যাঁকেই সামনে পাচ্ছেন, দোয়া চাইছেন। ফুটবলের জন্য কাজ করতে চান। সেই লক্ষ্যেই বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছেন ইকবাল হোসেন। তরুণ প্রজন্মের একজন হিসেবে সাবেক এই ফুটবলারের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ফুটবলে নবজাগরণের গান বাফুফের নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তাটা হঠাৎ করেই? নাকি আগেই পরিকল্পনা করছিলেন?ইকবাল হোসেন: কিছুদিন আগে থেকে এটা নিয়ে ভাবছিলাম। ফুটবল থেকে অনেক পেয়েছি। এবার ফুটবলের জন্য কিছু করতে চাই। সেজন্যই প্রার্থী হয়েছি। ফুটবলের জন্য কী করতে চান?ইকবাল: অনেক কিছু করার আছে। আমার ব্যক্তিগত লক্ষ্য, সারা দেশ থেকে প্রতিভা খুঁজে আনা। তৃণমূল ফুটবল নিয়ে কাজ করার বেশি আগ্রহ আমার। নির্বাচিত হলে তৃণমূলের জন্য স্পনসর আনব—এ প্রতিশ্রুতি দিতে পারি। প্রতিশ্রুতি তো বাফুফের বর্তমান কমিটির সাবেক তারকা ফুটবলাররা অনেকই দিয়েছিলেন। কিন্তু পূরণ তো সেভাবে হয়নি। ভবিষ্যতেও হবে বলে আশাবাদী লোকের সংখ্যা কম...ইকবাল: পেছনে কী হয়েছে এটা আর বলে হবে। এখন আমরা ফেডারেশনে আসতে চাই। আমরা সুযোগ পেলে ভালো কাজ করব। আগে তো সুযোগ পেতে হবে। না পারলে তিন-চার মাসের মধ্যে পদত্যাগ করে চলে যাব। পদ আঁকড়ে থাকব না। ‘আমরা সুযোগ চাই’ বলতে কাদের বুঝিয়েছেন?ইকবাল: আমি, জয়, বিজন প্রার্থী হয়েছি। এখনো খেলে যাওয়া তাবিথ আউয়ালও প্রার্থী। সে আমাদের জুনিয়র হলেও আমরা কাছাকাছি প্রজন্মেরই। আমাদের শরীরে তরুণ রক্ত, কাজ করতে পারব—এ বিশ্বাস আমার আছে। কিন্তু মজার ব্যাপার, আপনার জেলা গাজীপুরেই গত চার বছর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএ ছিল না। তাহলে আপনি কী করলেন? ইকবাল: মামলা আর অনৈক্যের কারণে গাজীপুর ডিএফএ হয়নি। আমি চেষ্টা করেছি সমস্যার সমাধান করতে। সালাউদ্দিন ভাইয়ের কাছে গাজীপুরের সংগঠকদের নিয়েও এসেছিলাম। এখানে এসে তারা সমস্যার সমাধান করার অঙ্গীকার করেছেন। কিন্তু আর ফলোআপ হয়নি। আমি রাজনীতি বুঝি না। ঘটনাক্রমে সেসবের মারপ্যাঁচে পড়ে ডিএফএটা হয়নি গাজীপুরে। আপনাদের মতো সাবেকদের জেলাতেই ডিএফএ না-থাকা তো বাজে একটা দৃষ্টান্ত...ইকবাল: যা হওয়ার হয়েছে। এখন থেকে এসব সমস্যা যাতে আর না থাকে সেই চেষ্টা আরও বেশি করে করব। আসলে সবাই খেলার উন্নয়নের কথা ভাবলে আমাদের ফুটবলের এ অবস্থা হতো না। আমরা এগিয়ে যেতে পারতাম অনেক দূর। বিদায়ী কমিটির কাজের মূল্যায়ন কীভাবে করেন? ইকবাল: তাঁরা হয়তো চেষ্টা করেছেন। অনেকে সফল হয়েছেন, অনেক হয়তো সেভাবে হতে পারেননি। যা-ই হোক, ভালোমন্দ মিলিয়েই সময়টা গেছে। তাঁরা ব্যর্থ হয়েছেন এটা আমি বলব না। আগামীর পথচলা যাতে আরও সুন্দর হয় আমাদের সবারই সেই লক্ষ্যই হওয়া উচিত। এই নির্বাচনে ৭৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এই বিপুল আগ্রহের কারণ কী মনে হয় আপনার?ইকবাল: সবাই ফুটবল নিয়ে ভাবে, এটা তার প্রমাণ। তবে এটা যেন নির্বাচনের পরও থাকে, এই কামনাই করি। আমরা চাইব, এই বিপুল আগ্রহটা ধরে রেখে ফুটবলে নতুন একটা দিন আসবে। বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠবে। এই নির্বাচন সেই পথেই নিয়ে যাক আমাদের ফুটবল।