মিলা-ইতোর দেশে তাঁর জন্ম। মিলাকে আদর্শ মেনেই ফুটবলার হয়েছেন জিনস জুলস ইকাঙ্গা। গ্রামীণফোন ফেডারেশন কাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া বিজেএমসির ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইংরেজি জানেন না। কথা বলেন ফরাসি ভাষায়। বন্ধু বেইবেককে দোভাষী বানিয়ে জানালেন তাঁর অনুভূতি দল হারল। কিন্তু আপনি টুর্নামেন্ট-সেরা হলেন। আনন্দটা তো পরিপূর্ণ হলো না...জিনস জুলস ইকাঙ্গা: আমি খুবই হতাশ। খুব খারাপ লাগছে। দল চ্যাম্পিয়ন হলে এই আনন্দ আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম। আসলে ভাগ্যটা আমাদের পক্ষে ছিল না। এ কারণেই জিততে পারলাম না। তবে আশা করি, লিগে (বাংলাদেশ লিগ) আমরা আরও ভালো খেলব। বাংলাদেশে তো এবারই প্রথম এলেন। কেমন লাগছে?ইকাঙ্গা: হ্যাঁ। প্রথমবারের মতো এখানে খেলতে এসেছি। এখনো কোথায় সেভাবে ঘুরতে যাইনি। বিজেএমসির ক্লাব কর্মকর্তারা খুবই ভালো। আমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। আলফাজ-জনিদের মতো কিছু ভালো সতীর্থ পেয়েছি। সব মিলিয়ে বলব, ভালোই লাগছে। বাংলাদেশ সম্পর্কে কি আগে কোনো ধারণা ছিল?ইকাঙ্গা: না। বাংলাদেশ কোথায়, সেটাই তো ঠিকমতো জানতাম না। আমার এক বন্ধু একদিন আমাকে এখানে খেলতে আসার প্রস্তাব দেয়। পরে বিজেএমসির এক কর্মকর্তার সঙ্গে কথা বলি। এরপর ঢাকায় এসে ট্রায়ালে টিকে গেলাম। এর আগে কোথায় খেলতেন?ইকাঙ্গা: ক্যামেরুনেই স্থানীয় ক্লাবে খেলেছি। একবার ক্যামেরুনের জুনিয়র দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলাম। কিন্তু পরে বাদ পড়ে যাই। কেমন লাগছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল?ইকাঙ্গা: এর আগে যে ম্যাচগুলো হয়েছে, সেগুলোতে মাঠে তেমন দর্শক দেখিনি। তবে আজ (কাল) গ্যালারিতে দেখলাম অনেক দর্শক। এটা দেখে খুবই ভালো লাগল। আমাদের দেশে কিন্তু যেকোনো ঘরোয়া ম্যাচে অনেক দর্শক থাকে। ক্যামেরুনের কোন শহরে জন্ম আপনার?ইকাঙ্গা: রাজধানী ইয়াউন্ডিতে জন্ম, সেখানেই বেড়ে উঠেছি। সেখানেই আমার ফুটবল খেলা শুরু। ফুটবলারই হতে চেয়েছিলেন, নাকি অন্য কিছু?ইকাঙ্গা: আমার বাবা ফুটবলার ছিলেন। তিনি চাইতেন আমিও যেন ফুটবলার হই। তাঁর উৎসাহেই আসলে আমি ফুটবলার হয়েছি। তবে আরও একজন অদৃশ্যভাবে আমাকে স্বপ্ন দেখাতেন। তিনি হচ্ছেন রজার মিলা। ছোট বেলায় উনার খেলা দেখে মনে হতো ফুটবলার হব। মিলা না হয় আদর্শ, কিন্তু এখন যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে প্রিয় খেলোয়াড় কে?ইকাঙ্গা: ম্যান সিটির ইয়া তোরে। আমি নিজেও একজন মিডফিল্ডার। তাই আইভরি কোস্টের এই মিডফিল্ডারের মতো খেলার চেষ্টা করি। আর এখন ম্যান সিটির খেলা থাকলেই অন্য সব বাদ দিয়ে টিভির সামনে বসে পড়ি। বাংলাদেশি খাবার কেমন লাগছে?ইকাঙ্গা: মাত্রই তো কিছুদিন এলাম। এখনো সেভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। তবে ঢাকার পরোটা খুব মজার। এখানকার পরোটা খেতে খুব পছন্দ করি।