‘তালেবানদের নানাভাবে সাহায্য করছে পাকিস্তান’
আফগানিস্তানের তালেবান যোদ্ধাদেরকে নানাভাবে সাহায্য করছে পাকিস্তান। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া ন্যাটোর একটি গোপন প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে বলেই এক খবরে জানিয়েছে বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়, তালেবান যোদ্ধাদের সরাসরি সাহায্য করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। ন্যাটোর প্রতিবেদনটি গ্রেপ্তার হওয়া চার হাজারেরও বেশি তালেবান, আল-কায়েদা, বিদেশি জঙ্গি ও বেসামরিক লোকের কাছ থেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ২৭ হাজার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ন্যাটোর ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান জানে জ্যেষ্ঠ তালেবান নেতারা কোথায় লুকিয়ে আছে। অথচ বহুদিন থেকেই তালেবানদের সঙ্গে কোনো রকম সম্পর্কের কথা জোরালোভাবেই অস্বীকার করে আসছিল পাকিস্তান। ন্যাটোর সাম্প্রতিক গোপন প্রতিবেদনটি আফগানিস্তানে অবস্থানরত আন্তর্জাতিক বাহিনী ও খোদ তালেবান সরকারের মধ্যে অস্বস্তির জন্ম দিয়েছে । এদিকে ন্যাটোর গোপন প্রতিবেদনে আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতাকে অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত আজ বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতিবেদনটিতে পাকিস্তানকে নিয়ে ভিত্তিহীন সব কথা বলা হয়েছে। তিনি বলেন, ‘আফগানিস্তানের কোনো কিছুতে অনধিকার চর্চা করার ইচ্ছা নেই আমাদের এবং বিশ্বের অন্যান্য দেশেরও এই নীতিতে চলা উচিত।’ পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জন কিরবি বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কিছু জঙ্গি সংগঠনের মধ্যকার সম্পর্কের ব্যাপারে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।ন্যাটোর ওই প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ মানুষেরা আফগানিস্তানের দুর্নীতিগ্রস্ত সরকারের চেয়ে তালেবান যোদ্ধাদেরকেই বেশি পছন্দ করে। দেশটির সেনা ও পুলিশের সঙ্গেও জঙ্গিদের সম্পর্ক রয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাকিস্তানের বাজারে বাজারে রাইফেল, পিস্তল ও ভারী অস্ত্রশস্ত্র বিক্রি করছে বলেও প্রতিবেদনটিতে তথ্য রয়েছে।আফগানিস্তানে আল-কায়েদার প্রভাব কমলেও বাড়ছে তালেবানদের ক্ষমতা। দেশটির সেনা ও পুলিশের সহায়তায় তাদের প্রভাব আরও বাড়াচ্ছে তালেবানরা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা যেতে চাইছেন।এদিকে আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খাঁর এক দিনের সফরে আফগানিস্তান যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করবেন। গত সেপ্টেম্বরে আততায়ীদের হামলায় আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রব্বানি নিহত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে। রব্বানি ছিলেন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা প্রক্রিয়ার শীর্ষ উদ্যোক্তা।