‘তারা প্রত্যেক সরকারেরই ভাড়াটে গুন্ডা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দমনমূলক কাজে অপব্যবহারের জন্য বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেশ কুখ্যাতি রয়েছে। তারা প্রত্যেক সরকারেরই ভাড়াটে গুন্ডা। দীর্ঘদিন ধরেই দেশটিতে পুলিশ হলো নির্যাতন এবং সাধারণ নাগরিক ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর এক কারখানা। দুর্নীতিই এখন পুলিশের চেইন অব কমান্ডে পরিণত হয়েছে।হংকংভিত্তিক মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের দুর্নীতি সম্পর্কে এসব কথা বলা হয়েছে। ৯ আগস্ট সংস্থাটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, বিশ্বাসযোগ্যতার সঙ্গে অপরাধ তদন্তে পুলিশের ধারাবাহিক ব্যর্থতা দেশটির ফৌজদারি বিচারব্যবস্থার একমাত্র বড় ধরনের প্রতিবন্ধকতা। ক্ষমতাসীন প্রভাবশালী শাসকদের অনুগত রাখতে প্রত্যেক পুলিশের বেতন খুবই নিম্নস্তরে রাখা হয়েছে। এটাই পুলিশ কর্মকর্তাদের ঘুষ দাবি ও তা গ্রহণের সুযোগ করে দিয়েছে। এএইচআরসি বলেছে, ক্ষমতাসীন প্রভাবশালীদের পক্ষে কাজ করে, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের মাধ্যমে পুলিশ কর্মকর্তারা দুর্নীতি ও অন্য সব অপরাধের দায়মুক্তি ভোগ করে। কিছু পুলিশ কর্মকর্তার প্রকৃত আয় ও সম্পদের মধ্যে পার্থক্য এটাই প্রমাণ করে যে বাংলাদেশে পুলিশ ও রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি ও সুরক্ষার একটি অবৈধ চক্র আছে।এএইচআরসির বিবৃতিতে বলা হয়, গ্রাম ও শহরের সাধারণ মানুষের কাছে পুলিশের দৃষ্টিগোচর ও শক্তিশালী উপস্থিতির মাধ্যমে রাষ্ট্রের অস্তিত্ব ধরা দেয়। তারা নিয়মিতভাবে পুলিশকে ঘুষ দেয়। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের, পুলিশি নির্যাতন বা বাজে আচরণ থেকে রেহাই, কোনো মামলায় আসামি বা সাক্ষীর তালিকায় কারও নাম যুক্ত বা বাদ দেওয়ার মতো কাজেও পুলিশকে ঘুষ দিতে হয়। কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারে তারা পুলিশকে ঘুষ দেয়, আবার ওই একই সন্দেহভাজন হাজত থেকে ছাড়া পেতে পুলিশকে ঘুষ দেয়। তদন্তে আসামিকে অভিযুক্ত করতে অভিযোগকারী পুলিশকে ঘুষ দেয়, আবার অভিযোগ থেকে অব্যাহতির জন্য আসামি পুলিশকে ঘুষ দেয়।এএইচআরসি তাদের বিবৃতিতে বলেছে, ফৌজদারি তদন্তের ক্ষেত্রে আদালতের কাছে আলামত হস্তান্তরের আগে তা সংগ্রহ ও সংরক্ষণে পুলিশকে ঘুষ দিতে হয়। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হলে, লাশ ছাড় করতে মৃতের স্বজন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশকে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া ঘটনার সঠিক তদন্ত কেউ আশা করতে পারে না। একই পরিমাণ বা তার চেয়ে বেশি ঘুষ দিতে হয় হাসপাতালকে। এটা ধর্ষণের মামলার ক্ষেত্রেও প্রযোজ্য।এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বিবৃতিতে বলা হয়, যেসব হকার ফুটপাত, রাস্তা বা পার্কে বাদাম বা চকলেট বিক্রি করে, পুলিশকে নিয়মিতভাবে তাদেরও ঘুষ দিতে হয়। এর ব্যত্যয় ঘটলে পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায়। আবার অবৈধ মাদক বিক্রেতা বা অস্ত্র ব্যবসায়ী তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পুলিশকে ঘুষ দেয়। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা চালক ও পরিবহন কোম্পানির মালিকের কাছ থেকে ঘুষ দাবি ও গ্রহণ করে। এমনকি যদি সড়ক দুর্ঘটনার অভিযোগ দায়ের করতে হয়, পুলিশকে ঘুষ দিতে হয়। যদি অভিযোগ ওঠা ব্যক্তি পুলিশকে বড় অঙ্কের ঘুষ দেয়, তাহলে পুলিশ তার ইচ্ছানুযায়ী কাজ করে থাকে। এএইচআরসি তাদের বিবৃতিতে বলেছে, অধিকাংশ পুলিশ কর্মকর্তা এমন সম্পদের মালিক, যা তাঁদের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। অনেক কর্মকর্তা ঝামেলা এড়াতে এই সম্পদ তাঁদের আত্মীয়-স্বজনদের নামে করে থাকেন।বিবৃতিতে এএইচআরসি উল্লেখ করেছে, দুর্ভাগ্যের বিষয় হলো যে সরকার জনগণের এই পুলিশি দুর্ভোগের ব্যাপারে একেবারে নিশ্চুপ। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এটা চিন্তা করেন না যে তাঁদের জীবনের অধিকাংশ সুযোগ-সুবিধার পেছনে সাধারণ মানুষের দুঃখগাথা, দুর্ভোগ ও রক্তাক্ত কাহিনি রয়েছে। অনেক সময় পুলিশ কর্মকর্তারা সাধারণ নাগরিকের ‘রক্ত’, ‘ঘাম’, ‘দীর্ঘশ্বাস’, ‘কান্না’ ও ‘অভিশাপ’ পায়।এএইচআরসি বলেছে, এ বিষয়টিতে সরকারকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ যদি তার পুলিশ ব্যবস্থার সংস্কার না করে, তাদের যদি পেশাদার না করে, তাদের সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক গণতান্ত্রিক দেশের মতো জনগণের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উপযোগী না করে, তবে জনগণের সামনে কোনো আশা থাকবে না। ন্যায়, সাম্য ও স্বচ্ছ বিচার দেশটিতে অধরাই থেকে যাবে।আইজিপির প্রতিক্রিয়া:পুলিশ সম্পর্কে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের এ বিবৃতির ব্যাপারে প্রথম আলো ডটকমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, ‘এএইচআরসি ওই বিবৃতিতে ঘুষের যে কল্পিত পরিমাণের কথা বলা হয়েছে, তা পুলিশের বাজেটের চেয়েও বেশি। এ ধরনের বক্তব্য হাস্যকর। পুলিশের বেতনভাতা নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা অবান্তর। এটি প্রজ্ঞাবিহীন বিবৃতি। এর গ্রহণযোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না।’