‘তবু দেশের টানেই খেলতে আসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর ধরে থাকেন আমেরিকায়। কিন্তু ডেভিস কাপ এলেই দেশের পক্ষে খেলতে ছুটে আসেন নিজের খরচে। এবারও এলেন। এ নিয়ে তাঁর গর্ব আছে। তবে আজ ঢাকায় শুরু ডেভিস কাপের গ্রুপ চারের খেলার আগে শিবুলালের কণ্ঠে হতাশাই বেশি ডেভিস কাপ এলেই বাংলাদেশের হয়ে খেলতে চলে আসেন। এভাবে কত দিন খেলার ইচ্ছা রাখেন?শিবুলাল: বাংলাদেশ দলে খেলার সামর্থ্য যত দিন থাকবে, তত দিনই খেলব। আমি তো নিজের যোগ্যতা দিয়েই খেলছি। টানা খেলে যাওয়ার রহস্যটা কী?শিবুলাল: এই পর্যায়ে খেলার মতো ফিটনেস ও যোগ্যতা আমার আছে। এখন ঢাকায় এসে বাছাই দিয়ে তারপর দলে ঢুকতে হয়। আমি বাছাইয়ে উত্তীর্ণ হয়েই দলে আসছি। এবার নিয়ে কততম ডেভিস কাপ খেলছেন?শিবুলাল: ১৭-১৮টা তো হবেই। সেই নব্বাইয়ের শুরু থেকে খেলছি। মাঝে অবশ্য কয়েকটা টুর্নামেন্ট খেলা হয়নি। আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমেরিকায় আপনি কোচিং করান। এটা নিশ্চয়ই বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আপনাকে সাহায্য করছে?শিবুলাল: তা তো অবশ্যই। আমি ওখানে পিটিএ পাস করে কোচিং করাচ্ছি। নিজেও খেলছি। সেই নব্বইয়ের শুরু থেকে ডেভিস কাপ খেলছেন। এখন অপনার বয়স ৩৯। কেমন অভিজ্ঞতা হলো?শিবুলাল: অনেক অভিজ্ঞতা হয়েছে। আমাদের এই অঞ্চল তো বটেই, এশিয়াতেই আমার বয়সী খেলোয়াড় সম্ভবত এখন আর নেই। আমি ২৪টার মতো সিঙ্গেলস জিতেছি। এটা বিরাট ব্যাপার। কিন্তু ডেভিস কাপে বাংলাদেশ সেই তিমিরেই পড়ে রইল। গ্রুপ তিনে উঠলে পরের বছরই আবার চারে নেমে যায়। উন্নতি কী হচ্ছে?শিবুলাল: এটা ঠিক, আমরা তিন-চারেই ঘুরপাক খাচ্ছি। তিনে টিকে থাকা কঠিন। তবে এবার দেশে খেলা। আমাদের গ্রুপ তিনে যাওয়া খুবই উজ্জ্বল। আমি আশাবাদী, গ্রুপে সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও ইরাকের সঙ্গে আমরা ভালো খেলব। বাংলাদেশের টেনিসে নতুন খেলোয়াড় তেমন উঠে আসছে না। আপনি নিজে কিছু করার কথা ভাবছেন? শিবুলাল: দেখুন, আমি এখনো খেলছি। নিশ্চয়ই খেলা ছেড়ে দেশের জন্য কিছু করতে চাইব। তবে মনে একটা ক্ষোভ আছে। আমি নিজের খরচে আসি। এখান থেকে কিছুই দেওয়া হয় না আমাকে। এটা ভাবলে উৎসাহ কমে যায়। খরচ দিয়ে আপনাকে আনার সামর্থ্য তো ফেডারেশনের নেই। আপনি নিজের ইচ্ছায় আসছেন। তা হলে খরচ নিয়ে ক্ষোভ কেন? শিবুলাল: ফেডারেশনের কথা বলছি না। টাকা না থাকলে তারা কোথা থেকে দেবে। সরকারের দেওয়া উচিত। কিন্তু এটা নিয়ে কারোরই কোনো হেলদোল নেই। সানফ্রানসিসকোর বাড়িতে দুই মেয়ে রেখে এসেছি। ওদের দেখাশোনার জন্য খরচ গুনতে হবে। ঢাকায় এসেছি স্ত্রী (আমেরিকান) ও এক মেয়ে নিয়ে। অনেক খরচ। নিজে কত টানা যায়? তবু দেশের টানেই খেলতে আসি। আমেরিকায় তো কোচিং করিয়ে ভালোই আয় করছেন শুনেছি...শিবুলাল: হ্যাঁ, সেখানে আমি কোচিং করিয়ে ভালোই আয় করছি। প্রাইভেট কোচিংয়ে প্রতিজন ঘণ্টায় ৮০ ডলার। গ্রুপ কোচিংয়ে চারজন হলে ঘণ্টায় ১৮০ ডলার। কিন্তু আমার খরচটা সরকারের দেওয়া উচিত। আমি দেশের পক্ষে খেলব বলে আমেরিকার পাসপোর্ট পর্যন্ত নিচ্ছি না। বিরাট একটা সুযোগ গ্রহণ করছি না। এটা দেখবে না সরকার? ডেভিস কাপে খেলতে অপনার নিজেরও সুবিধা...শিবুলাল: দেশের পক্ষে খেলার সুবিধা তো আছেই। কিন্তু চাইলেই আমি আমেরিকার পাসপোর্ট পেয়ে যাব। পাসপোর্ট নিলে আর বাংলাদেশের পক্ষে খেলতে পারব না। অথচ এখানে আমার খেলা নিয়ে প্রশ্ন ওঠে। ফেডারেশনের সেক্রেটারিসহ দু-তিনজন সহযোগিতা না করলে তো খেলতেই পারতাম না!