‘তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে লাইভ ইস্যু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের কাছে ডেড ইস্যু হলেও জনগণের কাছে এটা লাইভ ইস্যু।’বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় খায়রুল কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মামলায় তাঁকে আদালত জামিন দিলেও আরও দুটি মামলায় পুলিশ তাঁকে আটক দেখায়।সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার জন্ম দিয়েছিল, তারাই আবার হত্যা করেছে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ নির্বাচন করতে দেবে না। জুলুমবাজ এই সরকার যে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে—এসব করে বেশি দিন টিকে থাকতে পারবে না। অতীতেও কোনো জুলুমবাজ সরকার টিকে থাকতে পারেনি।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিতে চাই। কেননা, তিনি বুঝতে পেরেছেন, তাঁদের সরকার শাক দিয়ে মাছ ঢাকতে চায়। ওবায়দুল কাদের বুঝতে পেরেছেন, এই সরকার জনগণের ভাষা বুঝতে পারে না। তিনি উপলব্ধি করেছেন, অর্থমন্ত্রী অনর্থক বেশি কথা বলেন।’ তিনি বলেন, ‘ডিজেলচালিত গাড়ি কালো ধোঁয়ার সৃষ্টি করে। ডিজেল আর সিএনজির দাম এক করা হলে আবার কালো ধোঁয়ায় ঢাকা শহর ছেয়ে যাবে। এই নির্বোধ সরকার তা-ও বোঝে না।’মির্জা আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না। তিনি নোবেল পুরস্কারের জন্য বিদেশে গিয়ে শান্তির প্রস্তাব দিয়েছেন। তাঁকে অনুরোধ করব, আগে নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করুন—জনগণকে শান্তিতে রাখেন। তার পর বিশ্বশান্তির মডেল দেন।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে দুর্নীতি হচ্ছে। লুটপাট করার জন্য তারা তেলের দাম বাড়িয়েছে। তাদের দুর্নীতি আর লুটপাটের টাকা লন্ডন, আমেরিকায় যাচ্ছে। তিনি বলেন, জনগণের সরকার ক্ষমতায় গেলে এসব লুটপাটের হিসাব নেওয়া হবে। দুর্নীতিবাজদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।