‘তিন পুরুষের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করার চর্চা রাজধানীতে প্রায় ব্যতিক্রম। এদিক থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ছায়ানটে আয়োজিত ‘তিন পুরুষের গান’ অনুষ্ঠানটি প্রশংসার দাবি রাখে। ঠিক সন্ধ্যা সাতটায় উপস্থাপক লাইসা আহমেদ দর্শককে অনুষ্ঠানে স্বাগত জানালেন। মিলনায়তন তখন পরিপূর্ণ।‘তিন পুরুষ’ বিষয়টি প্রজন্মান্তরের কথা বললেও গতকালের আয়োজনে এর ব্যাখ্যা ভিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে শিল্পী সিফায়েত উল্লাহ্ নব নব সুরে তানে, ইমতিয়াজ আহমদ অধরা মাধুরীর ছন্দোবন্ধনে এবং পার্থ তানভীর নভেদ বিরহবিধুর পাখি নামের তিনটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন। তিন পুরুষ শিল্পীর এই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয় রবীন্দ্রনাথকে নিয়ে কথা এবং গানের অনুষ্ঠান। শুরুতে গোলাম মুরশিদ রবীন্দ্রনাথের গান, সাহিত্য ও চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন। আলাদা আঙ্গিকে রবীন্দ্রনাথের গানের নানা দিক নিয়ে অনুষ্ঠান করার বিষয়টি তুলে ধরেন পার্থসারথী সিকদার। এর পরে গান। তিন শিল্পীর সঙ্গে আরও অংশ নিয়েছেন লাইসা আহমেদ। শুরুতে ইমতিয়াজ আহমদ শোনান ধ্রুপদ ভঙ্গির গান ‘আমি হেথায় থাকি শুধু’। সিফায়েত উল্লাহ্ শোনান ‘আমারে কর জীবনদান’ এবং পার্থ তানভীর নভেদ শোনান ‘একমনে তোর একতারাতে’। পরে শিল্পীরা খেয়াল ভঙ্গির গান পরিবেশন করেন। এতে ছিল ‘নিভৃত প্রাণের দেবতা’, ‘কোথা হতে বাজে’, ‘তিমির অবগুণ্ঠনে’—এসব গান। ইমতিয়াজ আহমদ শোনান টপ্পা ভঙ্গির গান ‘বড় বিস্ময় লাগে’। মাঝে লাইসা আহমেদ লিসা ঠুমরি ভঙ্গির গান ‘কী সুর বাজে’। অনুষ্ঠানে আরও ছিল কীর্তনাঙ্গ গান ‘কে বলেছে তোমায় বঁধু’, ‘প্রভু আজি তোমার’, ‘গানের ঝরনাতলায়’; বাউলাঙ্গ গান ‘তুমি খুশি থাক’, ‘তোমার কাছে শান্তি চাব না’— এসব গানের পরিবেশনা।রবীন্দ্রসংগীতের এই অ্যালবামগুলো প্রকাশ করেছে ভারতের পিঅ্যান্ডএম রেকর্ডস।