‘তিনি চাঙা আছেন ভয়ের কিছু নেই’
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা উন্নতির দিকে। গতকাল শুক্রবার ম্যান্ডেলার সঙ্গে দেখা করার পর সে দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘তিনি চাঙা আছেন। ভয়ের কিছু নেই।’ ৯৪ বছর বয়সী ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে দেশে-বিদেশে অনেকেই উদ্বিগ্ন। তিনি ফুসফুসের জটিলতা নিয়ে গত বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন শান্তিতে নোবেলজয়ী সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ এই নেতা। এর আগে গত ডিসেম্বরে ফুসফুসে সংক্রমণ ও পিত্তথলিতে পাথরের কারণে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। সে সময় তাঁর শরীরে অস্ত্রোপচারও হয়। চলতি মাসের শুরুতেও একবার ডাক্তারি পরীক্ষা করাতে কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয় ম্যান্ডেলাকে।ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট জ্যাকব জুমা সারা বিশ্বের মানুষকে প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন। চিকিৎসক দলের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে জুমা বলেন, নেতাকে সুস্থ করে তোলার জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। দেশবাসীর উদ্দেশে জুমা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকালে তাঁর নাশতার পুরোটাই খেয়েছেন মাদিবা (ম্যান্ডেলার সম্মানসূচক নাম)। তিনি সুস্থ আছেন।’বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ওবামা বলেন, ‘তিনি আমাদের ভাবনা ও প্রার্থনায় থাকবেন।’দেশবাসীর এখন চরম দুঃসংবাদের জন্য তৈরি হওয়া উচিত কি না, এ প্রশ্নের জবাবে এর আগে জুমা বলেছিলেন, ‘জুলু সমাজে যখন কোনো প্রবীণ মানুষের মৃত্যু হয়, তখন লোকে বলে, “তিনি বাড়ি ফিরে গেছেন।” আমি মনে করি, আমাদের মাথায় এ বিষয়টিও থাকা দরকার।’১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা। দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি। সংখ্যালঘু বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ২৭ বছর কারাভোগ করেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি পান। এএফপি।