‘তারা এটা সহ্য করতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অখণ্ড অবসর। মাঠে খেলা নেই। নেই অনুশীলনের ব্যস্ততাও। তবে হঠাৎ করেই সামনে খেলার সুযোগ বলে ইমরুল কায়েসও গা-ঝাড়া দিয়ে উঠছেন। নিজ শহর মেহেরপুরে বেড়াতে গিয়ে রানিংয়ের পাশাপাশি শুরু করেছেন ব্যাটিং প্র্যাকটিসও। আবারও খেলায় ফিরে হাসি ফোটাতে চান সেই মেহেরপুরবাসীর মুখেও, যারা তাঁর ব্যাটিংয়ের সময় ভয়ে টিভি দেখে না লম্বা ছুটির মধ্যে আছেন। কেমন কাটছে?ইমরুল কায়েস: খারাপ না...ভালোই কাটছে। মেহেরপুরে এসেছি। দৌড়াদৌড়ির মধ্যে আছি। এই মাত্র রানিং করে ফিরলাম। শুধু রানিংই করছেন, না প্র্যাকটিসও করেন?ইমরুল: ঢাকায় শুধু রানিং করেছি। মেহেরপুরে আসার পর বিকেলে হালকা ব্যাটিং প্র্যাকটিস করছি আমার একাডেমিতেই। সন্ধ্যার পর রানিং করি। মেহেরপুরে যাঁরা পরিচিত আছেন, এতটা সময় আপনাকে কাছে পেয়ে তাঁদের প্রতিক্রিয়া কী?ইমরুল: আসলে মেহেরপুরে যখনই আসি, এখানকার মানুষ চায় আমি যেন খেলে ফিরি। তো এবার এশিয়া কাপে খেলা হয়নি বলে এখানে সবাই খুব হতাশ। আমি আসার পর সবার শুধু একটাই কথা, আমি কেন খেললাম না? আমি তাদের বলেছি, মন খারাপ করার কিছু নেই। একটা সিরিজ বা টুর্নামেন্টেই সব শেষ হয়ে যায় না। সুযোগ আরও আসবে। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ভালো খেলব। আপনার প্রতি তাদের এই আগ্রহ কেমন লাগে?ইমরুল: দেখেন, আমি যখন খেলতে নামি, বাংলাদেশের কথা তো মাথায় থাকেই। এর বাইরে আমি মেহেরপুরের মানুষের কথাও ভাবি। আমি ভালো খেললে তারা খুশি হয়, কাজেই আমাকে ভালো খেলতে হবে। মেহেরপুরে এমন অনেকেই আছেন, যাঁরা আমার ব্যাটিংয়ের সময় টেনশনে টিভি দেখেন না। যদি আমি আউট হয়ে যাই! তারা এটা সহ্য করতে পারে না। তাই দূর থেকে দোয়া করে। এত বড় ছুটি...কোথাও বেড়াতে যাননি?ইমরুল: মেহেরপুরে এসে আত্মীয়স্বজনের বাসায় গেছি। তবে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা ছিল। কখন আবার খেলা শুরু হয়ে যায়, সেজন্য কোথাও যাওয়া হয়নি। এখন তো শুনলাম ৩১ মে থেকে খেলা শুরু হচ্ছে। ঠিকই শুনেছেন। এরপর তো জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সফরেও যেতে হতে পারে...ইমরুল: হ্যাঁ, ভালোই হয়েছে। এক মাসের মতো বিরতি গেছে। আমি মনে করি, এটাই যথেষ্ট। বেশি ফাঁকা সময় যাওয়াটা খারাপ। এই কদিন বিশ্রামের পর এখন লিগ দিয়ে আবার খেলায় ফিরব। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খেলব জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডে গিয়ে। এটাই ভালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দুটি সফর প্রস্তুতিতে কতটা সাহায্য করবে?ইমরুল: বিশ্বকাপের আগে এ রকম একটা সুযোগই আমাদের দরকার ছিল প্র্যাকটিসের জন্য। এই দুটি সফর খুবই কাজে লাগবে। মাঝে আমরা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ খেলেছি। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সিরিজে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ভালো প্র্যাকটিস হবে। আর ইংলিশ কন্ডিশনে খেলতে পারলে সব সময়ই ভালো। ওই ধরনের উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অভিজ্ঞতা ব্যাটিং-বোলিংয়ে উন্নতি আনতে কাজে দেয়। স্টুয়ার্ট ল চলে গেলেন। নতুন কোচ আসবেন। খোঁজখবর রাখছেন কে কোচ হচ্ছে?ইমরুল: শুনেছি, রিচার্ড পাইবাস এসে কথা বলে গেছেন। তবে এ নিয়ে কিছু বলতে চাই না। আমরা ক্রিকেটাররা চাই যে-ই আসুন, তিনি ভালোভাবে কাজ করুন। আমাদের বুঝুন।