ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সময় উইকেটে ছিলেন। পাকিস্তানের কাছে ফাইনালে হারের সময়ও উইকেটে মাহমুদউল্লাহ। খুব কাছ থেকে সবকিছু দেখার আনন্দের উল্টো পিঠে তাঁর অনেক হতাশাও আছে। এশিয়া কাপটা জাতীয় দলের সহ-অধিনায়কের স্মৃতিতে থাকবে চিরকাল এশিয়া কাপের উথাল-পাথাল করা অভিজ্ঞতার তিন দিনের মধ্যেই আবার মাঠে নেমে পড়তে হলো। কতটা কঠিন ছিল?মাহমুদউল্লাহ: কঠিন কিছু নয়। আমি পেশাদার খেলোয়াড়। সব পরিস্থিতির সঙ্গেই দ্রুত মানিয়ে নিতে হবে। সেটা আমার দায়িত্বও। কাজেই এটা কোনো ব্যাপার নয়। প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। এর সঙ্গে একাত্ম হয়ে পড়েছি। এশিয়া কাপে বাংলাদেশ তো সবাইকে চমকে দিল। আপনারও কি কল্পনায় ছিল এমন কিছু?মাহমুদউল্লাহ: ঠিক ওভাবে কল্পনা করিনি। তবে আত্মবিশ্বাস ছিল, ভালো করব। ভারতকে হারানোর পর আমাদের নিজেদের ওপর বিশ্বাসটা অনেক বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে আসি। ওই জয় ফাইনালে আর সবার মতো আমাকেও অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে এসেছি। টুর্নামেন্ট শুরুর আগে সেটাই ছিল আমাদের মূল পরিকল্পনা। ফাইনালে অমন হারের পর পুরো দেশই কেঁদেছে। আপনার কষ্টটা সবচেয়ে বেশি হওয়ার কথা। উইকেটে ছিলেন, পারলেন না...মাহমুদউল্লাহ: হ্যাঁ, এই দুঃখ তো আছেই। আমি তখন উইকেটে। চেষ্টা করেছি হয়নি। কী করার আছে! আমার কষ্টটা আর সবার চেয়ে মনে হয় বেশিই। এত কাছে ছিলাম। কিন্তু দলকে জিতিয়ে ফিরতে পারলাম না। শেষ ওভারটা যদি স্মরণ করতে বলি, কী পরিকল্পনা ছিল?মাহমুদউল্লাহ: শেষ ওভারে ওভাবে আলাদা কোনো পরিকল্পনা ছিল না। ৬ বল, ৯ রান। বল মারব, রান নিতে হবে....এটাই তখন ভেবেছি। আর কিছু নয়। চতুর্থ বলে ওভার থ্রো থেকে তিনটি রান না নিলেই কি ভালো হতো? আপনি স্ট্রাইকে থাকতেন...মাহমুদউল্লাহ: আসলে তখন অত কিছু ভাবিনি। রান নেওয়ার সুযোগ ছিল, নিয়েছি। সে সময় রান নেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল। কে স্ট্রাইকে, কে নন-স্ট্রাইকে...এসব ওই মুহূর্তে মাথায় আসেনি। তাই রান নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আইজাজ চিমা ইচ্ছাকৃতভাবে আপনাকে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিসিবি। তা-ই যদি হয়, আপনি কি আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন? মাহমুদউল্লাহ: আমি আম্পায়ারের কাছে কোনো অভিযোগ করনি। তবে লক্ষ করেছি, আম্পায়ার ব্যাপারটা দেখেছেন। আম্পায়ার চিমাকে আঙুল উঁচিয়ে কী যেন বললেনও। সম্ভবত সতর্ক করেছেন। যেহেতু আম্পায়ারই বিষয়টা দেখেছেন, তাই আমি আর অভিযোগ করার দরকার মনে করিনি। সব মিলিয়ে এশিয়া কাপের অভিজ্ঞতাটা কেমন হলো। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সময়ও আপনি উইকেটে ছিলেন...মাহমুদউল্লাহ: এশিয়া কাপের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। এই একটি শব্দেই সব বোঝানো সম্ভব। এর বেশি আর কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। তবু একটু বলুন। সব কিছু তো কাছ থেকে দেখেছেন...মাহমুদউল্লাহ: দুই রকম অনুভূতিই হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সময় উইকেটে থাকার আনন্দ কোনো দিন ভুলব না। ফাইনালটা আনন্দময় হতে হতেও হয়নি। তখনো আমি উইকেটে। পারলাম না। তবে ফাইনালে ওঠা এবং গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করল আমাদের দল। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচটা হারলেও তাতে আমরা খুব ভালো খেলেছি। সব মিলিয়ে এশিয়া কাপটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির এক টুর্নামেন্ট।