পদ্মা সেতু নিয়ে দুদকে বিশ্বব্যাংকের প্রতিবেদন
‘তথ্যগত অসংগতি আছে প্রত্যাখ্যান করছি না’
দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘দুদকের তদন্ত বা প্রাপ্ত তথ্যের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তথ্যগত অসংগতি রয়েছে।’ গতকাল বুধবার বিকেলে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজ কার্যালয়ে অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রহমান এ কথা বলেন।কয়েকটি জাতীয় দৈনিকে গতকাল প্রকাশিত পদ্মা সেতুর অনিয়মের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোলাম রহমান। প্রকাশিত ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করার বিষয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘না, আমি এটা প্রত্যাখ্যান করছি না। কারণ, কোনো পত্রিকায় দুদকের তথ্য বলে দাবি করা হয়নি। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতাও রয়েছে। সংবাদপত্র যেকোনো সময় যেকোনো সোর্স থেকে নিউজ পেতেই পারে।’পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ শতাংশ অর্থ কমিশন চাওয়ার বিষয়ে গোলাম রহমান বলেন, ‘এ-সম্পর্কিত কোনো তথ্য বা প্রমাণ আমাদের হাতে এখনো আসেনি।’ তাহলে মন্ত্রী, সচিব ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো, এ ব্যাপারে আপনার বক্তব্য কী—এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘পুরো বিষয়টি ছিল দরপত্র প্রক্রিয়ার মধ্যে, যেখানে পরামর্শক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এসব প্রক্রিয়ার সঙ্গে মন্ত্রী, সচিব বা কোনো ধরনের শীর্ষ কর্মকর্তা সরাসরি জড়িত থাকতে পারেন না। সাধারণত কোনো ব্যর্থতার ঘটনা ঘটলে জনগণের অভিযোগের আঙুল শীর্ষ কর্মকর্তাদের প্রতি ওঠে। এ ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।’অনুসন্ধানের স্বার্থে মন্ত্রী, সচিব বা প্রকল্প পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে হয়তো ডাকব।’ডেসটিনির ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জবানবন্দি মিলিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ১২ কর্মকর্তাকে গতকাল বুধবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থ (ফিন্যান্স), হিসাব (অ্যাকাউন্টিং) ও ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের এসব কর্মকর্তা হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক জামসেদ আরা চৌধুরী, প্রতিষ্ঠানটির শেয়ারধারী বিপ্লব কুমার শীল, মো. মাহবুবুর রহমান, আশরাফুল আমিন ও শাহ আলম। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন সুমন, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রানা, আজাদ রহমান, জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য শান্ত শিকদার ও এস এম আহসানুল করিম। এ নিয়ে সম্প্রতি ডেসটিনি ২০০০ লিমিটেড এবং ডেসটিনি গ্রুপের মোট ৩২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করল দুদক। দুদকের সংবাদ সম্মেলন: এদিকে বুধবার সকালে দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে এর সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, পদ্ম সেতুতে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী দুদক কাজ করছে না। কমিশন স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে অনুসন্ধান করছে।এ ছাড়া লিখিত বক্তব্যে দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কমিশন বিভিন্ন দুর্নীতির বিষয়ে প্রায় চার হাজার ৬১৬টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে কমিশন ৫২০টি অভিযোগ অনুসন্ধান করছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত ৩৫০টি প্রতিবেদন থেকে ৬৪টি প্রতিবেদনের ওপর অনুসন্ধান করছে দুদক।