বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সই করার বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে ভারত।ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করার সময় এ মন্তব্য করেন।তিস্তা চুক্তি সইয়ের লক্ষ্যে প্রক্রিয়া অব্যাহত আছে। আর খুব শিগগিরই অভিন্ন নদীটি নিয়ে পানি বণ্টন চুক্তি সই হবে। ভারতীয় হাইকমিশনার তাঁর পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রপতিকে জানান, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দিল্লি ও ঢাকায় যেসব চুক্তি ও সমঝোতা-স্মারক সই হয়েছে, তা বাস্তবায়নের জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।ঢাকায় ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ভারত। দুই দেশের মধ্যে চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি মুক্তিযুদ্ধে ভারত সরকার ও সে দেশের অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।জিল্লুর রহমান বলেন, দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারতের প্রতি অনুরোধ জানান। তাঁর মতে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে যুক্ত হয়েছে নতুন মাত্রা। দহগ্রাম-আঙ্গরপোতা করিডর বাংলাদেশের জনগণের জন্য ২৪ ঘণ্টা খোলা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন।পঙ্কজ শরণ বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণ বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয়ের কথা জানান।ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মুস্তাফা কামাল, ভারতের উপ-হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।এর আগে পঙ্কজ শরণ বঙ্গভবনে এসে পৌঁছলে তাঁকে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেয়।