‘তুমরা এট্টু ভালো করে লেহোদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বাঁশতলা গ্রাম। এ গ্রামে যাতায়াতের একমাত্র পথে জয়খালি নদীর ওপর বাঁশের সাঁকো। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি ফেরার পথে সাঁকো পার হওয়ার জন্য সঙ্গীর অপেক্ষায় সাঁকোর গোড়ায় বসে আছেন অশীতিপর বৃদ্ধ অভিলাশ মণ্ডল। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাগে এমপি নারান বাবু কথা দিল, এহিনি এট্টা কাঠের পইল বা কালভার্ট করে দেবেনে। কিন্তু জানিনে তা দেহে মত্তি পারবানি কী না?’ সাহস ইউনিয়নের জয়খালি ও ঘ্যাংরাইল নদীর মোহনায় গড়ে ওঠা ছোট্ট গ্রাম বাঁশতলা। নদীতে জোয়ার এলে দুই শতাধিক লোক অধ্যুষিত এ গ্রাম প্লাবিত হয়। সুপেয় পানি, বিদ্যালয় ও বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। তবে অসুখ-বিসুখে আছেন একমাত্র ভরসা গ্রাম্য চিকিৎসক জিতেন্দ্রনাথ গাইন।স্থানীয় সূত্রে জানা গেছে, বসতি গড়ার পর থেকে গ্রামবাসী খেয়া নৌকায় করে খরস্রোতা জয়খালি নদী পার হতো। কালের বিবর্তণে নদী তার নাব্যতা হারানোর ফলে সাত-আট বছর আগে খেয়ার মাঝিরাই সংকীর্ণ নদীতে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেন। এখন সবাইকে টাকা দিয়েই ঝুঁকিপূর্ণ সাঁকোতে পারাপার হতে হয়।বৃদ্ধ চেচান ঢালী বলেন, ‘রাতবেরাতি কারও অসুখ-বিসুখ হলি চার (সাঁকো) পার করে তারে ডুমুরে বা খুলনে নেওয়া অসম্ভব। বাধ্য হয়ে জতিন ডাক্তারই আমাগে একমাত্র ভরসা। তুমরা এট্টু ভালো করে লেহোদি, আমাগে কষ্টের কথা।’এ প্রসঙ্গে সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুস বলেন, ‘গ্রামের উন্নয়নের লক্ষ্যে একটা বড় প্রকল্প করার চেষ্টা করা হচ্ছে।’খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণচন্দ্র চন্দ বলেন, ‘বাঁশতলা গ্রামে দেওয়া ওই কথাটা আমার মনে আছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটা বড় প্রকল্পের জন্য আমি ডিও লেটার দিয়েছি।’