‘তিন কন্যা’র বিয়ে দিলেন প্রধানমন্ত্রী
রাত নয়টা ১৫। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিয়ে করতে এলেন তিন বর। একই রকম পোশাক। রুপালি জরির কাজ করা নীল শেরওয়ানি। মাথায় নীল পাগড়ি। কনেপক্ষ যথারীতি আটকে দিয়েছে ফটক। সেই চিরাচরিত বকশিশ দাবি। দরকষাকষি থেকে রীতিমতো বাগ্যুদ্ধ। হবে না কেন! খোদ দেশের প্রধানমন্ত্রীর ‘কন্যা’ বলে কথা। অবশেষে সুরাহা করতে হলো প্রধানমন্ত্রীকেই। ৫০ হাজার টাকা বকশিশ পেয়ে বরদের পথ উন্মুক্ত করে দিলেন কনেপক্ষ। সানাইয়ের মূর্ছনা, আলোকসজ্জা, শাড়ি-গয়না, খানাপিনা—কোনো কিছুরই ঘাটতি ছিল না বিয়েতে। মহা ধুমধামে ‘তিন কন্যা’র বিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরান ঢাকার নিমতলী যেদিন আগুনে জ্বলছিল, সেই রাতে রুনার পানচিনির অনুষ্ঠান ছিল। আর এ মাসেই বিয়ের তারিখ নির্ধারিত ছিল বড় বোন সাকিনা আক্তার রত্নার। একই এলাকার আসমারও বিয়ে ঠিক হয়েছিল। হয়েছিল সব কেনাকাটা। কিন্তু স্বপ্ন-স্বজন সব কেড়ে নিয়েছে আগুন। দুই বোনের বিয়ের সব প্রস্তুতি যখন চলছে, তখন গতকাল প্রধানমন্ত্রীর কাছে খবর আসে রত্না-রুনার ঠিক পাশের বাসার (৪৪/১) আসমা আক্তারের। যাঁর মা মারা গেছেন সেদিন। আর পরিবারের সব সদস্য এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ খবর জানার পর প্রধানমন্ত্রীর ‘দুই কন্যার আয়োজন রূপ পেল তিন কন্যায়’। এই ‘তৃতীয় কন্যা’ পারলারে সাজতে এলে উৎসুক প্রশ্নের জবাব দিতে হয় আসমাকে—‘আগুনে সেদিন মা হারিয়েছি, বাবা এখনো হাসপাতালে। বোনের দুই হাত ঝলসে গেছে। বিয়ের ঠিক ছিল...।’ অনুভূতি জানালেন, ‘ভালো লাগছে কি না জানি না। বাবা যদি থাকতেন!’ তার আগে লালমাটিয়ায় মহিলা অধিদপ্তরের আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেখা গেল কেন্দ্রজুড়ে আগের রাতের গায়েহলুদের অনুষ্ঠানের ছোঁয়া। কর্মকর্তারা ছোটাছুটি করে কাজ করছেন। মেয়েদের কাপড় কেটে সেলাই চলছে। দুই বউয়ের সঙ্গে যারা গণভবনে বিয়ের আসরে যাবেন, তাঁদের তালিকা হচ্ছে। সবার মুখে হাসি। দুই বোন কী করছেন? ‘কী যে হচ্ছে বুঝতে পারছি না। স্বপ্নেও এত কিছু ভাবিনি।’ বললেন রত্না। গোসল করে নতুন শাড়ি পরে পারলারে সাজতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা। চোখের পাতায় একে একে বিভিন্ন উপকরণ, সঙ্গে গ্লিটার আর সবশেষে আইলাইনারের টান পড়তেই বিষণ্ন তিন কন্যার নিষ্প্রাণ চোখের তারায় যেন প্রাণ ফিরল। এই চোখই এখন নতুন করে স্বপ্ন দেখবে, আগামী দিনের। রাত আটটায় সব সাজ শেষে যখন টিকলি পরিয়ে দেওয়া হলো, তিন কন্যা স্মিত হাসলেন। যেন বললেন, নতুন স্বপ্ন বোনার দিন শুরু।বৃহস্পতিবারের ভয়াবহ অগ্নিকাণ্ড যাঁদের এতিম, নিঃস্ব করে দিয়েছিল, যাঁদের ঘর বাঁধার স্বপ্ন পরিণত হয়েছিল দুঃস্বপ্নে, সাত দিনের মাথায় সাড়ম্বরেই তাঁদের বিয়ে হলো দেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে। আমন্ত্রিত অতিথি প্রায় তিন হাজার। কে নেই তাঁদের মধ্যে? মন্ত্রী, সাংসদ, রাজনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বর-কনেদের স্বজন-সুহূদেরা পর্যন্ত। দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিয়ের আয়োজন হলো গণভবনে। তিন কনের মধ্যে দুই বোন রুনা-রত্না তো এখন দেশবাসীর অতি পরিচিত। রুনার বিয়ে হয়েছে জামিলের সঙ্গে। রত্নার বিয়ে সুমনের সঙ্গে। ‘তৃতীয় কন্যা’ আসমার বিয়ে হয়েছে আলমগীরের সঙ্গে। অনুষ্ঠানের আয়োজন ছিল গণভবনের ব্যাংকুয়েট হলে। ফুলে ফুলে সাজানো বিবাহমঞ্চে বর-কনেদের বসার ব্যবস্থা। আট ভরি করে ২৪ ভরি স্বর্ণের গয়না তিন কন্যাকে পরিয়ে দেন প্রধানমন্ত্রী নিজ হাতে। গণভবনের মাঠে এত আসবাব কেন? ঘর সাজাতে যা যা প্রয়োজন ‘মা হিসেবে’ প্রধানমন্ত্রী সবকিছুরই আয়োজন করেছেন। তিন দম্পতির প্রত্যেকের জন্য একটি করে খাট, ওয়ার্ডরোব, সোফাসেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ, ডিনার সেট এমনকি হাঁড়ি-পাতিল—সব থরে থরে সাজানো। বরদের জন্য শেরওয়ানি, স্যুট, জুতা—সবকিছুই দেওয়া হয়। বর সুমনের হাতে প্রধানমন্ত্রী বেসিক ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন।রুনা-জামিলের দেনমোহর এক লাখ ১৪ হাজার টাকা, রত্না-সুমনের দেনমোহর তিন লাখ টাকা এবং আসমা-আলমগীরের দেনমোহর দুই লাখ টাকা ধরা হয়। রাত ১০টায় কাজি মো. ইউসুফ বিয়ে পড়ান। রুনা-জামিলের উকিল সাক্ষী হন হাজি মো. সেলিম, রত্না-সুমনের ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং আসমা-আলমগীরের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জর্দা ও কোমল পানীয়। সবশেষে প্রধানমন্ত্রী বরদের হাতে কন্যাদের তুলে দেন। রাতেই নবদম্পতিরা গণভবন থেকে নিজ নিজ বাসায় ফিরে যান।