সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু
‘তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব থাকলে সংসদে তুলে ধরুন’
২০১০-১১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা বিরোধী দলের হরতালের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘হরতাল বাদ দিয়ে সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব থাকলে তুলে ধরুন। ইস্যু ছাড়া হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা বন্ধ করুন।’আজ রোববার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে ২০১০-২০১১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রথম বক্তা ছিলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, ‘হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এ হরতাল বাদ দিয়ে সংসদে আসুন।’বাজেট আলোচনায় অংশ না নিয়ে ও বিরোধী দলের ভূমিকা পালন না করায় বিএনপির কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘আগামী অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে। বিরোধী দল কোথায় এসে আলোচনায় অংশ নেবে, তা না করে রাস্তায় নেমেছে হরতাল করতে। এর জন্য জনগণ তাদের ভোট দেয়নি; বিরোধী দলের ভূমিকা পালন করছে না তারা।’আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় কী ধরনের তত্ত্বাবধায়ক সরকার চায়, বিরোধী দলকে তা-ও সংসদে এসে তুলে ধরার আহ্বান জানান সুরঞ্জিত।২৬ মন্ত্রণালয়ের ব্যর্থতায় ক্ষোভ: বাজেট বরাদ্দের অর্থ ব্যয় করতে ব্যর্থ হওয়া ২৬টি মন্ত্রণালয়ের কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দে সাত হাজার ৭৭৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আবার দেখা গেল, গত অর্থবছরে ২৬টি মন্ত্রণালয় নয় হাজার ৯৩৮ কোটি টাকা খরচ করতে পারেনি। এরা কোন কোন মন্ত্রণালয়, কোন কোন মন্ত্রী দয়া করে একটু জানান; এটা আমরা জানতে চাই। ওদের ধরিয়ে দিন, তা আমি বলব না।’এ পর্যায়ে সুরঞ্জিতকে উদ্দেশ করে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘মাননীয় সদস্য, আপনি যে সুরে বলছেন; তাতে আপনার কাছে নাম প্রকাশ করলে তো বিপদ হতে পারে।’ এরপর সুরঞ্জিত বলেন, ‘যারা টাকা খরচ করতে পেরেছে, তাদের ধন্যবাদ জানালাম। আর যারা পারেনি, তাদের নিন্দা না করি; অন্তত চিনে রাখা উচিত।’পরে বাজেট বরাদ্দের অর্থ ব্যয় করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী বিদ্যুত্ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সমালোচনা করেন সুরঞ্জিত। এ সময় অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাজেট বরাদ্দের টাকা খরচ করতে পারল না, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন, সে কথা সম্পূরক বাজেটে উল্লেখ নেই। যদি কোনো ব্যবস্থা নাও নেন, তবে পুরস্কৃত করেন বা প্রমোশন দেন। তাও আমরা বুঝতাম, আপনি কিছু একটা করছেন।’