‘তাজউদ্দীন না থাকলে কী হতো ভাবতেও পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সম্পর্কে তাঁর তত্কালীন একান্ত সচিব ফারুক আজিজ খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ওই সময় তাজউদ্দীন আহমদ না থাকলে দেশের কী হতো, তা আমি ভাবতেও পারি না। কারণ ওই সময় বঙ্গবন্ধু কোথায়, আমরা জানতাম না। সবচেয়ে বড় কথা, তখন দেশে নির্ভর করার মতো কেউ ছিলেন না।’মুক্তিযুদ্ধকালীন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফারুক আজিজ খান এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর আজ শুক্রবার সকালে সেগুনবাগিচায় নিজেদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের বক্তব্য পর্বে কথা বলতে গিয়ে ফারুক আজিজ আরও বলেন, ‘অস্থায়ী সরকারের মন্ত্রীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত সাংসারিক জীবনযাপন না করার শপথ নিলেও অনেকেই তা রক্ষা করতে পারেননি। একমাত্র তাজউদ্দীন আহমদই শেষ পর্যন্ত সেই শপথ পালন করেছিলেন। সংসারের জরুরি কোনো প্রয়োজন থাকলেও মুক্তিযুদ্ধকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন।’ফারুক আজিজ খান বলেন, ‘তাজউদ্দীন আহমদ খুব সাধারণ জীবনযাপন করতেন। তাঁকে শীতকালে আমি একটি কম্বল আর এক জোড়া পোশাক কিনে দিয়েছিলাম। সেই পোশাক পরেই তিনি সারা দেশ ঘুরেছেন।’ সুতপা সাহার ‘শ্রদ্ধাঞ্জলি’ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক মাহবুবুল আলম। তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে পাঠ করেন নাসিমা খান বকুল ও হিমেল অনার্য। চারুবাকের দলীয় আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।