‘তুমি রবে নীরবে হূদয়ে মম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা রে, পরীক্ষায় ভয়াবহ খারাপ ফল করেছো। এর জন্য তোমার মা আমাকে আচ্ছা বকাবকি করেছে। তোমাকে আমার পড়ানোর কথা থাকলেও তা সময়ের অভাবে পারিনি। কিছুদিনের মধ্যে পারব বলে তাও মনে হচ্ছে না। কারণ আমাকে একটি উপন্যাস লিখতে হবে। আর এ উপন্যাস জঙ্গলে না গিয়ে লেখা সম্ভব হবে না। তাই আমি জঙ্গলে চলে গেলাম। মন দিয়ে পড়াশোনা করবে। সবসময় মনে রেখো—লেখকের সন্তান হওয়াটা খুব কষ্টের।’ জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে তাঁরই মেয়ে শীলা আহমেদ যখন প্রয়াত বাবার স্মৃতিচারণা করছিলেন, তখন মিলনায়তনজুড়ে পিনপতন নীরবতা। গতকাল সোমবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় আয়োজিত হুমায়ূন আহমেদের স্মরণসভায় শীলা আহমেদ পিতার স্মৃতিচারণা করেন। হুমায়ূন আহমেদের আত্মীয়স্বজন ও অসংখ্য অনুরাগী আবেগ-ভালোবাসা-শোক-শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই মুহমঞ্চদ জাফর ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। আমন্ত্রিত আলোচক ছিলেন লেখক-সাংবাদিক আনিসুল হক।শীলা আহমেদ বলেন, ‘শহীদ মিনারে বাবার কফিনের পাশে যখন আমরা সব ভাই-বোন দাঁড়িয়ে ছিলাম, তখন দেখলাম, কত কত মানুষ বাবার প্রিয় কদম ফুলসহ নানা কিছু নিয়ে বাবাকে শেষ দেখা দেখতে এসেছেন। তাঁদের সবাই বাবার কফিনে হাত ছুঁয়েছেন। হাজার-লক্ষ মানুষের নিখাদ ভালোবাসার এ দৃশ্য দেখে আমাদের বুক গর্বে ভরে ওঠে। সেদিন বুঝলাম, লেখকের মেয়ে হওয়াটা অনেক সুখের ও গর্বের। কিন্তু আফসোস, আমাদের সেই অনুভূতিটুকু বাবা আর জেনে যেতে পারলেন না।’কথা শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন শীলা আহমেদ। সেই কান্না ছড়িয়ে পড়ে মিলনায়তনের হাজারো শ্রোতার মধ্যে। সবার চোখ ঝাপসা। মিলনায়তনে শ্রোতার সারিতে ছিলেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। তাঁর চোখও অশ্রুসিক্ত। এ ছাড়া লেখকের সাবেক স্ত্রী গুলতেকিন খান, মেয়ে বিপাশা আহমেদ, হুমায়ূন আহমেদের তিন বোন সুফিয়া হায়দার, রোকসানা আহমেদ, মমতাজ শহীদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।অধ্যাপক মোহামঞ্চদ ইউনুছের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন প্রয়াত লেখকের ভ্রাতৃবধূ ইয়াসমিন হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাশ, আ খ ম মাহবুজ্জামান, রোকসানা বেগম, মুহামঞ্চদ শফিকুল ইসলাম, প্রশান্ত মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ফারুক উদ্দিন। প্রধান অতিথি মো. সালেহ উদ্দিন বলেন, হুমায়ূন আহমেদ সিলেট অঞ্চলের লোকজ সংস্কৃতিকে সারা দেশে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। লোকগানের প্রতি তাঁর আকর্ষণ বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রতি আনুগত্যেরই পরিচয় বহন করে।মুহমঞ্চদ জাফর ইকবাল বক্তব্যের শুরুতে পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নানা ঘটনার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘১৯৪৮ সালের যে দিনটিতে দাদাভাইয়ের জন্ম হয়, সেদিন রানি এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লসেরও জন্ম হয়। চার্লসের জন্ম নিয়ে পত্রিকায় বড় বড় সংবাদ ছাপা হয়। সেটি দেখে আমার বাবা মন বিমর্ষ করে বাড়িতে এসে মাকে বললেন, “একই দিনে জন্ম হয়েছে। অথচ দেখলে, চার্লসকে নিয়ে কত সংবাদই না হচ্ছে। আমাদের ছেলেকে নিয়ে তা হয়নি। কিন্তু দেখো—একদিন আমাদের ছেলেও এ রকম সংবাদের নানা উপলক্ষ হবে।” বাবার সেই কথা যেন আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।’জাফর ইকবাল বলেন, ‘আমরা খুব ক্লোজ একটা পরিবার ছিলাম। আমরা মা-ভাই-বোন-সন্তানেরা মিলেমিশে সুখ-দুঃখ সব সময় ভাগাভাগি করেছি। একসময় আমাদের ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। তাঁর সন্তানদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। দাদাভাইয়ের মৃত্যুর পর আমরা পরিবারের সবাই একত্র হয়ে মিলেমিশে কষ্ট ভাগাভাগির চেষ্টা করছি।’আনিসুল হক বলেন, ‘বাংলাদেশে আগে থেকেই জোছনা ও বৃষ্টি ছিল। কিন্তু লেখার মধ্য দিয়ে সেটাকে হুমায়ূন আহমেদ তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলেছেন। আমরা তাঁর কল্যাণেই এখন জোছনা ও বৃষ্টিকে ভালোবেসে নিজেদের জীবনের অন্যতম অনুষঙ্গ করে তুলেছি। তিনি আমাদের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের বর্ণহীন জীবনকে রঙিন করেছেন।’ সঞ্চরণসভার ফাঁকে ফাঁকে শোকসংগীত পরিবেশিত হয়। এ ছাড়া হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। শুরুতেই পরিবেশিত হয় ‘তুমি রবে নীরবে হূদয়ে মম’ গানটি। এসব পরিবেশনায় অংশ নেন আবুল হোসেন, সুপ্রিয়া দাশ, প্রিয়াংকা দাশ, মামুন ও নাফিউর রহমান। শিল্পীরা ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’, ‘ও আমার উড়াল পঙ্খি রে’ ও ‘মরিলে কান্দিস না আমার দায়’সহ হুমায়ূনের বিভিন্ন পছন্দের গান পরিবেশন করেন।