প্রিমিয়ার লিগে কাল পেলেন দ্বিতীয় সেঞ্চুরি। সাত ম্যাচে ৩৫৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও তিনিই। প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা ভিক্টোরিয়ার ব্যাটসম্যান জহুরুল ইসলাম ধরে রাখতে চান এই উত্তুঙ্গ ফর্ম, ফিরতে চান জাতীয় দলে দুটি সেঞ্চুরি করেছেন, লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। খুব ভালো ফর্মে আছেন...জহুরুল ইসলাম: ভালো ফর্ম বলা যায়। আল্লাহর রহমতে ভালো রান পাচ্ছি, প্রতি ম্যাচেই কিছু না কিছু করছি। এই ফর্মটা ধরে রাখতে পারলেই হয়। মাঝখানে তো খারাপ সময় গেছে। ফর্মে ফেরার জন্য বাড়তি কিছু কি করেছেন?জহুরুল: বাড়তি কিছু করিনি আসলে। শুধু চেষ্টা করেছি প্রতিটা ইনিংসেই বড় রান করতে, টেম্পারামেন্ট ঠিক রাখতে; যেন শেষ পর্যন্ত খেলে আসতে পারি। এভাবেই রান আসছে। শুধু প্রিমিয়ার লিগে নয়, ‘এ’ দলের হয়ে খেলার সময়ও এতে ফল পেয়েছি। বিশেষ কোনো লক্ষ্য আছে এবার? যেমন, লিগে সর্বোচ্চ রান করা...জহুরুল: না, তেমন কোনো লক্ষ্য নেই। গতবারও আমি সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে ছিলাম। এবার যদি তার চেয়েও ভালো কিছু হয়, তো ভালো। তবে আমার লক্ষ্য হলো, প্রতিটা ইনিংসেই বড় রান করা। তারপর যা হওয়ার হবে। চোখে একটা সমস্যা ছিল আপনার। এখন কী অবস্থা?জহুরুল: গত বছর কক্সবাজারে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলার সময় চোখে ভাইরাসজনিত একটা সমস্যা দেখা দিয়েছিল। পরে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছি। এখন সমস্যা নেই। কোনো চিকিৎসা করিয়েছেন?জহুরুল: কন্টাক্ট লেন্স ব্যবহার করছি চোখে। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই এটা ব্যবহার করেন। এই লেন্স ব্যবহারের পর থেকে ভালো আছি। আগে চোখ দিয়ে পানি পড়ত। এখন আর পড়ে না। জাতীয় দলে ঢুকেও তো ছিটকে পড়তে হলো। ২০১০-এর জুন-জুলাইতে যুক্তরাজ্য সফরের পর দেড় বছরে ম্যাচ খেলেননি একটিও। এটা কি পোড়ায়?জহুরুল: সবাই চায় জাতীয় দলে থাকতে। আমিও চাই। দেড় বছর ধরে যে জাতীয় দলে খেলতে পারছি না, সেটা আসলে আমার কারণেই। আমারই সমস্যা ছিল। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে রান পাইনি। পারফরম্যান্স ভালো থাকলে তো আমাকে নিত। কিন্তু বাদ পড়ার আগে তো হল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতেও আপনি ৪১ রান করেছিলেন...জহুরুল: তখন হয়তো টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছি। নির্বাচকেরা যা ভালো মনে করেছেন, তা-ই করেছেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এখন তো ধারাবাহিকভাবে ভালো খেলছেন। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?জহুরুল: স্বপ্নটপ্ন না আসলে। এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। যদি ফর্মটা এ রকম থাকে, ভালো খেলতে থাকি...নির্বাচকেরা প্রয়োজন মনে করলে নেবেন। আমার কাজ শুধু ভালো খেলে যাওয়া। সে চেষ্টাই করে যাচ্ছি এখন।