‘তাঁকে আর গান শোনানো হলো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় দেড় শর মতো বাংলা চলচ্চিত্রে কাজ করেছি। এত ছবিতে কাজ করার পরও মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, হুমায়ূন আহমেদের ছবিতে কাজ করা। অবশেষে অভিনয়শিল্পী প্রাণ রায়ের মাধ্যমে জানতে পারলাম, হুমায়ূন আহমেদ স্যার নিজেই আমাকে দিয়ে তাঁর পরিচালনায় নির্মিত সর্বশেষ ছবি “ঘেটুপুত্র কমলা”র আবহ সংগীতের কাজ করানোর আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর মনে হয়েছে সংগীত পরিচালক হিসেবে আমি সার্থক।’ প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে কথাগুলো বলছিলেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা।ইমন সাহা এ-ও বলেন, ‘ছবিটিতে কাজ করার ব্যাপারে একদিন ওনার বাসায় যেতে হয়েছিল। সেখানে যাওয়ার পর জানতে পারলাম, তিনি নাকি আর ছবি বানাবেন না। তাঁর এই সিদ্ধান্ত আমাকে বেশ আহত করে। তিনি আমাকে উদ্দেশ করে বলেন, “বুঝলে ইমন, আমার পুরো জীবনটাই বেশ নাটকীয় বলতে পারো। কারণ, আমার প্রথম ছবিটার (আগুনের পরশমণি) সংগীত পরিচালনা করেছিলেন তোমার বাবা (গুণী সংগীত পরিচালক সত্য সাহা) আর শেষ ছবিটার সংগীত পরিচালনা করছ তুমি!” স্যারের সেদিনের সে কথাটি আজ কেন জানি বারবার কানে বাজছে। মনে হচ্ছে, তবে কি স্যার জানতেন? তার এই অসময়ে চলে যাওয়ার বিষয়টি? তা না হলে কেন প্রথম এবং শেষ বিষয়টিকে এমন করে এক মালায় গাঁথলেন?’ছবিটির আবহ সংগীতে কাজ করার সুবাদে এরপর হুমায়ূন স্যারের পরিচালনায় আরও তিন-চারটি নাটকে গানের কাজ করার সৌভাগ্য হয় ইমন সাহার। পাশাপাশি হুমায়ূন-পত্নী মেহের আফরোজ শাওনের জন্য রবীন্দ্রসংগীতের একটি অ্যালবামে কাজ করারও কথা তাঁর। কিন্তু হুমায়ূন আহমেদের শরীরে ক্যানসার ধরা পড়ার পর অ্যালবামের কাজটি আর করা সম্ভব হয়নি।নন্দিত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদ গীতিকবি হিসেবেও ছিলেন এককথায় অনবদ্য। যদিও সেই অনবদ্য গীত রচনা তিনি সীমাবদ্ধ রেখেছিলেন নিজের নাটক-চলচ্চিত্র আর সহধর্মিণী শাওনের মধ্যে। সে হিসেবে হুমায়ূন আহমেদের লেখা গানের সংখ্যা অন্য সাহিত্যকর্মের চেয়ে সংখ্যায় নগণ্য হলেও গানগুলোর শব্দ গাঁথুনি এবং জনপ্রিয়তা ছিল প্রায় আকাশছোঁয়া। এই অনিন্দ্য গীতিকবির লেখা (রেকর্ড হওয়া) শেষ গানটির কথা এমন: ‘ঠিকানা আমার নোট বুকে আছে/নোট বুক নেই কাছে’। ইমন সাহার সুর-সংগীতে গেল মাসের শেষ সপ্তাহে ভিন্ন কথার এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা কিশোর ও সেরাকণ্ঠ বিজয়ী কোনাল।জানা গেছে, হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন অবস্থায় মাস খানেক আগে এ গানটি রচনা করেছেন তাঁরই চিত্রনাট্য নির্মাণাধীন একটি টেলিছবির জন্য। টেলিছবিটির নাম ‘যদি ভালো না লাগে তো দিও না মন’, যা পরিচালনা করেছেন রায়হান খান। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন নোবেল ও ইমন। ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নির্মিত এ টেলিছবিটির পূর্ণাঙ্গ শুটিং হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে।এদিকে হুমায়ূন আহমেদের লেখা ধারণকৃত শেষ গান প্রসঙ্গে এর সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা বলেন, ‘ইচ্ছা ছিল গানটি রেকর্ড হওয়ার পর স্যারকে শোনাব। স্যারের পছন্দ না হলে আবার গানটি নতুনভাবে করব। আফসোস, গানটি স্যারের জীবদ্দশায় রেকর্ড শেষ করলেও তাঁকে শোনাতে পারিনি। তবুও নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই ভেবে, স্যারের জীবদ্দশায় তাঁর লেখা শেষ গানটি আমি করতে পেরেছি বলে।’