বিদ্রোহের আগে বিডিআর জওয়ানরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গিয়ে তাঁদের দাবিদাওয়া সম্পর্কে বলেছিলেন। তবে তিনি বিষয়টি সরকারকে অবহিত করেননি। এর কারণ হিসেবে বলেন, ‘তখনো বুঝিনি এ রকম ঘটনা তারা ঘটাবে।’গতকাল সোমবার পিলখানা হত্যা মামলার সাক্ষ্যে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে শেখ সেলিম এ কথা বলেন। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা ছাড়াও গতকাল পিলখানা হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা, এটিএন বাংলার ক্যামেরাম্যান রিপন শেখ এবং ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও রাশেদ কবির সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় ৩৪৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চলছে পিলখানা হত্যা মামলার বিচার। গতকাল সকাল ১০টায় আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন শেখ ফজলুল করিম সেলিম। তিনি আদালতকে বলেন, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর বনানীর বাসার নিচতলায় তিনি গণসাক্ষাৎ করছিলেন। এ সময় ছয়-সাতজন লোক নিজেদের বিডিআরের জওয়ান পরিচয় দিয়ে দেখা করতে চান। ডিএডি (উপসহকারী পরিচালক) হাবিব, ডিএডি জলিল, সিপাহি সেলিম, সিপাহি মঈন, সিপাহি তারেক, সিপাহি আইয়ুব নিজদের পরিচয় দিয়ে তাঁদের কিছু দাবিদাওয়া আছে বলে জানান। কী দাবি জানতে চাইলে রেশন, যাতায়াত ভাতা, ছুটি, বিদেশে মিশনে যাওয়া, তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি সমস্যাসহ কিছু দাবি উপস্থাপন করেন। শেখ সেলিম আদালতকে বলেন, ‘এসব শুনে আমি বলি, এত কিছু আমার মনে থাকবে না। আপনারা লিখে জানান। বিডিআর সদস্যরা তাঁদের দাবিগুলো লিখিত আকারে দিলে আমি তাঁদের পরামর্শ দিয়ে বলি, আপনারা বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। এরপর তাঁরা চলে যান।’ তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনার দিন বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় বিডিআরের পক্ষ থেকে যে ১৪ জন গিয়েছিলেন, তাঁদের মধ্যে ডিএডি হাবিব, ডিএডি জলিল ও সিপাহি সেলিমকে তিনি দেখতে পান। সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার ও ফারুক আহমেদসহ কয়েকজন শেখ সেলিমকে জেরা করেন। জেরায় প্রশ্ন করা হয়, ‘আপনার ওপর সরকারের কী কী দায়িত্ব রয়েছে।’ জবাবে সেলিম বলেন, তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, গোপালগঞ্জ-২ আসনের সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আইনজীবীর প্রশ্ন: বিডিআর সদস্যরা যেদিন আপনার বাসায় দেখা করেন, সেদিন আর কারা দেখা করেছিলেন? সেলিম: অনেকেই এসেছিল। এখন স্মরণে নেই। আইনজীবী: ক্ষমতাসীন দলের নেতা হওয়ার কারণে সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত সংস্থার লোকজন প্রায়ই বিভিন্ন দাবি নিয়ে আপনার কাছে আসে?সেলিম: হ্যাঁ, আসে। আইনজীবী: তারা দাবিদাওয়াগুলো কি মৌখিক না লিখিত আকারে দেয়?সেলিম: এটা অবস্থা বুঝে দেয়। আইনজীবী: বিডিআরের ডিএডি পদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বাহিনীর পদ, এটা জানেন? সেলিম: হ্যাঁ জানি। এ কারণেই তাঁদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে বলেছিলাম। আইনজীবী: বিডিআর সদস্যরা যখন দেখা করেছিলেন, তখন আপনি কোনো অঘটন ঘটার আশঙ্কা করেছিলেন? সেলিম: না, কোনো অঘটনের আশঙ্কা করিনি। আইনজীবী: বিডিআর সদস্যদের দাবিদাওয়ার বিষয়টি সরকার, দলীয় ফোরাম বা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন?সেলিম: না, জানাইনি। তখন বুঝিনি এ রকম ঘটনা তারা ঘটাবে।শেখ সেলিমের জেরার পর বেলা পৌনে ১২টার দিকে সাক্ষ্য দেন এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা। তিনি বলেন, ঘটনার দিন পেশাগত দায়িত্ব পালন করতে তিনি বিডিআর ৩ নম্বর ফটকে ছিলেন। এ সময় সাক্ষাৎকার নেওয়ার সময় জওয়ানরা তাঁদের দাবিদাওয়ার কথা বলেন। জওয়ানদের হাতে তখন অস্ত্র ও গ্রেনেড ছিল। বিডিআর মহাপরিচালকের ব্যাপারে জানতে চাইলে জওয়ানরা জানান, তিনি ভালো আছেন। মুন্নী সাহা বলেন, জওয়ানদের নেতা কে, জানতে চাইলে তখন তাঁরা নায়েক শহিদের নাম বলেন। এসব তিনি ক্যামেরায় ধারণ করেন। বিদ্রোহের পর তিনি গুলশানে এক আত্মীয়ের বাসা থেকে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের সাক্ষাৎকার নেন। সাক্ষ্য শেষে মুন্নী সাহাকে আসামিদের পক্ষের আইনজীবী ফারুক আহমেদ জেরা করেন। বিচারক জহুরুল হক কাল বুধবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।