এবারের বাংলাদেশ লিগে আগে পাওয়া আবাহনীর তিনটি জয়েই আছে তাঁর অবদান। ঘানাইয়ান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক কালও পার করলেন আবাহনীকে। কমলাপুরে খেলা শেষে বললেন বাংলাদেশের ফুটবল ও নিজের ক্যারিয়ার সম্পর্কে আপনার গোলেই আবাহনী জিতল। নিশ্চয়ই খুশি?তুয়াম ফ্রাঙ্ক: খুবই ভালো লাগছে। আমার গোলে দল জিতেছে বলেই আনন্দটা বেশি। প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসে কেমন লাগছে?ফ্রাঙ্ক: এখানকার পরিবেশ, বিশেষ করে আবাহনী ক্লাবের কর্মকর্তা, অন্য খেলোয়াড় সবাই আমাকে দারুণ সহযোগিতা করে। কোচও খুব ভালো মানের। নিজেকে খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছি। আবাহনীর হয়ে এরই মধ্যে ৬ ম্যাচে ৪ গোল করেছেন। লিগ শেষে কোথায় দেখতে চান নিজেকে?ফ্রাঙ্ক: সবই আল্লাহর ইচ্ছা। আমি শুধু আমার খেলাটা খেলছি। মাঠে নেমে অবশ্যই আমার লক্ষ্য থাকে গোল করা। লিগ শেষের কথা বলছেন? মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছা আমার। আবাহনীর সঙ্গে যোগাযোগটা হলো কীভাবে?ফ্রাঙ্ক: (পাশে দাঁড়ানো আউডু ইব্রাহিমকে দেখিয়ে)। ও-ই আমাকে প্রথমে প্রস্তাব দেয়। এরপর রুপু সাহেবের (ম্যানেজার সত্যজিৎ দাস) সঙ্গে কথা হয়। ধন্যবাদ তাকে, ওনার মাধ্যমেই ঢাকায় খেলার সুযোগ হলো। কেন আপনি বাংলাদেশকেই বেছে নিলেন...ফ্রাঙ্ক: আমি একজন পেশাদার ফুটবলার। ফুটবল আমার নেশা, চাকরি। যেখানে সুযোগ পাব সেখানেই খেলতে আসব। এর আগে কোথায় খেলতেন?ফ্রাঙ্ক: ওমানে। ওমানের প্রথম বিভাগের দল ওমান ক্লাবে। ঢাকায় এসে বাংলাদেশি খাবারে কি অভ্যস্ত হয়েছেন?ফ্রাঙ্ক: এখনো সেভাবে অভ্যস্ত হইনি। রুমে মাঝেমধ্যে আমাদের দেশীয় খাবার দিয়ে যায় ক্লাব থেকে। আর বাংলাদেশি খাবারের মধ্যে পরোটাটাই ভালো লাগে। ভালো লাগে মাটন চপ ও বিফও। ঢাকার বাইরে কি কখনো খ্যাপ খেলতে গেছেন?ফ্রাঙ্ক: হ্যাঁ। গিয়েছি। তবে কোথায় সেই জায়গাটার নাম বলতে পারব না। তবে ওখানকার দর্শক সমর্থন দারুণ উপভোগ করি। ঢাকার ফুটবলের দর্শকদের কেমন লাগে?ফ্রাঙ্ক: সত্যি বলতে কি, ওমানে খুব বেশি দর্শক দেখিনি। ওখানকার ফুটবলে তেমন উন্মাদনাও দেখিনি। সেই হিসেবে এখানে ভালোই দর্শক হয়। এদের ক্লাবের প্রতি অন্ধ সমর্থন দেখে খুব ভালো লাগে। দেশের কথা নিশ্চয়ই মনে পড়ে?ফ্রাঙ্ক: হ্যাঁ। আমার পরিবারকে অনেক মিস করি। বিশেষ করে বেশি মিস করি আমার বাবা এনটিমকে। আমার বাবার আগ্রহেই ফুটবলার হয়েছি। পরিবারে আর কে কে আছেন?ফ্রাঙ্ক: আমার দুই বোন আর এক ভাই আছে। আর কেউ কি খেলাধুলায় আছে?ফ্রাঙ্ক: না। কেউ খেলে না। তবে একসময় বাবা ফুটবল খেলতেন। স্থানীয় ক্লাবে খেলেছেন। ঘানার জাতীয় দলে খেলার স্বপ্ন তো দেখেছেন একসময়...ফ্রাঙ্ক: জাতীয় দলে খেলা যেকোনো ফুটবলারেরই স্বপ্ন। একবার আমি ডাক পেয়েছিলাম অনূর্ধ্ব-১৯ দলে। কিন্তু বাছাইয়ের পর আর টিকতে পারিনি। ঢাকায় ঘানার আরও অনেক খেলোয়াড় আছে। তাঁদের সঙ্গে যোগাযোগ কেমন?ফ্রাঙ্ক: (ব্রাদার্সের এনক বেনটিলকে দেখিয়ে) ও আমার ভালো বন্ধু। খেলা না থাকলে দুজন ঘুরতে যাই। মার্কেটে কেনাকাটা করি। একসঙ্গে আড্ডা দিই।