও রাখতে পারেন না। রুস্তম আলী বলেন, ‘ছেলেটা মারা যাওয়ার পর মাথা থেকে শুধু আগুন বের হয়।’বকরের মায়ের এখন আর কোনো কিছুই চাওয়ার নেই। তিনি শুধু ছেলের জন্য দোয়া চান, যেন ছেলে বেহেশতে যেতে পারে।