‘তাঁরা বিদ্রোহী নন, বিপথগামী’
‘বিডিআরে বিদ্রোহের সময় যাঁরা অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছিলেন, তাঁরা কেউ বিদ্রোহী নন, বিপথগামী সৈনিক।’ পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলায় সাক্ষীদের জেরাকালে কথাটি বলেন এই মামলার আসামি হাবিলদার আবদুল মতিন।বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ গতকাল রোববার এই মামলার সাক্ষীদের জেরা করেন আসামিরা। মামলার ৬৬৭ জন আসামির মধ্যে ২৯ জন গতকাল সাক্ষীদের জেরা করেন।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে বেলা পৌনে দুইটায় আদালত মুলতবিকালে দশম সাক্ষীর জেরা অসমাপ্ত ছিল। গতকাল দুই সেপাই সাক্ষ্য দেন। আসামিরা বিদ্রোহের সময় কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডে কর্তব্যরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম এবং ওই দুজনকে জেরা করেন।সাক্ষী সেপাই রিপন কুমার বিশ্বাস আদালতে বলেন, ২৫ ফেব্রুয়ারি সকালে ১৫-২০ জন বিদ্রোহী সশস্ত্র অবস্থায় কোয়ার্টার গার্ডে হামলা চালান। তাঁরা ডিউটি অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল ইসলামকে বেঁধে জেসিওর কক্ষে আটকে রাখেন। তাঁরা কোয়ার্টার গার্ডের নিরাপত্তায় থাকা জওয়ানদের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে অস্ত্রাগারের সব অস্ত্র লুট করেন। অস্ত্রাগারে প্রায় সাড়ে তিন হাজার অস্ত্র ছিল। তিনি বলেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কোয়ার্টার গার্ডে সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে ১২০-১৩০ জনকে আটকে রাখেন বিদ্রোহীরা।আরেক সাক্ষী সেপাই তব্বাচ আলী বলেন, তাঁকে মারধর করে বিদ্রোহীরা ঢাকা সেক্টরের ম্যাগাজিন (গোলাবারুদের গুদাম) লুট করেন। সেখানে কর্তব্যরত অন্য জওয়ানেরা তাঁদের সহযোগিতা করেন। এ সময় আদালতে অস্ত্রাগারে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণ হওয়া চিত্র দেখানো হয়। চিত্রে দেখা যায়, এক সৈনিক অস্ত্র লুটে বাধা দিলে বিদ্রোহীরা তাঁকে লক্ষ্য করে রাইফেল তাক করেন। মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামছুর রহমান জানান, ওই সৈনিককে চিহ্নিত করা যায়নি। অস্ত্র-গোলাবারুদ লুটে আরও কয়েকজন সৈনিক বাধা দিয়েছিলেন।‘বিদ্রোহ হয়নি’: ঢাকা সেক্টরের ম্যাগাজিনের গার্ড কমান্ডার এবং এ মামলার আসামি হাবিলদার হাবিবুর রহমানকে জেরার শুরুতে আদালতের সভাপতি প্রশ্ন করেন, ‘আপনি কি মনে করেন, সেদিন বিদ্রোহ হয়েছিল?’ জবাবে হাবিবুর বলেন, ‘না, কোনো বিদ্রোহ হয়নি।’ মিথ্যা বলার অভিযোগে তাঁকে জেরা করতে দেননি আদালত। অপর আসামি হাবিলদার আবদুল মতিনের কাছে আদালত জানতে চান, ‘তাহলে আপনি বলছেন, যাঁরা অস্ত্রাগারে হামলা চালিয়েছিলেন, তাঁরা বিদ্রোহী।’ জবাবে মতিন বলেন, ‘না, তাঁরা বিদ্রোহী নন, মুখোশধারী বিপথগামী সৈনিক।’কিংকং আর র্যাম্বো: সাক্ষী রিপন কুমার আদালতে জানান, বিদ্রোহের সময় সেপাই শামীম আল মামুন একজন সেনা কর্মকর্তার স্ত্রীকে কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডে ধরে আনেন। শামীম ওই নারীকে চড় মারতে উদ্যত হলে তিনি নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় শামীমের হাত তাঁর (রিপনের) হাতে লেগে ওই নারীর মাথায় লাগলে তিনি উল্টে পড়ে যান। জেরাকালে রিপনকে শামীম প্রশ্ন করেন, ‘আমি কি এতই শক্তিশালী যে আমার চড় আপনার হাতে লাগার পর তাঁর মাথায় গিয়ে লাগল আর তিনি উল্টে পড়ে গেলেন। আমি কি কিংকং?’ জবাবে রিপন বলেন, ‘না, আপনি সেদিন র্যাম্বোর মতো চলাফেরা করছিলেন।’ আদালতের সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, বিদ্রোহীরা তো শক্তিশালী হবেই।আদালতের সভাপতি এ সময় আসামিকে বলেন, ‘উল্টাপাল্টা কথা বলছেন কেন?’ জবাবে আসামি শামীম বলেন, সাক্ষী উল্টাপাল্টা অভিযোগ এনেছেন, তাই তিনি উল্টাপাল্টা কথা বলছেন।আদালতের কার্যক্রম শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর শামছুর রহমান জানান, এ নিয়ে এ মামলায় ১০ জন সাক্ষী ১৪৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় সাক্ষী সংখ্যা ৫০ জনের বেশি হবে। আসামিদের মধ্যে ১৫৮ জন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্রভুক্ত আসামি।আজ সোমবার সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম আবার শুরু হবে।