‘তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে দেয় ডিজিএফআই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার (বর্তমানে বরখাস্ত ও পলাতক), তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য কারও সম্পৃক্ততার কথা গোপন করার জন্য মাওলানা তাজউদ্দিনকে ২০০৬ সালের অক্টোবরে সুকৌশলে পাকিস্তানে পাঠিয়ে দেয় ডিজিএফআই। ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত ব্যুরোর তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন। তিনি বলেন, তাজউদ্দিনকে বিদেশে পাঠানোর জন্য ডিজিএফআই থেকে যেভাবে ব্যবস্থা করা হয়েছে, তাতে তাঁর এটা মনে হয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা। এ দুই ভাইই ২১ আগস্ট মামলার আসামি। পিন্টু কারাগারে আর তাজউদ্দিন পলাতক আছেন। সাক্ষী মিজানুর রহমান আদালতে বলেন, ২০০৪ সালের ৩০ নভেম্বর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) যোগ দেন। ২০০৮ সালের ৪ মার্চ পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে নৌবাহিনীতে কর্মরত আছেন। তিনি বলেন, তাঁকে ২০০৬ সালের শেষের দিকে ডিজিএফআইয়ের কর্মকর্তা লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার জানান, মাওলানা তাজউদ্দিনকে তাঁর ভাই উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু র‌্যাবে গিয়ে দেখা করতে বলেছেন। কিন্তু তাজউদ্দিন ডিজিএফআইয়ের কাছে আসতে চান। এরপর এক দিন দুপুরে সাইফুল ইসলাম জোয়ার্দার একটি গাড়ি নিয়ে মিজানুর রহমানকে মিরপুর কাজীপাড়ায় জঙ্গিনেতা আবদুস সালামের অফিসে যেতে বলেন এবং সালামের সঙ্গে গিয়ে তাজউদ্দিনকে নিয়ে আসতে বলেন।মিজানুর রহমান বলেন, ‘আমি সাইফুল ইসলাম জোয়ার্দারের কথামতো মাওলানা সালামকে নিয়ে মোহাম্মদপুরের বসিলায় যাই। সেখানে রাস্তায় অপেক্ষমাণ মাওলানা তাজউদ্দিনকে গাড়িতে তুলে নিয়ে আসি। তাঁকে গুলশানে ডিজিএফআইয়ের সেফ হাউসে নিয়ে যেতে বললেন লে. কর্নেল সাইফুল ইসলাম। এরপর লে. কর্নেল সাইফুলসহ ডিজিএফআইয়ের আরও দুই কর্মকর্তা লে. কর্নেল আফজাল ও মেজর সৈয়দ মুনির আসেন। তাঁরা এসে বলেন যে তাজউদ্দিন ও সালাম দুজনই সেফ হাউসে থাকবেন।’ মিজানুর রহমান বলেন, ওই দিন রাতে সাইফুল, আফজাল ও মুনির আবার সেফ হাউসে আসেন এবং তাজউদ্দিন ও সালামের সঙ্গে রাতের খাওয়ার খান। এরপর সালাম ও তাজউদ্দিনের সঙ্গে আলোচনা করতে আসেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন। আলোচনা শেষে প্রথমে এ টি এম আমিন, পরে সাইফুল ও আফজাল চলে যান। পরদিন দুপুর ১২টার দিকে ওই তিন কর্মকর্তা আবার সে সেফ হাউসে এসে তাজউদ্দিনের সঙ্গে একান্তে আলোচনা করেন। আলোচনার মাঝে সাইফুল ইমলাম কয়েক বার বাইরে এসে কারও সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এরপর তিনি মাওলানা সালামকে তাজউদ্দিনের পাসপোর্ট এনে দিতে বলেন। সালাম দ্বিধাগ্রস্ত হলে তাজউদ্দিন তাঁর এক আত্মীয়ের মাধ্যমে তা আনার ব্যবস্থা করেন। সাক্ষ্যে মিজানুর রহমান বলেন, এরপর তাজউদ্দিনকে বিদেশ পাঠাতে তাঁর নাম পরিবর্তন করে বাদল নাম দিয়ে নতুন পাসপোর্টের ব্যবস্থা করতে মেজর মুনিরকে নির্দেশ দেন লে. কর্নেল সাইফুল ইসলাম। ২০০৬ সালের অক্টোবরের একদিন সাইফুল ইসলামের নির্দেশে লে. কমান্ডার মিজানুর রহমান ও মেজর মুনির একটি গাড়িতে করে তাজউদ্দিনকে বিমানবন্দরে নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইটে তুলে দেন। মেজর মুনির আগে থেকেই তাজউদ্দিনের জন্য টিকিট করে রেখেছিলেন।মিজানুর রহমান বলেন, সাইফুল ইসলাম মেজর মুনিরকে একটা বিশেষ টেলিফোন দেয় এবং বলেন এই নম্বরে মাওলানা তাজউদ্দিন পাকিস্তান থেকে যোগাযোগ করবেন। এরপর তাজউদ্দিন মাঝে মাঝে মেজর মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলতেন, যা মুনির পরে সাইফুল ইসলামকে জানাতেন। সাক্ষ্যে মিজান আরও বলেন, ডিজিএফআইতে তাঁর কাজ ছিল দেশের বিভিন্ন জঙ্গি সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা। লে.কর্নেল সাইফুলের নির্দেশে হরকাতুল জিহাদের (হুজি) নেতা আবদুস সালাম ও শেখ ফরিদকে টাকা দিয়ে আসতেন। এ ছাড়া মাওলানা শেখ ফরিদ, মুফতি শফিক, মাওলানা সাব্বির, হাফেজ আবু তাহেরসহ হুজির অন্য নেতাদের সঙ্গে লে. কর্নেল সাইফুল বৈঠক করতেন। এসব বৈঠকে মিজানুর রহমানও থাকতেন। তাঁর অবর্তমানে মেজর মুনির থাকতেন। আদালতে মিজান আরও বলেন, হুজি নেতা মুফতি হান্নানকে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করে তার একটি সংকলন তিনি এ টি এম আমিন ও সাইফুল ইসলামকে দিতেন। জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান বলেছেন, তিনি মাওলানা তাহের ও আরেক সহযোগী নিয়ে ২০০৪ সালের ১৮ ও ১৯ আগস্ট তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় যান। সেখানে তাজউদ্দিনও ছিলেন। সেখানে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা করেন। ওই আলোচনার একপর্যায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওই বাসায় যান এবং কিছুক্ষণ থেকে চলে যান। পিন্টু তাঁদের জানান, হামলার জন্য গ্রেনেড ও টাকা তাজউদ্দিন সরবরাহ করবেন। এরপর মুফতি হান্নান চলে আসেন। পরে তাহের ও অন্য কারও মাধ্যমে টাকা ও গ্রেনেড মুফতি হান্নানকে পৌঁছে দেওয়া হয়। মুফতি হান্নান তাঁর লোকজনকে দিয়ে হামলা করান।