‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা ধরে রাখতে সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সংবিধান সংশোধন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধানে যেসব পরিবর্তন আনা হয়েছে তা গণতন্ত্রবিরোধী।’সীমান্তে হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারত সীমান্ত এলাকায় নিরস্ত্র মানুষ হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, ভারতের ব্যবসা বিস্তারের জন্য সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। তাদের মালামাল বহনের জন্য তিতাস নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা সরকারের নতজানু মনোভাবের প্রকাশ।মির্জা ফখরুল বলেন, ‘দেশ আজ চরম সংকটে। অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়। সরকার নিজে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিচ্ছে। আর উন্নয়নের বরাদ্দ দলীয় কর্মীরা লুটপাট করে খাচ্ছে। দাতা সংস্থা সরকারের দুর্নীতির কারণে অনুদান বন্ধ করে দিয়েছে।’