‘তবু চাইছি গেমসটা হোক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর ২০-২৮ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ গেমসের নানা দিক নিয়ে আছে আলোচনা-সমালোচনা। সেসব নিয়েই প্রশ্নের মুখোমুখি হলেন গেমসের স্টিয়ারিং কমিটির প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি হারুনুর রশিদ প্রস্তুতি-স্বল্পতা নিয়ে এই কদিন অনেক কথা হয়েছে। আপনার চোখে সর্বশেষ চিত্রটা কী?হারুনুর রশিদ: বেশ সন্তোষজনক। সাব-কমিটিগুলোর কাজ প্রায় শেষের পথে। ফেডারেশনগুলোও সব গুছিয়ে এনেছে। আশা করি, ২০ এপ্রিল গেমস শুরু হবে।  কিন্তু গেমস চলাকালে বিরোধী দল হরতাল দিলে কী করবেন?হারুন: আমাদের বিশ্বাস, ওই সময় বিরোধী দল হরতাল দেবে না। এ নিয়ে আবেদন জানাতে পরশু রাতে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। যেকোনো কারণেই হোক, আমরা সাক্ষাৎ করতে পারিনি। আজ রাতে (গতকাল) সময় দেওয়ার সম্ভাবনা আছে।  প্রায় ২২ কোটি টাকার গেমসে সাঁতারে হাতঘড়িতেই সময় নিরূপণ হবে। কেন?হারুন: ইলেকট্রনিক বোর্ড চালানোর দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেশনের। সাঁতারের নতুন ইলেকট্রনিক বোর্ড কিনতে হবে। সেই সামর্থ্য বিওএর নেই, ফেডারেশনের তো নেই-ই। গত এসএ গেমসে মেশিনটা ঠিক করে কাজ চালানো হয়েছিল, যারা ঠিক করেছিল, তারা এবারও ঠিক করে করে দেওয়ার চেষ্টা করবে বলেছে। আর সাঁতারের নষ্ট পানির পাম্পটা ঠিক করতে বলা হয়েছে।  অ্যাথলেটিকসে ইলেকট্রনিক স্কোর বোর্ড থাকবে কি না সেটিও নিশ্চিত নয়। তাহলে কি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর দিকে আপনাদের নজর সেভাবে নেই?হারুন: নজর আছে। আসলে বিষয়টা ফেডারেশনেরই নিশ্চিত করার কথা। কিন্তু এসএ গেমসের সময় তাদের আনা কী কী সরঞ্জাম নাকি চুরি হয়ে গেছে। আমরা ফেডারেশনকে বলে দিয়েছি, ইলেকট্রনিক স্কোর বোর্ড থাকতে হবে। শেষ পর্যন্ত মনে হয় না থাকবে। ফেডারেশন গাঁইগুঁই করে বলছে, চেষ্টা করবে রাখতে। আমরা মিটিংয়ে এনএসসিকে বললাম, অ্যাথলেটিকসের জিনিস চুরি হয়ে গেছে, আপনারা এত দিন কী করলেন?  ২২ কোটি টাকার গেমসে আট কোটি টাকা উদ্বোধনী-সমাপনীর জন্য রাখা হয়েছে। অনেকে বলছেন, ‘গরিব দেশে’ এই খাতে এত টাকা কেন?হারুন: এ সংক্রান্ত কমিটিই বিষয়টা দেখছে। গেমসে উদ্বোধনী আসলে জমজমাটই হয়। এটা গেমসের অলংকারও। সুতরাং সেই হিসাবে উদ্বোধনীর বাজেট করা হয়েছে। এটার দরকারও আছে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। তারাই উপযুক্ত প্রতিষ্ঠান। সুতরাং উদ্বোধনী অনুষ্ঠানটি ভালোই হবে আশা করছি।  উদ্বোধনী আয়োজনে কী থাকছে?হারুন: ১ ঘণ্টা ৪৯ মিনিটের আয়োজন। বিভিন্ন গ্রুপের নাচ, আমাদের সংস্কৃতি থাকবে। আয়োজক কমিটি এটা স্বাধীনতার শুরু থেকে করতে চাইছে। সাঁওতালি এক নামী শিল্পীর পরিচালনায় বিশাল গানের আয়োজন আছে। ৬০০ শিল্পী ওনার সঙ্গে থাকবে। শেষে একটা বেলুনে একটা মেয়ে অথবা ঝুলে আসবে যে মশালটা প্রজ্বালনকারীর কাছে দেবে।  ভেন্যু সংস্কারের মতো অত্যাবশ্যকীয় কাজগুলো করতে বিওএর এত ঢিলেমি কেন? হারুন: আমরা ঢিলেমি করিনি। আসলে বিওএ সরকারের কাছে ভেন্যু সংস্কারের জন্য টাকা চেয়েছিল। কিন্তু সরকার বলছে, অর্থ বছর প্রায় শেষ। এখন টাকা নেই। সরকার গেমস আয়োজন বাবদ যে ৫ কোটি টাকা দিয়েছে, সেখান থেকে এখন ভেন্যু সংস্কারের টাকা খরচ করতে বলছে। সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে ভেন্যু সংস্কারের জন্য একটা ফান্ড আমরা বিওএর পক্ষ থেকে দিয়ে দিচ্ছি।  এত বড় গেমস। বিশাল খরচ। কিন্তু খেলোয়াড়েরা তো কিছু পাচ্ছেন না। তাঁরা বঞ্চিত কেন?হারুন: পৃথিবীর কোথাও গেমসে খেলোয়াড়দের টাকাপয়সা দিতে শুনিনি। এখানে খেলোয়াড়েরা একটা ট্র্যাকসুট, একটা গেঞ্জি, একটা ক্যাপ পাবে। এ ছাড়া পাবে থাকা-খাওয়ার খরচ। খেলোয়াড়দের বেশি দিতে পারলে আমাদেরই ভালো লাগত।  দায়সারা একটা গেমস হওয়ার আলামত দেখছেন অনেকে। আপনি কী বলেন? হারুন: আমাদের দিক থেকে দায়সারা কিছু নেই। সামনে ঝড়বৃষ্টি, রোজা, জাতীয় নির্বাচন আছে। করলে এখনই করতে হবে। ১১ বছর গেমস হয়নি, অনেক সমস্যা। তবু আমরা চাইছি এবার গেমসটা হোক।