‘তিথি, তুমি ভালো থাকো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিথি-রুবার মা নেই। বাবার সঙ্গে থাকে ওরা। তাদের বাড়ির চিলেকোঠায় ভাড়া থাকে বাউণ্ডুলে প্রকৃতির যুবক জীবন। চঞ্চল রুবা জীবনের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু জীবন তাকে প্রত্যাখ্যান করে। তিথির কৈশোরিক ভালো লাগা তৈরি হয় জীবনের প্রতি। অনিচ্ছা সত্ত্বেও জীবন তাকে সায় দেয়। পরবর্তী সময়ে যার জন্য জীবনকে দিতে হয় চরম মূল্য।তিথি, তুমি ভালো থাকো চলচ্চিত্রের গল্পটি এমন। রোববার সন্ধ্যায় ‘৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর দ্বিতীয় দিনে জাতীয় জাদঘুরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন অন্ত আজাদ।চিলড্রেনস ফিল্ম সোসাইটির (সিএফএস) উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে অনুষ্ঠিত এ উৎসবের দ্বিতীয় দিনে আরও প্রদর্শিত হয় ৪২টি চলচ্চিত্র। ঢাকার বিভিন্ন কেন্দ্রে এসব শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়। শহরের বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোরেরা দল বেঁধে এসেছে। তারা বিনা মূল্যে উপভোগ করেছে দেশ-বিদেশের ছবিগুলো। এ ছাড়া শিশু নির্মাতা ও শিশুদের সঙ্গে বিশেষ আড্ডায় অংশ নেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও সিএফএসের চেয়ারম্যান মুহম্মদ জাফর ইকবাল। এ ছাড়া, আজ সোমবার সকালে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রবিষয়ক দিনব্যাপী কর্মশালা। এতে অংশ নেবেন শিল্পী মুস্তাফা মনোয়ার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও ক্যাথরিন মাসুদ।