‘তারা আমাগোরে এখনো ভিটা ছাড়া করার চেষ্টা চালাচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৬৫ বছরের বাপ-দাদার বসতভিটা না ছাড়লে আমাগো (হিন্দু পরিবারকে) গরুর মতো কোরবানি দেওয়ার হুমকি দিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। বিএনপি সরকারের আমলে আমাগো নির্যাতন করে। মনে করেছি আওয়ামী লীগ ক্ষেমতায় আসলে বিছার পাব। এহন দেহি এ সরকারের আমলেও তারা আমাগোরে ভিটা ছাড়া করার চেষ্টা চালাচ্ছে।’ ভোলার চরফ্যাশনের চর তোফাজ্জল এলাকার অনিল চন্দ্র শীল আক্ষেপ করে এসব কথা বলেন। ২৯ আগস্ট দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট চর তোফাজ্জল এলাকায় সরেজমিনে দেখা যায়, সংখ্যালঘু অনিল চন্দ্রের বসতভিটায় চারটি ঘর রয়েছে। একটিতে নিজ স্ত্রীসহ, একটিতে ছেলে শ্যামল ও একটিতে ভাড়াটিয়া দেবাশীষ চন্দ্র দাস বাস করেন। একটি ঘর খালি রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুলাই মাসে ভাড়াটিয়া চলে যাওয়ার পর ওই ঘরটি আর ভাড়া দেওয়া হয়নি। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী সালাম মাস্টারের দুই মেয়ে ফিরোজা ও বিউটি খালি ঘর দখল করে নিজের ঘর বলে দাবি করেন। অনিল চন্দ্র নিরুপায় হয়ে ঘর উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।স্থানীয় বাসিন্দা আ. রব রতন মেম্বার বলেন, ‘ইউএনও অনিলের ঘর দখলমুক্ত করার চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর মহিলাদের সহায়তায় মেয়ে দুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়।’এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ‘মেয়েরা ডাক-চিৎকার দিলে বাজারের কয়েক শ লোক বাড়িটি ঘিরে ফেলে। এ সময় লোকজনের নেতৃত্ব দেন স্থানীয় নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আলমগীর হাওলাদার।’নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আলমগীর হাওলাদার বলেন, ‘উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) বসে বিষয়টি ফয়সালা করার চেষ্টা করা হয়।’নুরাবাদ ইউপি সচিব আবুল কালাম বলেন, ‘পরে কাগজপত্র দেখে বিষয়টি ফয়সালা করে দেওয়া হবে। মেয়েদের আপত্তিকর উক্তির জন্য প্রকাশ্যে মেয়ের বাবা সালাম মাস্টার ইউএনওর কাছে ক্ষমা চান।’স্থানীয় নুরাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রতন মিয়া বলেন, ‘অনিল চন্দ্ররা দীর্ঘদিন এই জমিতে বসবাস করছে। আবার আদালতে মামলাও চলছে। জমির প্রকৃত মালিক কে তা আমরা এখনো জানি না।’অনিলের স্ত্রী পুষ্প রানী বলেন, ‘বিএনপি সরকারের আমলে বিচার পাইনি, এ সরকারের আমলেও বিচার পাব না, এটা কী করে হয়?’এদিকে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. সালাম মাস্টার বলেন, ‘অনিল চন্দ্র আমাদের পরিবারের শীল (নাপিত) ছিল। তাদের থাকার জন্য ৭ শতাংশ জমি দিই। পরে খাসজমির সঙ্গে সে আমাদের রেকডীয় জমি বন্দোবস্ত করে নিয়ে যায়। আদালতের রায় আমাদের পক্ষে যায়। আমার জমি আমার মেয়েরা দখল করতে যায়। ইউএনও অন্যায়ভাবে আমার মেয়েদের ঘর থেকে বের করে দেন।’ চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজয় চক্রবর্তী বলেন, ‘অসহায় একটি হিন্দু পরিবারের খালি ঘরে ঢুকে ঘর দখল করার সংবাদ পেয়ে আমি ২৬ আগস্ট পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। মানবিক কারণে অসহায় পরিবারের পাশে প্রশাসন দাঁড়াতে পারে। এ জন্য একটি মহল আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রশাসনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।’এদিকে গত ২৮ আগস্ট ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অনিল চন্দ্র শীল ও তাঁর ছেলেরা তাঁদের ওপর নির্যাতন-অত্যাচারের কাহিনি একের পর এক বর্ণনা করেন। এ সময় অনিল শীল কান্নায় ভেঙে পড়েন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনিল চন্দ্র শীল বলেন, তাঁদের আগের বাড়ি ছিল দৌলতখানের মধুপুর গ্রামে। সাত-আটবার নদীভাঙনের শিকার হয়ে ৬৫ বছর আগে চর তোফাজ্জলে জেগে ওঠা চরে এসে বসবাস শুরু করেন। সরকারের খাসজমিতে বসবাস করার কারণে একসময় সরকার তাঁদের দুই একর জমি বন্দোবস্ত দেয়। চর তোফাজ্জল মৌজার এস-এ ৭২৬ নম্বর ও ৮৫৯ দাগে ২৫ শতাংশ জমিতে ঘর তুলে তাঁরা দীর্ঘদিন বসবাস করছেন। তিনি যখন পরিবার নিয়ে এই চরে বসবাস শুরু করেন, তখন দুলারহাট বাজারে তিন-চারটি দোকান ঘর ছিল। এখন ওই বাজারে তিন-চার শ দোকান রয়েছে। গত বিএনপি জোট সরকারের আমলে তাঁদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বাড়ি বিএনপির সহসভাপতি আবদুুস সালাম মাতাব্বর ওরফে সালাম মাস্টার ৭২৫ দাগে ৮ শতাংশ জমি ক্রয় করে অনিল চন্দ্র শীলকে বাড়ি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন। অনিল চন্দ্রের পরিবার রাজি না হওয়ায় হামলা চালিয়ে ঘরবাড়ি লুট করান। দুই দফা হামলার পর অনিল চন্দ্র শীল বাদী হয়ে সালাম মাতব্বরদের আসামি করে ২০০৬ সালে (মামলা নম্বর-৭৭/২০০৬) মামলা দেন। বিএনপি আমলে সালাম মাতাব্বর তাঁদের উৎখাত করতে না পেরে এবার আওয়ামী লীগের স্থানীয় একটি গ্রুপের ওপর ভর করে ফের উৎখাতের ষড়যন্ত্র শুরু করেন। ওই ষড়যন্ত্রের জের ধরে গত বৃহস্পতিবার হঠাৎ করেই অনিল চন্দ্র শীলের বাড়ির চারটি ঘরের একটিতে সালাম মাতাব্বর তাঁর দুই মেয়ে ফিরোজা ও বিউটিকে ঢুকিয়ে দেন এবং নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে শ্লীলতাহানির মামলা করেন।এ ব্যাপারে অভিযুক্ত আবদুুস সালাম মাস্টার বলেন, ‘আমি ৮ শতাংশ জমি ক্রয় করে ওই স্থানে অনিল চন্দ্র শীলের পরিবারকে বসবাস করতে দিই। এর মধ্যে তিনি কিছু জমি সরকার থেকে বন্দোবস্ত পান। কিছুদিন পরে তিনি পুরো সম্পত্তি দাবি করে আদালতে মামলা করেন। কিন্তু আদালত আমার পক্ষেই রায় দিয়েছেন। ওই রায় পাওয়ার পর আমি বাড়ি-জমি দখল করার জন্য আমার মেয়েদের ওই ঘরে থাকতে দিই। কিন্তু অনিল চন্দ্র শীল ও তাঁর ছেলেরা আমার মেয়েদের শ্লীলতাহানি করেছেন, যার সাক্ষী গ্রামের হাজার হাজার মানুষ। আমি বিচারের দাবিতে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছি।’এসব ঘটনায় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও ভোলা পুলিশ সুপার মো. বশির আহম্মদ জানান, তাঁরা বিষয়টি তলিয়ে দেখছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।