‘তামুক আবাদ আর দরকার নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যালোবার তামুক কোম্পানির লোকদের মিষ্টি কতায় ভুলে পাঁচ বিগে জমিতি তামুক চাষ করেলাম। আবাদের পর বিক্রির সময় পদে পদে হয়রানি দেকে আমার ঘোর কেটে গিয়েছে। তাই এবেড্ড সেই জমিতি হাইব্রিড তুলোর আবাদ করিচি। আশা করি, খরজ বাদে বিগেপতি ২০ থেকে ২৫ হাজার টাকা লাব হবে। তাই তামুক আবাদ আর দরকার নেই।’ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আবদুল হামিদ এভাবেই তামাক চাষ থেকে ফিরে আসার ঘটনা বললেন। একই ধরনের কথা বলেন, একই গ্রামের জালাল উদ্দিন ও কোরবান আলীসহ স্থানীয় কয়েকজন কৃষক। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার সব কটিতেই তামাকচাষিরা তুলা চাষে নেমেছেন এবং অনেকেই লাভবান হয়েছেন। বাকিরা ফলন তোলা ও লাভের অপেক্ষায় রয়েছেন। দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের কৃষক আবদুর রশিদ দুই বিঘা ও গোলাম হোসেন দেড় বিঘা, হেমায়েতপুর গ্রামের মুনসুর আলী এক বিঘা, নতিপোতা গ্রামের আবদুল আজিজ দুই বিঘা ও ফারুক হোসেন তিন বিঘা জমিতে তামাকের পরিবর্তে তুলার আবাদে নেমেছেন। তুলা উন্নয়ন বোর্ডের হেমায়েতপুর তুলা ইউনিট কর্মকর্তা সুলতান হোসেন জানান, শুধু তাঁর ইউনিটেই ৫০ জন বড় কৃষক তামাক ছেড়ে তুলা চাষে নেমেছেন। এই ইউনিটের আওতায় কৃষকেরা এবার ১০০ বিঘা জমিতে দেশি জাতের এবং ৯০ বিঘা জমিতে হাইব্রিড জাতের তুলার আবাদ করেছেন, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। সবচেয়ে বেশি জমিতে তুলার আবাদ করেছেন সদর উপজেলার বুজরুক গড়গড়ি এলাকার কৃষক আকবর আলী বিশ্বাস। তিনি গত বছর সাড়ে তিন বিঘা জমিতে তুলার আবাদ করলেও এ বছর করেছেন সাড়ে আট বিঘা জমিতে। একই উপজেলার কেদারগঞ্জ এলাকার সোহরাব হোসেন আবাদ করেছেন পাঁচ বিঘা জমিতে। এ ছাড়া চারুলিয়ার আজিম উদ্দিন পাঁচ বিঘা ও আইয়ুব বিশ্বাস তিন বিঘা জমিতে হাইব্রিড জাতের তুলা আবাদ করেছেন। সংশ্লিষ্টরা জানান, প্রতি বিঘা জমিতে তুলা চাষে সব মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়। কিন্তু ফলন ভালো হলে তা বিঘাপ্রতি খরচ বাদে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ সম্ভব। তুলাচাষি আকবর আলী বিশ্বাস জানান, তাঁর জমিতে বিঘাপ্রতি এবার ফলন হয়েছে ১৫ থেকে ১৬ মণ। প্রতি মণ তুলার বর্তমান বাজারদর দুই হাজার ৭৪০ টাকা। গত বছর যা বিক্রি হয়েছে এক হাজার ৮৫০ টাকায়। এ ছাড়া তুলার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার ও বিক্রি করেও বেশ কিছু বাড়তি আয় হচ্ছে। দামুড়হুদার দেওলী গ্রামের কৃষক নুরল হক মোল্লা জানান, অন্যান্য ফসল বিক্রির জন্য যেমন দুর্ভোগ, তেমনি দরের ওঠানামা থাকলেও তুলা চাষে তা নেই। ইউনিট কার্যালয়ে গেলেই কৃষকেরা সহজেই তুলা বিক্রি করতে পারেন। অনেক সময় ক্রেতারাই ছুটে আসেন কৃষকের দোরগোড়ায়। আবাদ উপযোগী কৃষি জমি ছাড়াও বিভিন্ন ফলের বাগান ও সবজি খেতে সমন্বিতভাবে তুলার আবাদও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বদনপুরের রবিউল আলম সাড়ে চার বিঘা পেঁপে খেতে সমন্বিতভাবে তুলার আবাদ করেছেন। সদর উপজেলার কেদারগঞ্জের সোহরাব হোসেন দেড় বিঘা পেঁপে বাগানে ও দুই বিঘা আম বাগানে তুলার আবাদ করেছেন। তিনি জানান, তুলার জমিতে সার, সেচ ও কীটনাশক দেওয়ায় আম ও পেঁপে গাছের জন্য তা লাগছে না। অন্য কৃষকেরা জমিতে সাধারণত মুগজাতীয় ফসল বা সবজি আবাদের সঙ্গে সময় ভাগ করে পর্যায়ক্রমে তুলার আবাদ করছেন। চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর জানান, চলতি মৌসুমে এই কার্যালয়ের আওতায় (সাবেক জোন) মোট ১৭টি ইউনিটে দেশি ও হাইব্রিড মিলিয়ে ১২ হাজার ১৬৫ বিঘা জমিতে তুলার আবাদ হয়েছে। এর মধ্যে দেড় হাজার বিঘা জমিতে হাইব্রিড রুপালি-১ জাতের তুলা আবাদ হয়েছে। তুলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখা দেওয়ায় চীনা বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে হাইব্রিড জাতের তুলার বীজ উৎপাদন করা হচ্ছে। গত বছর পরীক্ষামূলকভাবে তিন বিঘা জমিতে বীজ উৎপাদন করা হলেও এ বছর ৩৬ বিঘা জমিতে বীজ উৎপাদন করা হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় তুলা চাষের সম্ভাবনার খবরে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক দেওয়ান মো. ইনতাজুল ইসলাম ও যশোর অঞ্চলের উপপরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ২২ নভেম্বর সরেজমিন চুয়াডাঙ্গার বিভিন্ন তুলার খেত ও বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন এবং কৃষক সমাবেশে বক্তব্য দেন। এ সময় কর্মকর্তারা তুলা চাষে আগ্রহীদের জন্য সহজ শর্তে ঋণপ্রদানসহ কারিগরি সুবিধাদি প্রদানের বিষয়ে কৃষকদের আশ্বাস দেন। নির্বাহী পরিচালক জানান, শিগগিরই চুয়াডাঙ্গায় প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয় স্থাপন করে তুলাচাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে।