‘তিন মাসে ঢাকার ঝুলন্ত তার সরানো অসম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে রাজধানীর ঝুলন্ত তার সরানো সম্ভব নয়। এ কাজে সময় লাগবে কমপক্ষে আরও ছয় মাস। ১৫-১৬ বছরের জমা এই তারের জঞ্জাল ধাপে ধাপে ভূগর্ভস্থ বিতরণ লাইনে সরাতে হবে।এ অভিমত কেব্ল নেটওয়ার্ক স্থাপন-সংশ্লিষ্ট ব্যক্তিদের।সৌন্দর্যহানিকর হওয়া ছাড়াও নিরাপত্তার বিচারে ঝুঁকিপূর্ণ হওয়ায় মাথার ওপর ঝুলন্ত বিপুল পরিমাণ তারের বোঝা নিয়ে নাগরিকমহলে উদ্বেগ রয়েছে।ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘৩১ অক্টোবর সরকার সময় নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে সব তার ভূগর্ভস্থ বিতরণ লাইনে নামানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না।’ তবে আখতারুজ্জামান বলেন, সংগঠনের পক্ষ থেকে তাঁরা সবগুলো সদস্য প্রতিষ্ঠানকে সরকারের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে।আইএসপিএবির সভাপতি জানান, দেশব্যাপী টেলিযোগাযোগ (এনটিটিএন) প্রতিষ্ঠার লাইসেন্স পাওয়া দুই প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশন্স লিমিটেডে কিছু সমস্যা রয়েছে, যা তার সরাতে দেরি হওয়ার একটি প্রধান কারণ।সভাপতি জানান, প্রযুক্তিগত ও চুক্তিগত কিছু জটিলতার কারণে দুই এনটিটিএন প্রতিষ্ঠানের কোনটির সঙ্গে চুক্তি করা হবে বা হবে না, তা নিয়ে আইএসপি ও কেব্ল অপারেটরদের মধ্যে দ্বিধা রয়েছে।একই মত দিয়েছেন বিটিআরসির কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা বলেন, সরকারের বেঁধে দেওয়া সময় যথেষ্ট নয়। প্রতিটি প্রধান সড়কের একাধিক শাখা রাস্তা রয়েছে।কর্মকর্তারা বলেন, শাখা রাস্তায় ঝুলন্ত তারগুলোর মালিকদের বেশির ভাগই নিবন্ধিত নয়। অনিবন্ধিত এসব তার কেটে ফেলা যায়, কিন্তু তাতে করে সুবিধাভোগী গ্রাহকদের ভোগান্তি হবে। এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন করে নেওয়ার একটা সুযোগও দেওয়া উচিত। এতে করে আরও সময় লাগবে বলে মনে করছেন বিটিআরসির কর্মকর্তারা।জানা গেছে, ফাইবার অ্যাট হোম পাইলট প্রজেক্ট অনুযায়ী গত ১৫ জুনের মধ্যে উত্তরা-গুলশান-মতিঝিল রুট এবং শহীদ জাহাঙ্গীর গেট-শাহবাগ রুটের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিজয় সরণি থেকে শহীদ জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজ এখনো শেষ হয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ জন্য আর্থিক সমস্যার কথা বলেছেন। তাঁরা বর্ষা মৌসুমের জন্য ডিসিসির দেড়গুণ বেশি চার্জের কথা উল্লেখ করেন। নাগরিক অসুবিধা হ্রাসের জন্য বর্ষায় খনন নিরুৎসাহিত করতেই ডিসিসির এই হার আগে থেকেই বহাল রয়েছে।অন্যদিকে সামিট কমিউনিকেশন্স লিমিটেড রাস্তায় কাজ করার জন্য বিটিআরসির অনুমোদন পেলেও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অনুমোদন এখনো পায়নি। সামিট উন্মুক্ত খননের বদলে আধুনিক হরাইজেন্টাল ডাইরেকশনাল ড্রিলিং পদ্ধতি (এইচডিডি) ব্যবহার করতে চাইছে।এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামিটের নকশা ও আবেদনপত্র তাঁরা পেয়েছেন। এইচডিডি পদ্ধতিতে তিন মাসের মধ্যে সামিটকে সব কাজ শেষ করতে হবে। তবে প্রাথমিকভাবে সামিটের পাইলট প্রজেক্ট ৩০ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইনের কাজ শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ আল ইসলাম বলেন, ‘বিটিআরসির অনুমোদন পেয়েছি, যন্ত্রপাতিও প্রস্তুত আছে। ডিসিসির অনুমোদন পেলেই কাজ শুরু করব।’ ‘প্রক্রিয়াগত’ কারণে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।৩১ অক্টোবরের মধ্যে রাজধানীর প্রধান সড়ক থেকে দৃশ্যমান তার সরানোর নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুমোদন পেলে শাহবাগ-মহাখালী হয়ে উত্তরা পর্যন্ত কাজ শেষ করতে আমাদের মাত্র এক মাস সময় লাগবে। পাইলট প্রজেক্টের ৩০ কিলোমিটার কাজ শেষ করতে এর বেশি সময় লাগবে না।’তবে রাজধানীজুড়ে ১০৫ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইন শেষ করতে আরও কিছুটা সময় লাগতে পারে।ডিশ কেব্ল সংযোগকারীরা বলছেন, সংযোগ নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ৩১ অক্টোবর অনেক সময়। সবাই ভূগর্ভস্থ বিতরণ লাইনে যোগ দেবে। তবে যত দিন সম্ভব বিনা খরচেই তার ঝুলিয়ে ব্যবসা করে যেতে আগ্রহী তাঁরা। কারণ ভূগর্ভস্থ বিতরণ লাইনে প্রবেশ করলে সংশ্লিষ্ট এনটিটিএন প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট ভাড়া দিতে হবে। ফাইবার অ্যাট হোমের ভাড়া হচ্ছে মিটারপ্রতি ৫০ পয়সা এবং সামিটের ভাড়া মিটারপ্রতি দুই টাকা (ভ্যাট বাদে)।ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী ৩১ অক্টোবরের মধ্যে নিজেদের ভূগর্ভস্থ বিতরণ লাইনের কাজ শেষ করতে পারবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। মইনুল জানান, ইতিমধ্যে তাঁরা রাজধানীর ১০০ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইন বসানোর কাজ শেষ করেছেন। বিভিন্ন স্থানে শ দুয়েক বিতরণকেন্দ্র স্থাপনও করা হয়েছে। ইন্টারনেট সেবাদাতা, ডিশ লাইন সংযোগ প্রদানকারী ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে এ পর্যন্ত ৪৫টি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের তৈরি ভূগর্ভস্থ বিতরণ লাইন ব্যবহার করছে বলে দাবি করেন তিনি।২৭ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সব প্রধান সড়ক থেকে ৩১ অক্টোবরের মধ্যে ঝুলন্ত তার নামিয়ে ফেলার নির্দেশ দেয়। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইন ব্যবস্থার আওতায় নেওয়ার বিষয়ে গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার।গত রোববার রাজধানীর ব্যস্ত বাংলামোটরে মাথার ওপর ঝুলন্ত তারে আটকে যাওয়ার পর একটি ট্রাকের চালক ভীত হয়ে গাড়ি চালিয়ে স্থান ত্যাগের চেষ্টা করেন। এতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়।সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ২০ আগস্টের মধ্যে দুবার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন। প্রথম পরিদর্শনটি গতকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ বুধবার করা হয়েছে। ২৬ আগস্ট এ-সংক্রান্ত পরবর্তী সভা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।